• ই-পেপার

রাজবাড়ী

২ দিনের ব্যবধানে ডিমের দামে বড় লাফ, ডজন কত?

সীমান্ত সুরক্ষায় ডিমলায় বিজিবির নতুন বিওপির উদ্বোধন

নীলফামারী সংবাদদাতা
সীমান্ত সুরক্ষায় ডিমলায় বিজিবির নতুন বিওপির উদ্বোধন
ছবি: কালের কণ্ঠ

সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নীলফামারীর ডিমলা উপজেলায় নতুন একটি বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের তিস্তা নদীর তীরে ৫১ বিজিবির অধীনে নির্মিত ঝাড়সিংহেশ্বর বিওপির উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

উদ্বোধনের পর তিনি বিওপি প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, কালিগঞ্জ ও থানাহাট বিওপির মধ্যবর্তী সীমান্ত এলাকার দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। এ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, আন্তঃসীমান্ত অপরাধ দমন, চোরাচালান, মানবপাচার ও মাদকের বিস্তার প্রতিরোধ এবং বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন এ বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে সীমান্তে নজরদারি আরো জোরদার হবে।

এ সময় বিজিবি রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত হাসান, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমদানির খবরে হিলিতে কমল চালের দাম

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
আমদানির খবরে হিলিতে কমল চালের দাম
ছবি: কালের কণ্ঠ

দিনাজপুরের হিলি বাজারে সব ধরনের চালের দাম কমতে শুরু করেছে। ভারত থেকে চাল আমদানির খবরে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম ৪ থেকে ৬ টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলে আপাতত চালের দাম বাড়ার আশঙ্কা নেই।

সোমবার (৬ জুলাই) হিলি বাজার ঘুরে দেখা যায়, স্বর্ণা জাতের চাল বর্তমানে প্রতি কেজি ৪৮ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৫২ টাকা। ঊনত্রিশ (২৯) জাতের চালের দাম ৫০ টাকা থেকে কমে ৪৬ টাকায় নেমেছে। এ ছাড়া মিনিকেট চালের দাম কেজিতে ৭০ টাকা থেকে কমে বর্তমানে ৬৪ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি বাজারের চাল ব্যবসায়ী অনুপ বসাক জানান, বোরো মৌসুমে মিল মালিকদের সীমিত সরবরাহের কারণে চালের দাম বেড়ে গিয়েছিল। তবে সরকার ভারত থেকে চাল আমদানির অনুমতি দিতে যাচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর সম্ভাব্য লোকসান এড়াতে মিলাররা গুদামজাত চাল বাজারে ছাড়তে শুরু করেছেন। এতে বাজারে সরবরাহ বেড়েছে এবং পাইকারি ও খুচরা উভয় পর্যায়েই চালের দাম কমেছে।

তিনি বলেন, ‘এখন আমরা কম দামে চাল কিনতে পারছি, তাই ভোক্তাদের কাছেও কম দামে বিক্রি করছি। সরবরাহ স্বাভাবিক থাকলে দাম স্থিতিশীল থাকবে বলে আশা করছি।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

পাবনায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা
পাবনায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ছবি: কালের কণ্ঠ

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল  কার্তুজ, ম্যাগাজিন দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ জব্দ উদ্ধার করা হয়। 

সোমবার (৬ জুলাই) ভোরে ঈশ্বরদী থানার চর রূপপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পাবনা র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঈশ্বরদী থানার নতুন রূপপুর দক্ষিণপাড়া এলাকার সুপ্ত ইসলাম জীবন (২৬) ও চঞ্চল ইসলাম নীরব (২৬), চর রূপপুর বিবিসি বাজার এলাকার বাঁধন ইসলাম (২৩) ও শাকিল হোসেন (৩০)।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে পাবনা র‍্যাবের একটি আভিযানিক দল ঈশ্বরদীর চর রূপপুর এলাকায় অভিযান চলিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন ও ৫টি ম্যাগাজিন স্লাইড, ৫টি ব্যারেল, ৩টি সুইচ গিয়ার চাকু ও ১টি হাত চাপ ব্লেড, ১টি ইলেকট্রিক শুটার, ১০০টি এয়ারগান কার্তুজ, ৯টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

পাবনা র‍্যাবের কোম্পানি কমান্ডার ওয়াহিদুজ্জামান জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ তাদের পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। 

 

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি ৫০ নারী ও পুরুষ। 

গতকাল রবিবার (৫ জুলাই) রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করেন। সেখান থেকে বেনাপোল চেকপোস্ট বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেরত আসাদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ছয়জন নারী রয়েছেন। তারা দেশের যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ এবং চাঁদপুর জেলার বাসিন্দা।

ফেরত আসা ফিরোজ মাহমুদ জানান, আমরা ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতের তামিলনাড়ু গিয়েছিলাম। সেখানে বাসা-বাড়িতে, গার্মেন্টসে এবং ইটভাটায় কাজ করার সময় ভারতীয় পুলিশ আমাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের দায়ে সেখানকার আদালত তাদের ৬ থেকে ৭ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়।

তিনি আরো জানান, কারাভোগ শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে রবিবার তারা দেশে ফিরেছেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ২৫ জনকে এবং রাইট যশোর ২৫ জনকে গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের যশোর সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।