• ই-পেপার

মুন্সীগঞ্জে জামায়াতের দুই রুকন বহিষ্কার

আদমদীঘি

লাইসেন্স নবায়ন না করায় হ্যাচারি মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
লাইসেন্স নবায়ন না করায় হ্যাচারি মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা
সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘিতে মৎস্য হ্যাচারির লাইসেন্স নবায়ন না করায় দুই মৎস্য হ্যাচারি মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ ইসলাম।

জরিমানাপ্রাপ্তরা হলেন- উপজেলার কদমা গ্রামের জিতু মৎস্য হ্যাচারির মালিক মিঠু (৪২) এবং আদমদীঘি রেলস্টেশন সড়কের শাহাদৎ মৎস্য হ্যাচারির মালিক বেলাল হোসেন (৪৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স নবায়ন ছাড়াই মাছের রেণু পোনা উৎপাদন কার্যক্রম পরিচালনা করায় জিতু মৎস্য হ্যাচারির মালিক মিঠুর ৫০ হাজার টাকা এবং শাহাদৎ মৎস্য হ্যাচারির মালিক বেলালের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
 

আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ

নোয়াখালী প্রতিনিধি
আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ

নোয়াখালীর চাটখিল উপজেলার বহুল আলোচিত শিশু আসমা আক্তার (৫) হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। চার বছর ধরে চলা বিচারিক কার্যক্রম শেষে নিহত শিশুর পরিবার অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে।

সোমবার সকালে নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তারের আদালতে এ মামলার রায় ঘোষণা করা হবে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে মামলার রায় ঘোষণার তারিখ তিন দফা পরিবর্তন করে ৬ জুলাই নির্ধারণ করা হয়।

নিহত আসমা উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা মাওলানা মো. শাহজাহানের মেয়ে। মামলার একমাত্র আসামি শাহাদাত (২৬) একই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং নিহতের চাচাতো ভাই।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। ঘটনার নয় দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে আসামির তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের চাচাতো ভাই শাহাদাতকে (২৬) গ্রেপ্তার করা হয়। তদন্ত চলাকালে শাহাদাত আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, ধর্ষণের পর ঘটনা প্রকাশ হওয়ার আশঙ্কায় তিনি শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেন।

উল্লেখ্য, ঘটনার পর নোয়াখালীজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনার বিচার দাবিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আগামীকাল টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
আগামীকাল টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

গ্যাস পাইপ লাইন টাই-ইন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) দেশের কয়েকটি এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

এতে বলা হয়,  আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা জয়দেবপুর, গাজীপুর থেকে কুমুদিনী, টাঙ্গাইল পর্যন্ত ১০ ও ২০, ১৪০ পিএসআইজি লাইনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০০ ও ২০, ১৪০ পিএসআইজি এর সাথে সংযুক্ত সকল শিল্প, ক্যাপটিভ এবং সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এছাড়াও, তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

প্রবল বর্ষণে কক্সবাজারের উখিয়ায় দুইটি রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার শহরে পৃথক চারটি পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫নং জামতলী ক্যাম্পের ডি/৬ ব্লকে আশ্রিত রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসাইনের (৪৪) বসতঘরের ওপর পাহাড়ের মাটি চাপা পড়ে। এ ঘটনায় কামাল হোসাইন ও তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং তাদের ছেলে মোহাম্মদ আনাসের (৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা  বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসেরকর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। এ সময় তিনজনকে মৃত ও দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

দ্বিতীয় ঘটনাটি ঘটে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭নং রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে। রাত ১ টা ৪৫ এর দিকে পাহাড়িঢলে আসা মাটি চাপায় একরাম নামে ৭ বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়।

নিহত একরাম ওই ক্যাম্পের মোহাম্মদ রশিদের ছেলে। ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ জানান, ‘খবর পেয়ে রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরা শিশুটির মরদেহ উদ্ধার করে।’

সর্বশেষ রাত ৩ টার দিকে ক্যাম্প প্রশাসন সংশ্লিষ্ট সূত্রে উপজেলার বালুখালী ১১ নং রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকে পাহাড়ধসে নারী ও শিশুসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন ১ জন।

এ ঘটনায় নিহতরা হলেন ওই ক্যাম্পের বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে উম্মে হাবিবা (২৭) ও তার বোন তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ রিহান (০৫) ও তার ভাই হারুনুর রশিদ (০৩)।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ভারি বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করা হচ্ছে। সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

অন্যদিকে কক্সবাজার শহরের ১২ নং ওয়ার্ডের ছাত্তার ঘোনা এলাকায় পাহাড়ধসে আলী আকবর নামের একজনের মৃত্যু হয়েছে। 

সোমবার ভোররাত ৪ টার কিছু পর ছাত্তার ঘোনায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এসময় পাহাড় ধসে চাপা পড়ে একই পরিবারের তিনজন। স্থানীয়রা তিনজন উদ্ধার করে। এসময় আলী আকবরের অবস্থান আশঙ্কাজনক হলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে এবং আরো দুইদিন ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে।