• ই-পেপার

পতেঙ্গার পানি সংকট নিরসনে নেদারল্যান্ডসের সহায়তার উদ্যোগ

কেরানীগঞ্জে দর্জিকে মারধর, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে দর্জিকে মারধর, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় বিএনপি নেতা গাজী জাহাঙ্গীরের ছেলের বিরুদ্ধে আজগর আলী নামের এক দর্জিকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয়রা হামলায় গুরুতর আহত দর্জি আজগর আলীকে উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) রাত ৮টার দিকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে আজগর আলী বাসায় ফেরার জন্য আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে রিকশায় উঠতে গেলে পূর্ব শত্রুতার জেরে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য গাজী জাহাঙ্গীরের ছেলে গাজী সায়মনের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় আজগর আলীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের বড় ভাই আবু অভিযোগ করে বলেন, গাজী সায়মনের নেতৃত্বে কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে আমার ভাইকে গুরুতর আহত করে। হামলার পর থানায় অভিযোগ করলে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা গাজী জাহাঙ্গীর বলেন, আমার ছেলের সঙ্গে কিছুটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে সে কাউকে মারধর করেছে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে পরে আপনাকে জানাচ্ছি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি শুনেছি ভিকটিম মিটফোর্ড হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় এনা পরিবহনের কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় কলেজছাত্র উদ্ধার

খুলনা অফিস
খুলনায় এনা পরিবহনের কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় কলেজছাত্র উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

খুলনা মহানগরীর দৌলতপুর থানার নতুন রাস্তা এলাকায় এনা পরিবহনের একটি কাউন্টারের টয়লেট থেকে গলাকাটা অবস্থায় ইমন (২০) নামের এক কলেজছাত্রকে উদ্ধার করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় কাউন্টারের ক্যাশবাক্স থেকে টাকা লুটের অভিযোগও উঠেছে।

রবিবার (৫ জুলাই) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

আহত ইমন জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার শাহজাহান সাজুর ছেলে। তিনি খুলনা সরকারি বিএল কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং শাহজাহান সাজুর ছেলে। স্বজনদের দাবি, আজই তিনি এনা পরিবহনের ওই কাউন্টারে কর্মী হিসেবে প্রথম দিন দায়িত্ব পালন শুরু করেছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মাগরিবের নামাজের সময় কাউন্টারের অন্য কর্মীরা বাইরে গেলে ইমন একাই দায়িত্বে ছিলেন। কিছুক্ষণ পর সহকর্মীরা ফিরে এসে তাকে কাউন্টারে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কাউন্টারের টয়লেটের ভেতরে গলাকাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এনা পরিবহনের সংশ্লিষ্টদের দাবি, ঘটনার সময় কাউন্টারের ক্যাশবাক্স থেকেও টাকা চুরি হয়েছে। কাউন্টারের এক কর্মকর্তা জানান, কিছু নগদ অর্থ খোয়া গেছে। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কাজ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

হাসপাতালে উপস্থিত ইমনের মামাতো ভাই মিরাজ হোসেন বলেন, চাকরিতে যোগদানের প্রথম দিনেই এ ঘটনা ঘটেছে। কাউন্টারের একজন কর্মী নামাজ শেষে ফিরে এসে ইমনকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে টয়লেট থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তারা জানেন না।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একটি সূত্র জানায়, ইমনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদুল ইসলাম বলেন, মাগরিবের নামাজের সময় কাউন্টার ম্যানেজার মসজিদে যান। পরে ফিরে এসে ইমনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে টয়লেট থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়
ছবি: কালের কণ্ঠ

দীর্ঘ দেড় যুগ পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক (২০২৬-২৮) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত ‘বাদল-হিরু প্যানেল’ নিরঙ্কুশ জয়লাভ করেছে। সভাপতি ও সহসভাপতিসহ কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সব কটি পদেই এই প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

রবিবার (৫ জুলাই) শহরের শহীদ টিটু মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলে।

নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, চেম্বারের মোট ১ হাজার ৭৭ জন ভোটারের মধ্যে ৯৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট কাস্টের হার ৮৬ দশমিক ৩ শতাংশ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জটিলতা ছাড়াই ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ব্যালটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করেন।

সর্বশেষ ২০০৭ সালে বগুড়া চেম্বারের সরাসরি ভোট অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় বিনা ভোট বা সিলেকশনের মাধ্যমে কমিটি গঠিত হওয়ায় সাধারণ ব্যবসায়ীরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে এই ভোটের আয়োজন করা হয়।

ভোট গণনা শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাদল-হিরু প্যানেলের আতিকুর রহমান বাদল। ‘গোলাপ ফুল’ প্রতীকে তিনি পেয়েছেন ৬৯৬ ভোট। জামায়াতে ইসলামী সমর্থিত সেলিম-এরশাদ প্যানেলের সভাপতি প্রার্থী মো. সেলিম রেজা ‘ছাতা’ প্রতীকে পেয়েছেন ২২৭ ভোট। নির্বাচনে ৬টি ভোট বাতিল হয়েছে।

সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন বাদল-হিরু প্যানেলের মো. হামিদুল হক চৌধুরী হিরু। ‘আনারস’ মার্কায় তিনি সর্বোচ্চ ৭২৬ ভোট পেয়েছেন। সহসভাপতি পদের অন্য বিজয়ী মো. মামদুদুর রহমান শিপন ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৫৯১ ভোট।

কার্যনির্বাহী কমিটির পরিচালক পদের ২২ জন প্রার্থীর মধ্যে বাদল-হিরু প্যানেলের বিজয়ী ৯ জন পরিচালক ও তাদের প্রাপ্ত ভোট হলো শ্রী পরিমল চন্দ্র দাস (ফুটবল- ৫৯৬), খন্দকার মেজবাহুল হক রন্টু (দোয়েল পাখি- ৬১২), মো. আজিজার রহমান মিল্টন (উড়োজাহাজ- ৫৭৯), শাহিনুর ইসলাম সবুজ (কাপ-পিরিচ- ৫৬৯), এস এম নূর-ই আলম সিদ্দিকী পল্লব (হরিণ- ৫৫৭), মো. রাসেদুল ইসলাম (মই- ৫৫৩), মো. শফিকুল ইসলাম খোকন (দোয়াত কলম- ৫৩২), শামসুল হক বেনু (চেয়ার- ৫১২) এবং মো. মতিউর রহমান (চশমা- ৪৬৬)।

এর আগে সকালে শহীদ টিটু মিলনায়তন চত্বরে নির্বাচনী উৎসবের আমেজ দেখা যায়। ভোটাররা সুশৃঙ্খলভাবে কেন্দ্রে প্রবেশ করে ভোট দেন। এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির মোট ১২টি পদের বিপরীতে দুটি প্যানেল ও স্বতন্ত্রসহ মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। ব্যবসায়ীরা তাঁদের পছন্দের নেতৃত্ব বেছে নিয়েছেন।

স্টেশনে বাকপ্রতিবন্ধী বৃদ্ধার ওপর নৃশংস হামলা, লুট হলো আজীবনের সঞ্চয়

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
স্টেশনে বাকপ্রতিবন্ধী বৃদ্ধার ওপর নৃশংস হামলা, লুট হলো আজীবনের সঞ্চয়

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম (৭০) হামলার শিকার হয়েছেন। তাকে মারধর করে দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে মেথিকান্দা রেলস্টেশনের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ২৫ বছর ধরে ববি বেগম মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে আসছেন। তার আপনজন বলতে কেউ নেই। স্টেশনের একটি ছোট কক্ষেই ছিল তার বসবাস। বয়সের ভার আর বাকপ্রতিবন্ধকতা নিয়েই তিনি দিনের পর দিন স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করেছেন। সামান্য আয় ও যাত্রীদের সহযোগিতায় চলত তার জীবন। শনিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত তার কক্ষে ঢুকে তাকে মারধর করে। পরে তার দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। অসহায় এই বৃদ্ধার ওপর হামলা ও লুটের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, প্রায় ২৫ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে রায়পুরায় এসে মেথিকান্দা স্টেশনে পরিচ্ছন্নতার কাজ শুরু করেন ববি বেগম। বেতন না পেলেও স্টেশনের পরিচ্ছন্নতা বজায় রাখতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছিলেন। যাত্রীদের দেওয়া সামান্য সহায়তা ও নিজের সঞ্চয়েই চলছিল তার জীবন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই একজন অসহায়, বাকপ্রতিবন্ধী বৃদ্ধা পরিচ্ছন্নতা কর্মীর ওপর এমন নৃশংস হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

নরসিংদী জেলা ছাত্রদলের সহসভাপতি সৈকত আহমেদ সুমন বলেন, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুলের নির্দেশনায় উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আহত পরিচ্ছন্নতা কর্মী ববি বেগমকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ ছাড়া আরো কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভুক্তভোগী পরিচ্ছন্নতা কর্মীর পাশে দাঁড়িয়েছে এবং তার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নিয়েছে।

মেথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার এসএম জসিম বলেন, পরিচ্ছন্নতা কর্মীর ওপর হামলার বিষয়টি রেলওয়ে পুলিশ ও রায়পুরা থানা পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।