শরীয়তপুরের নড়িয়ায় ১৬ বছর বয়সী এক কিশোরী বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে মওলানা জাকির হোসেন নামে এক নিকাহ রেজিস্ট্রারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) বিকালে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ন মাদবর কান্দী এলাকায় ওই কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই কিশোরীর সঙ্গে ৩৬ বছর বয়সী এক ব্যক্তির বিয়ের আয়োজনের সত্যতা মিললে তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাস্থল থেকে বাল্যবিবাহ সম্পাদনের প্রমাণসহ একটি খসড়া রেজিস্টার খাতা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বর, তার বাবা-মা এবং স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে নিকাহ রেজিস্ট্রার মওলানা জাকির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান জানান বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এমন কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।






