• ই-পেপার

মেঘনার ভাঙন রোধে ‘ফুল ভোগ’ কথিত পীরের, ভিডিও ভাইরাল

সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭১

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭১
সংগৃহীত ছবি

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মহানগর পুলিশের পৃথক অভিযানে গত ৩২ ঘন্টায় ১৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘন্টায় আটক হন ১৪০ জন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিনতাইকারী, চোর, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছেন।

সোমবার (৮ জুন) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ৩২ ঘন্টায় এসব অভিযান চালানো হয়। মহানগর পুলিশের বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ডিবি এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩২ ঘন্টার অভিযানে মোট ১৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ১৪০ জন এবং এর আগের ৮ ঘন্টায় আরো ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিনতাইকারী, চোর, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, পরোয়ানাভুক্ত আসামি, বিনা পরোয়ানার আসামি, সন্দেহভাজন ও মেট্রো অধ্যাদেশ মোতাকে গ্রেপ্তারকৃতরাও রয়েছেন। এসব অভিযানের সময় ১৫৫ পিস ইয়াবা, ৭৫ বস্তা ভারতীয় জিরা, ২১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকার ভারতীয় ফেসওয়াশ, ক্লপ-জি ক্রিম, প্র্যাকটিন সিরাপসহ একটি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো.মনজরুল আলম। তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।’ নগরের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে মহানগর পুলিশের নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

আসামি না পেয়ে টাকা নেওয়ার অভিযোগ, এসআই প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি
আসামি না পেয়ে টাকা নেওয়ার অভিযোগ, এসআই প্রত্যাহার
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মারামারির মামলার আসামিকে ধরতে গিয়ে টাকা নেওয়ার অভিযোগে আঠারবাড়ী ইউনিয়নের রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রাজ্জাককে প্রত্যাহার করা হয়েছে। তাকে ময়মনসিংহ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সেখানে থেকে তিনি নিয়মিত হাজিরা দেবেন এবং সরকারি ডিউটি পালন করবেন। 

গত ৬ জুন ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, মারামারি মামলার আসামি বাচ্চু মিয়াকে ধরতে গত ১ জুন ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের এনায়েতনগর গ্রামে যায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও আঠারবাড়ি রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শকসহ একদল পুলিশ। পরে আসামি না পেয়ে বসত ঘরে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ঘর থেকে নগদ ২৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন আসামির স্ত্রী কমলা বেগম।

কমলা বেগমের দাবি, ঈদের আগে দুটি ছাগল বিক্রি করে পাওয়া টাকার মধ্যে ৩৪ হাজার টাকা ঘরে রাখা ছিল। এর মধ্যে ৮ হাজার ৫০০ টাকা কিস্তি দেওয়ার জন্য আলাদা করে রাখা ছিল এবং বাকি ২৫ হাজার ৫০০ টাকা কাপড়ের ভাঁজে একটি কৌটার মধ্যে রাখা ছিল। সেই টাকা হাতিয়ে নিয়েছে। তবে অভিযুক্ত এসআই আব্দুর রাজ্জাক বলেছিলেন, আসামি বাচ্চু মিয়ার স্ত্রী কমলা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশের প্রতি ক্ষিপ্ত হয়ে মিথ্যার আশ্রয় নিয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম জানান, তিনি গত রবিবার এসআই আব্দুর রাজ্জাকের প্রত্যাহারের চিঠি পেয়েছেন।
 

কেরানীগঞ্জে খেলার মাঠের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে খেলার মাঠের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার
সংগৃহীত ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অজ্ঞাতপরিচয় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের মীরেরবাগ এলাকার একটি খেলার মাঠের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে কয়েকজন পথচারী মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় নবজাতকের লাশটি পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, নবজাতকটির বয়স কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।’

চিকিৎসককে লাঞ্ছিতের প্রতিবাদে নন্দীগ্রাম হাসপাতালে সেবা বন্ধ

বগুড়া অফিস
চিকিৎসককে লাঞ্ছিতের প্রতিবাদে নন্দীগ্রাম হাসপাতালে সেবা বন্ধ
সংগৃহীত ছবি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার (৬ জুন) থেকে বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। তবে জরুরি বিভাগ ও অন্তর্বিভাগের সেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে কাহালু উপজেলার দেবখন্দ গ্রামের রুবেল আহমেদের মেয়ে মারজানা খাতুন (১২) কীটনাশক পান করলে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই সময় জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন ডা. আতিক শাহরিয়ার। তখন রোগীর চিকিৎসাকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে চিকিৎসক শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে অভিযোগ ওঠে।

ডা. আতিক শাহরিয়ার দাবি করেন, রোগীকে হাসপাতালে আনার পর তিনি তাৎক্ষণিক চিকিৎসা শুরু করেন এবং স্টমাক ওয়াশের প্রস্তুতির জন্য সহকর্মীদের ডাকেন। তবে সহকর্মীরা আসতে কিছুটা বিলম্ব হওয়ায় রোগীকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়ার পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে রোগীর স্বজনরা তাঁর ওপর চড়াও হন।

অন্যদিকে রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর দীর্ঘ সময় অপেক্ষা করলেও চিকিৎসক কার্যকর কোনো চিকিৎসা দেননি। পরে বগুড়ায় পাঠিয়ে দেওয়ার কথা বললে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনার প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শনিবার থেকে বহির্বিভাগের চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মণ্ডল বলেন, চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি বিভাগ ও অন্তর্বিভাগে রোগীদের চিকিৎসা কার্যক্রম চালু রয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদীদ হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তবে বহির্বিভাগের সেবা কবে চালু হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি।