• ই-পেপার

সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭১

ট্রান্সফরমার চুরির তদন্তে গিয়ে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

নওগাঁ প্রতিনিধি
ট্রান্সফরমার চুরির তদন্তে গিয়ে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
ছবি : কালের কণ্ঠ

নওগাঁর নিয়ামতপুরে ট্রান্সফরমার চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার (৭ জুন) রাত ১২টার দিকে উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলার বাঐল গ্রামের একটি বাড়ি থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (৮ জুন) বিকেলে নওগাঁ পুলিশ মিডিয়া সেলে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন তুলার বাঐল গ্রামের এজামুলের ছেলে হামিদুল ইসলাম (৩৫) এবং মৃত আজমুদ্দিনের ছেলে রশিদ (৪৪)।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত শনিবার পাড়ইল ইউনিয়নে একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এ ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে।

এ ঘটনায় রবিবার রাতে হামিদুল ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার তুলার বাঐল গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং অপর মাদক কারবারি রশিদকে গ্রেপ্তার করা হয়।

ফেনী টিচার্চ ট্রেনিং কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

ফেনী প্রতিনিধি
ফেনী টিচার্চ ট্রেনিং কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু
প্রতীকী ছবি

ফেনী টিচার্চ ট্রেনিং কলেজের ছাত্রী সুতিপালের (২১) রহস্যজনক মৃত্যু হয়েছে। 

রবিবার(৭ জুন) বিকেল তিনটা থেকে বিকাল পাঁচটার মধ্যে জোরারগঞ্জ থানা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস সড়কের ওপর এ ঘটনা ঘটে। 

নিহতের পরিবার জানায়, চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার হাইলদর ইউনিয়নের আনোয়ারা গ্রামের টিটু পালের কন্যা সুতিপাল ফেনী সরকারি টিচার্চ ট্রেনিং কলেজের বিএড কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে কলেজ ক্যাম্পাসে সরকারি হোস্টেলে থাকতো। রবিবার বিকালে তার এক বান্ধবী ও একই কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী রাস্তি সুলতানা তাকে তার প্রেমিক তানভীরসহ ঘুরতে যাবে বলে ডেকে নেয়। পরে জোরারগঞ্জ বাইপাস সড়কে সুতিপাল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবার খবর পেয়ে সুতিপালের মরদেহ শনাক্ত করেন। 

নিহতের বোন চেষ্টা পাল বলেন, বান্ধবী ও বান্ধবীর প্রেমিক তানভীর নামে এক যুবক বোনকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। 

ফেনী টিচার্চ ট্রেনিং কলেজের অধ্যক্ষ রমজান আলী শিকদার কালেরকন্ঠকে জানান, ওই ছাত্রী বিকালে প্রাইভেট পড়তে হোস্টেল থেকে বের হন এমনটা শুনেছি। সন্ধ্যায় জানতে পারি সে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। তবে তাকে হত্যার বিষয়ে কিছু জানা নেই।

জোরারগঞ্জ থানার ওসি মো. আবদুল হালিম কালেরকন্ঠকে জানান, চট্টগ্রাম পাঁচলাইশ থানার ওসির মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে তার পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ নিয়ে আসেননি।

পাবনায় গুলি ও ছুরিকাঘাতে দুজন খুন

পাবনা প্রতিনিধি
পাবনায় গুলি ও ছুরিকাঘাতে দুজন খুন
সংগৃহীত ছবি

পাবনায় পৃথক ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে দুজন খুন হয়েছেন। সোমবার (৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে শহরের মাসুম বাজার এলাকার জামেয়া আশরাফিয়া মাদরাসার প্রধান গেটের সামনে গুলির ঘটনা ঘটে। 

এর আগে একইদিন বিকেলে শহরের বাস টার্মিনাল এলাকায় ছুরিকাঘাতে মনিরুল ইসলাম নামের এক কলেজছাত্র নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সঞ্জয় কুমার সাহা। 

গুলিতে নিহত আলী হোসেন সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে। তিনি চরমপন্থী দল নকশালের সদস্য বলে জানিয়েছে পুলিশ। আর নিহত কলেজছাত্র মনিরুল ইসলাম সাঁথিয়া থানার শিবরামপুর পশ্চিমপাড়ার মুন্নাফ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত রাকিবকে আটক করেছে পুলিশ। রাকিব একই এলাকার আলম হুজুরের ছেলে। 

আরো পড়ুন
লক্ষ্মীপুরে শিক্ষকের ইজারা নেওয়া জমি বিএনপি নেতার দখলে

লক্ষ্মীপুরে শিক্ষকের ইজারা নেওয়া জমি বিএনপি নেতার দখলে

 

পুলিশ জানায়, আলী হোসেনের ছেলে শহরের মাসুম বাজার এলাকার জামেয়া আশরাফিয়া মাদরাসায় পড়াশোনা করে। প্রতিদিনের মতো  আজও সন্ধ্যার দিকে বাড়ি থেকে রিকশায় করে ছেলেকে মাদরাসায় নামিয়ে দিতে এসেছিলেন আলী হোসেন। তাদের বহনকারী রিকশাটি জামেয়া আশরাফিয়া মাদরাসার প্রধান গেটে এসে পৌঁছালে রিকশা থেকে নামার মুহূর্তে দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এদিকে এদিন বিকেলে শহরের বাস টার্মিনাল এলাকার পাবনা পেট্রোলিয়াম পাম্পের পেছনে নিহত মনিরুল ও রাকিবের মধ্যে ঝামেলা বাধে। এ সময় রাকিব মনিরুলকে ছুরিকাঘাতে জখম করে পাশের একটি কচুরিপানা আচ্ছাদিত পুকুরে লুকিয়ে পড়ে। পরে পুলিশ সেখান থেকে তাকে আটক করে। এদিকে মনিরুলকে আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে পাঠালে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, আমরা আলী হোসেন হত্যার ঘটনাস্থলে রয়েছি। ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভির ফুটেজে দেখা গেছে, তিনি রিকশা থেকে নামবেন—এমন সময় দুটি মোটরসাইকেলে অল্প বয়সী চার তরুণ এসে পেছন থেকে গুলি করে পালিয়ে যাচ্ছে। নিহত আলী হোসেন নকশালদের সঙ্গে চলাফেরা করত বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

আর বিকেলে কলেজছাত্র মনিরুল হত্যার কারণ এখনো জানা যায়নি। উভয় হত্যা নিয়ে পুলিশ কাজ করছে। পরে এ বিষয়গুলোতে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে তিনি জানান।  

নোয়াখালীতে তিনটি বিদেশি পিস্তলসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে তিনটি বিদেশি পিস্তলসহ যুবক আটক
সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনসহ মো. রাহিম (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে স্থাপিত একটি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটক রাহিম উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেগমগঞ্জ থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এরই অংশ হিসেবে গোপালপুর-বাংলাবাজার সড়কে একটি চেকপোস্ট বসানো হয়।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি মোটরসাইকেলে করে চেকপোস্ট অতিক্রম করার সময় রাহিমকে থামানো হয়। তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি চালায়। একপর্যায়ে তার কোমরে লুকিয়ে রাখা অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তিনটি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’