• ই-পেপার

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার জব্দের পাশাপাশি ৩ জনের কারাদণ্ড

মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে তরুণের মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে তরুণের মৃত্যু
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে ঘাস কাটার সময় বজ্রপাতে মো. রাকিব হোসেন নামে এক তরুণের মৃত্যু হয়েছে। 

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার চড়ইমুড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব ওই এলাকার মো. দুলাল হোসেনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে চড়ইমুড়ী এলাকার একটি মাঠে ঘাস কাটতে গিয়ে হঠাৎ ঝড়-বৃষ্টির কবলে পড়েন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লোহাগড়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লোহাগড়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর গ্রামে বজ্রাঘাতে মো. টিটুল খান (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (৬) বিকেল সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত টিটুল খান শালনগর গ্রামের মৃত মতি খানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে মো. টিটুল খান গরুকে পানি খাওয়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে মধুমতীর চরের দিকে যান। কিছুক্ষণ পর হঠাৎ প্রচণ্ড বৃষ্টি ও মেঘের গর্জন শুরু হয়। ধারণা করা হচ্ছে, বজ্রপাত তার খুব কাছেই পড়ে। এতে তার কানের তলা ফেটে যায় এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। বৃষ্টি থামার পর স্থানীয় লোকজন মাঠে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত

পুশ ইনে ব্যর্থ হয়ে সেই ২৮ জনকে ভারতে ফিরিয়ে নিয়েছে বিএসএফ : বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
পুশ ইনে ব্যর্থ হয়ে সেই ২৮ জনকে ভারতে ফিরিয়ে নিয়েছে বিএসএফ : বিজিবি
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে ২৮ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (৬ জুন) বিকেল ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৪ জুন ভোরে বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা ২৮ ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে।

বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয় বলে তিনি জানান। পরে ওই ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে শূন্যরেখার কাছাকাছি এলাকায় অবস্থান করছিলেন।

বিজিবির পর্যবেক্ষণে বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে ওই ব্যক্তিদের আর অবস্থান বা চলাচল দেখা যাচ্ছে না। এ অবস্থায় বিজিবি ধারণা করছে, বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৩/৬ আর দিয়ে বিএসএফের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশুকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইনের চেষ্টা করে।

জয়পুরহাটে তুচ্ছ ঘটনায় দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটে তুচ্ছ ঘটনায় দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কান্নায় লুটিয়ে পড়েছেন নিহতের স্ত্রী দীপালী মালী। ছবি : কালের কণ্ঠ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালী (৫০) নামের এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শ্যামল চন্দ্র ওই ওই এলাকার মৃত বীরেন মালির ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত হাসান আলীকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তিনি একই ইউনিয়নের পার্শ্ববর্তী ঢেকুঞ্চা বাউস্তা গ্রামের বুদা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে শ্যামল চন্দ্র কাশিড়া হাটে যাওয়ার পথে হাসান আলীর সঙ্গে তার দেখা হয়। এ সময় জমিতে ধান কাটার বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে শ্যামল হাটের দিকে রওনা দিলে কিছুক্ষণ পর হাসান আলী একটি গাছের ডাল দিয়ে তার মাথার পেছনে আঘাত করেন। এতে তিনি সড়কে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত হাসান আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিহতের ভাতিজা সুশান্ত চন্দ্র মালী প্রায় এক কিলোমিটার ধাওয়া করে তাকে আটক করেন। পরে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নিহতের মরদেহ জরুরি বিভাগের সামনে রাখা আছে। সেখানে স্ত্রী দীপালী মালীসহ স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। 

দীপালী মালী বলেন, ‘আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। আমার ছেলে-মেয়েরা আজ এতিম হয়ে গেল।’

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত হাসান আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’