নরসিংদীর রায়পুরায় মৃত্যু নিবন্ধন ও মৃত্যুর কারণ নির্ধারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ভার্বাল অটোপসি পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ জুন) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্পটির উদ্বোধন করেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।
ভার্বাল অটোপসি হলো চিকিৎসকের উপস্থিতি ছাড়া সংঘটিত মৃত্যুর সম্ভাব্য কারণ নির্ধারণের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি। এ প্রক্রিয়ায় প্রশিক্ষিত কর্মীরা মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নিয়ে রোগের লক্ষণ ও স্বাস্থ্য ইতিহাস সংগ্রহ করবেন।
সংশ্লিষ্টরা জানান, এটি কোনো পুলিশি বা আইনি তদন্ত নয়, বরং জনস্বাস্থ্য গবেষণার একটি গোপনীয় পদ্ধতি। পাইলট প্রকল্পের আওতায় রায়পুরা উপজেলা ও দুর্গম চরাঞ্চল এলাকায় জরিপ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কিত তথ্য সংগ্রহ করে স্বাস্থ্যসেবা পরিকল্পনা ও নীতি নির্ধারণে সহায়তা করা হবে।
বক্তারা বলেন, সঠিক মৃত্যুর তথ্য সংরক্ষণ করা গেলে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাপনা আরো শক্তিশালী হবে। একই সঙ্গে রোগের প্রকোপ, ঝুঁকি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্পর্কে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
এতে বক্তব্য দেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক ডা. বেলায়েত হোসেন, নরসিংদী সিভিল সার্জন ড. বুলবুল কবির, এডিসি সাজ্জাদুল হাসান, এসিন্ট্যান্ড চীপ ডা. মো. আদনান, মেডিক্যাল অফিসার তৌফিক হাসান শাওন, রায়পুরা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মাসুদ রানা, নরসিংদী উপপরিচালক এসকে শহিদুল্লাহ, রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল নাঈম।




