গাইবান্ধায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র ফাহমিদ রুমন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ভাই ফারদিন রুহিত আহত হন।
রবিবার (৬ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার ত্রিমোহনী এলাকার পেয়ারাপুরে এ ঘটনা ঘটে। নিহত গাইবান্ধা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র ফাহমিদ রুমন ও আহত তার সহোদর ফারদিন রুহিত ওই এলাকার মৃত ফারুক ইসলামের ছেলে।
চিকিৎসাধীন আহত ফারদিন রুহিত জানান, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী ছানা মিয়ার সঙ্গে তাদের বিরোধ চলছিল। সম্প্রতি তারা আমিন দিয়ে পরিমাপ করে তাদের বাড়ির সীমানা নির্ধারণ করে নেন। নির্ধারিত সীমানায় দেয়াল তুলতে গেলে প্রতিবেশী ছানা মিয়া বাধা দেন এবং তার মা ও ছোট ভাই রুমনকে মারধর করে।
স্থানীয়রা জানান, গার্মেন্টস কর্মী রুহিত ঢাকা থেকে ফিরে রবিবার কেউ নাকি রাতে ছানা মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তার ছেলে রাকিব রুহিত ও রুমনকে ছুরিকাঘাত করে। আশেপাশের লোকজন গুরুতর আহত দুই ভাইকে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফাহমিদ রুমনকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে দুই পক্ষের দুজন আহত।




