• ই-পেপার

মাদরাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক করে নির্দেশনা

আর্জেন্টিনা-মিসরের ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ১০

মাভাবিপ্রবি প্রতিনিধি
আর্জেন্টিনা-মিসরের ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ১০
ছবি: কালের কণ্ঠ

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখা কেন্দ্র করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথম একাডেমিক ভবনের জানালার কাচ ও সামনের ফুলের টব ভাঙচুর করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে খেলা শুরুর আগে বসার স্থান নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পর আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে এফটিএনএস ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে।

এসময় তৃতীয় একাডেমিক ভবনের পাশে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আইসিটি বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় একাডেমিক ভবনের সামনে এবং এফটিএনএস ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা জননেতা আব্দুল মান্নান হলের সামনে অবস্থান নেন। পরে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা বিভাগে ফিরে গেলেও রাত আনুমানিক ১টার দিকে প্রথম একাডেমিক ভবনে আইসিটি, এফটিএনএস, পরিসংখ্যান ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ভবনের জানালার কাচ ও সামনের ফুলের টব ভাঙচুর করা হয়। রাত আনুমানিক ৩টার দিকে প্রক্টরিয়াল বডি ও বিভিন্ন বিভাগের শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পর্যন্ত আহত সাত শিক্ষার্থী টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গুরুতর আহত একজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুল কুদ্দুস আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনির মোর্শেদ বলেন, ‘একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি ও শিক্ষকরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’

তিনি আরো বলেন, ‘উপাচার্য মহোদয় এবং এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। বর্তমানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনে ৪ বিশ্ববিদ্যালয়ে জাবির উপ-কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনে ৪ বিশ্ববিদ্যালয়ে জাবির উপ-কমিটি
ছবি: কালের কণ্ঠ

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা বাস্তবায়নে তথ্য সংগ্রহের লক্ষ্যে দেশের চার বিভাগীয় শহরের চারটি বিশ্ববিদ্যালয়ে পৃথক চারটি উপ-কমিটি গঠন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে গ্রহণের বিষয়ে গঠিত বাস্তবায়ন কমিটির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনের পদ্ধতি, ব্যবস্থাপনা ও সার্বিক অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য পৃথক চারটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত উপ-কমিটিতে রয়েছেন জাবির প্রো-ভিসি (শিক্ষা), আইবিএ-জেইউর পরিচালক এবং আইআইটির পরিচালক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-কমিটিতে রয়েছেন প্রো-ভিসি (প্রশাসন), জীববিজ্ঞান অনুষদের ডিন, আইসিএলসির পরিচালক এবং পরীক্ষা নিয়ন্ত্রক।

‎এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত উপ-কমিটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন। অন্যদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত উপ-কমিটিতে রয়েছেন কলা ও মানবিকী অনুষদের ডিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং আইন অনুষদের ডিন।

অফিস আদেশে আরো বলা হয়, তথ্য সংগ্রহের সুবিধার্থে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা-সংক্রান্ত জরুরি জিজ্ঞাসা সম্বলিত একটি নমুনা প্রশ্নমালা উপ-কমিটিগুলোর কাছে পাঠানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

গত বছর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জাবির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানান, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই এবার তথ্য সংগ্রহে চারটি বিশ্ববিদ্যালয়ে উপ-কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের প্রেক্ষাপটে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গতকাল দুপুরে শিক্ষকদের নিয়ে যেসব বাস শহরে গিয়েছিল সেগুলো জলাবদ্ধতায় বিভিন্ন স্থানে আটকা পড়ে। সকাল পর্যন্ত বাসগুলো ক্যাম্পাসে ফিরতে পারেনি। অধিকাংশ শিক্ষক শহরে অবস্থান করায় তারা ক্যাম্পাসে আসতে পারেননি। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজকের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

চট্টগ্রাম বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
সংগৃহীত ছবি

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

তবে দেশের অন্য সব শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ১টার পর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ব্যতীত দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষা যথারীতি চলবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।