গত দুই দিন ধরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রুহুল আমিন মোস্তফা (২৪) নিখোঁজ রয়েছেন। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বালাপাড়া গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, রুহুল আমিন কিছুদিন ধরে মানসিকভাবে বিষণ্ণতা (ডিপ্রেশন) ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত ১১ জুন সকাল আনুমানিক ১১টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এর পর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি এবং বর্তমানে কেউ তার সম্পর্কে কোনো তথ্য দিতে পারছেন না।
নিখোঁজ রুহুল আমিনের উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং গায়ের রং ফরসা। নিখোঁজের সময় তার পরনে সাদা গেঞ্জি ও লুঙ্গি পরিহিত ছিল। পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, তার শারীরিক ও মানসিক অবস্থার কারণে তিনি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন।
রুহুল আমিনের বাবা মো. রহিম ইসলাম বলেন, ‘আমার ছেলে কয়েক দিন ধরে অসুস্থ ছিল এবং মানসিকভাবেও কিছুটা ভেঙে পড়েছিল। গত ১১ জুন সকাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েছি, কিন্তু কোনো সন্ধান মেলেনি। একজন বাবা হিসেবে আমি খুবই উদ্বিগ্ন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার ছেলের খোঁজ পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।’
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ হওয়ার পরপরই বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে এবং নীলফামারীর কিশোরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এদিকে রুহুল আমিনের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, শিক্ষক, আত্মীয়-স্বজন এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সন্ধান চেয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করা হচ্ছে।
রুহুল আমিনের সহপাঠীরা জানান, গত ১০ জুন রুহুল আমিনের অনার্স শেষ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন। তবে পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট পর হঠাৎ শারীরিক অসুস্থতা ও অস্বস্তি অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে বাড়িতে নিয়ে যান। পরদিন সকাল আনুমানিক ১১টার দিকে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এর পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবার জানিয়েছে।





