পুলিশ সম্প্রতি রাজধানী ঢাকার মিরপুরের এক বাসা থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম নামের এক নারী তথা এক মায়ের মরদেহ উদ্ধার করে। সেই বাসার ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, ওই নারীর ঘরসহ পুরো ফ্ল্যাটের অবস্থা অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর। এককথায়, বাসাটি বসবাসের অনুপযোগী। ফুটেজে দেখা যায়, নূরজাহান বেগমের ডান চোখে সাদা ফাঙ্গাসের মতো অবস্থার সৃষ্টি হয়েছে। আর পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই নারীর মৃত্যু হয়তো আরো কয়েক দিন আগেই হয়েছে এবং মরদেহ উদ্ধারের সময় তাতে পোকার অস্তিত্ব দেখা গেছে। বিভিন্ন গণমাধ্যমসূত্রে বলা হয়, ওই নারীর সন্তানদের মধ্যে এক ছেলে সরকারের যুগ্ম সচিব, এক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় এক স্কুলে শিক্ষকতা করেন। এখন প্রশ্ন হচ্ছে, ঘরের ভেতরে একজন প্রবীণ নারী তথা তথাকথিত উচ্চশিক্ষিত এবং সমাজে সুপ্রতিষ্ঠিত সন্তানদের মা যেভাবে মারা গেলেন, তা কি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে? নিশ্চয় না। আর এ ধরনের মৃত্যু কি করুণ এবং অমানবিক মৃত্যু নয়? মেধাবী, উচ্চশিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত হলেই যে কেউ ‘প্রকৃত মানুষ’ হতে পারে না—মিরপুরের এই ঘটনা চোখে আঙুল দিয়ে আমাদের সমাজকে দেখিয়ে দিল, বুঝিয়ে দিল। অর্থাৎ উচ্চশিক্ষিত হয়ে সুপ্রতিষ্ঠিত হওয়া আর মানুষ হওয়া আলাদা বিষয়। পাশাপাশি এই ঘটনার দ্বারা প্রতীয়মান হয়, আজকাল অনেক মানুষ এতটাই আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে যে নিজের গর্ভধারিণী মায়ের ভরণ-পোষণ দিতে চায় না, এমনকি খোঁজখবর পর্যন্ত রাখতে চায় না। এর চেয়ে অমানবিক ও দুঃখজনক বিষয় একজন মায়ের জন্য আর কী হতে পারে?
মিরপুরের এই বিষয়টি নিয়ে এরই মধ্যে গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্র আলোচনার জন্ম দেয়। সামাজিক মাধ্যমে অনেককেই ওই নারীর সন্তানদের ছবি ও প্রোফাইল প্রকাশপূর্বক তাঁদের প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করতে দেখা যাচ্ছে। অভিযোগ উঠেছে, মৃত ওই মায়ের সন্তানরা ‘উচ্চশিক্ষিত’ ও সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত হলেও তাঁদের বৃদ্ধা মায়ের যথাযথ দেখাশোনা করেননি। আবার অনেকেই ওই মায়ের সন্তানদের চাকরিচ্যুত করে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন। এদিকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে এরই মধ্যে আদালতে রিট হয়েছে। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মো. শরীফ সরকার এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র (১৯৪৮) অনুযায়ী, নূরজাহান বেগমের মৌলিক অধিকার কিংবা মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কি না, তা নিশ্চিতে জাতীয় মানবাধিকার কমিশনের মাধ্যমে তদন্তের নির্দেশনাও চাওয়া হয়েছে ওই রিটে। আর এই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশনা চাওয়া হয়েছে। অন্যদিকে এ ঘটনায় নূরজাহান বেগমের যে ছেলে সচিব, তাঁকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে সরকারের পক্ষ থেকে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নূরজাহান বেগম নামের ওই মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধারসংক্রান্ত বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর এখন আলোচনায় এসেছে মা-বাবার ভরণ-পোষণ সংক্রান্ত আইনটি, যা ‘পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩’ নামে পরিচিত, যদিও এই আইনের ব্যবহার আমাদের দেশে খুবই কম দেখা যায়। আইনটির ৩ নম্বর ধারায় বলা হয়েছে, ‘প্রত্যেক সন্তানকে তাঁর মা-বাবার ভরণপোষণ নিশ্চিত করতে হবে এবং একাধিক সন্তান থাকলে প্রত্যেককে আলাপ-আলোচনার ভিত্তিতে ভরণপোষণ নিশ্চিত করতে হবে।’ পাশাপাশি ওই আইনে বলা হয়েছে, কোনো সন্তান তাঁর মা-বাবাকে অথবা উভয়কে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধাশ্রম কিংবা অন্য কোথাও একত্রে কিংবা আলাদাভাবে বাস করতে বাধ্য করতে পারবেন না। সন্তানরা তাঁদের মা-বাবার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখবেন, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরিচর্যা করবেন। তা ছাড়া মা-বাবাকে নিয়মিত সঙ্গ প্রদান করার কথাও বলা হয়েছে ওই আইনে। এই আইনে বলা হয়, কোনো সন্তানের স্ত্রী, ছেলেমেয়ে বা অন্য কোনো নিকটাত্মীয় যদি বৃদ্ধ মা-বাবার প্রতি সন্তানকে দায়িত্ব পালনে বাধা দেন, তাহলে তাঁরাও একই অপরাধে অপরাধী হবেন, তাঁদেরও এই আইনের অধীন শাস্তির আওতায় আনা যাবে। আইনটির ৩(৭) ধারায় বলা হয়, কোনো মা বা বাবা কিংবা উভয়ে সন্তানদের সঙ্গে বসবাস না করে আলাদাভাবে বসবাস করলে ওই মা বা বাবার প্রত্যেক সন্তান তাঁর প্রতিদিনের আয়-রোজগার, মাসিক আয় বা বার্ষিক আয় থেকে যুক্তিসংগত পরিমাণ অর্থ মা বা বাবা বা ক্ষেত্রমতে দুজনকেই নিয়মিত প্রদান করনেব। কোনো ব্যক্তি মা-বাবার ভরণ-পোষণ আইন অমান্য করলে প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বিচার করা যাবে মা বা বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে। আইনটির ৫(১) ধারায় বলা হয়েছে, যদি কোনো প্রবীণ তাঁর সন্তানদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আনেন এবং সেই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁরা এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত হবেন। আর যদি কোন মা-বাবার সন্তান বেঁচে না থাকেন বা ভরণ-পোষণের মতো কেউ না থাকেন, সে ক্ষেত্রে মা-বাবা ভরণ-পোষণ কমিটি (সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গঠিত) তাঁদের বিধিমালা অনুযায়ী সরকারি বা বেসরকারি পরিচালিত পরিচর্যাকেন্দ্রে রেখে পরিচর্যার ব্যবস্থা করতে পারে।
মিরপুরের ওই মা নিশ্চয়ই অন্যান্য মায়ের মতোই অনেক কষ্ট করে, অনেক যত্ন নিয়ে তাঁর সন্তানদের বড় করেছিলেন। সেই সন্তানরা আজ উচ্চশিক্ষিত ও সমাজে সুপ্রতিষ্ঠিত। অথচ তাঁরা মায়ের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেননি, যা দুঃখজনক। তবে ব্যতিক্রম হিসেবে অনেক ক্ষেত্রে দেখা যায়, মা-বাবার সঙ্গে সন্তানের দূরত্বে অনেকেই একতরফা সন্তানকে দায়ী করেন। দায় যে তাঁদের নেই, সেটি নয়। তবে পরিস্থিতি অনেক সময় সবার অনুকূলে না-ও থাকতে পারে। বৃদ্ধ বয়সে মা-বাবার শারীরিক বিভিন্ন সমস্যার পাশাপাশি মানসিক নানা ধরনেরও সমস্যা দেখা দেয় এবং তাঁরা অনেক ক্ষেত্রেই সিজোফ্রেনিয়া রোগীর মতো আচরণ করেন। অনেকেই মা-বাবাকে যতটা সম্ভব দূরে রাখতে চান, আবার অনেকেই মা-বাবাকে কাছে রাখতে চেয়েও তাঁদের নিজের দীর্ঘদিনের গড়ে তোলা গণ্ডি ছাড়তে চান না, যেখানে সন্তানদেরও কিছু করার থাকে না। তবে এ কথা ধ্রুব সত্য যে পৃথিবীর প্রত্যেক মা-ই নিজে অনেক কষ্ট করে, খেয়ে না খেয়ে সন্তান লালন-পালন করে বড় করেন, শিক্ষিত করেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের অনেকেই মানুষের মতো মানুষ হতে পারেন না। বলা বাহুল্য, মা-বাবা বার্ধক্যে পৌঁছলে তাঁদের সেবা-যত্ন ও ভালোভাবে দেখভাল করা প্রত্যেক সন্তানেরই নৈতিক দায়িত্ব। কিন্তু বাস্তবতা ভিন্ন হয় অনেক সময়। আর এটি আমাদের সমাজের বাস্তব চিত্র যে বৃদ্ধ বয়সে অনেক মা-বাবাই অনেক কষ্টে জীবন যাপন করেন। এ ধরনের অমানবিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটাতে শুধু সরকারি-বেসরকারি উদ্যোগে বৃদ্ধাশ্রম গড়ে তোলাসহ মা-বাবার ভরণ-পোষণ সংক্রান্ত আইন প্রণয়ন ও প্রয়োগই যথেষ্ট নয়, বরং এই অবস্থার সার্বিক ইতিবাচক পরিবর্তন ঘটাতে সর্বাগ্রে প্রয়োজন ধর্মীয়, নৈতিক ও পারিবারিক শিক্ষার প্রসার এবং মানবিকতার বিকাশ ঘটানো; প্রয়োজন আত্মকেন্দ্রিকতা পরিহার করা, মা-বাবার প্রতি সন্তানদের ভালোবাসা বজায় থাকা ও বজায় রাখাসহ তাঁদের দেখাশোনা করার মতো সত্যিকারের মনমানসিকতা বিদ্যমান থাকা অত্যাবশ্যক। সর্বোপরি মা-বাবার দেখভাল ও ভরণ-পোষণের ক্ষেত্রে প্রত্যেক সন্তানের উচিত নিজের বিবেক ও নৈতিকবোধকে জাগ্রত করা, মানবিকতার প্রকাশ করা। অন্যথায় মিরপুরের ওই ঘটনার মতো ভবিষ্যতেও যে আরো অনেক ঘটনাই সমাজে ঘটতে থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
লেখক : অধ্যাপক (আইন বিভাগ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি




