• ই-পেপার

রিজার্ভে ডলার নয়, সোনা হোক অগ্রাধিকার...

  • অজেয় রোহিতাশ্ব আল্-কাযী

এক মায়ের করুণ মৃত্যু, আইন এবং মানবিকতা

ড. কুদরাত-ই-খুদা বাবু

এক মায়ের করুণ মৃত্যু, আইন এবং মানবিকতা

পুলিশ সম্প্রতি রাজধানী ঢাকার মিরপুরের এক বাসা থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম নামের এক নারী তথা এক মায়ের মরদেহ উদ্ধার করে। সেই বাসার ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, ওই নারীর ঘরসহ পুরো ফ্ল্যাটের অবস্থা অত্যন্ত নোংরা এবং অস্বাস্থ্যকর। এককথায়, বাসাটি বসবাসের অনুপযোগী। ফুটেজে দেখা যায়, নূরজাহান বেগমের ডান চোখে সাদা ফাঙ্গাসের মতো অবস্থার সৃষ্টি হয়েছে। আর পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই নারীর মৃত্যু হয়তো আরো কয়েক দিন আগেই হয়েছে এবং মরদেহ উদ্ধারের সময় তাতে পোকার অস্তিত্ব দেখা গেছে। বিভিন্ন গণমাধ্যমসূত্রে বলা হয়, ওই নারীর সন্তানদের মধ্যে এক ছেলে সরকারের যুগ্ম সচিব, এক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় এক স্কুলে শিক্ষকতা করেন। এখন প্রশ্ন হচ্ছে, ঘরের ভেতরে একজন প্রবীণ নারী তথা তথাকথিত উচ্চশিক্ষিত এবং সমাজে সুপ্রতিষ্ঠিত সন্তানদের মা যেভাবে মারা গেলেন, তা কি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে? নিশ্চয় না। আর এ ধরনের মৃত্যু কি করুণ এবং অমানবিক মৃত্যু নয়? মেধাবী, উচ্চশিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত হলেই যে কেউ প্রকৃত মানুষ হতে পারে নামিরপুরের এই ঘটনা চোখে আঙুল দিয়ে আমাদের সমাজকে দেখিয়ে দিল, বুঝিয়ে দিল। অর্থাৎ উচ্চশিক্ষিত হয়ে সুপ্রতিষ্ঠিত হওয়া আর মানুষ হওয়া আলাদা বিষয়। পাশাপাশি এই ঘটনার দ্বারা প্রতীয়মান হয়, আজকাল অনেক মানুষ এতটাই আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে যে নিজের গর্ভধারিণী মায়ের ভরণ-পোষণ দিতে চায় না, এমনকি খোঁজখবর পর্যন্ত রাখতে চায় না। এর চেয়ে অমানবিক ও দুঃখজনক বিষয় একজন মায়ের জন্য আর কী হতে পারে?

মিরপুরের এই বিষয়টি নিয়ে এরই মধ্যে গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্র আলোচনার জন্ম দেয়। সামাজিক মাধ্যমে অনেককেই ওই নারীর সন্তানদের ছবি ও প্রোফাইল প্রকাশপূর্বক তাঁদের প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করতে দেখা যাচ্ছে। অভিযোগ উঠেছে, মৃত ওই মায়ের সন্তানরা উচ্চশিক্ষিত ও সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত হলেও তাঁদের বৃদ্ধা মায়ের যথাযথ দেখাশোনা করেননি। আবার অনেকেই ওই মায়ের সন্তানদের চাকরিচ্যুত করে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন। এদিকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে এরই মধ্যে আদালতে রিট হয়েছে। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মো. শরীফ সরকার এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র (১৯৪৮) অনুযায়ী, নূরজাহান বেগমের মৌলিক অধিকার কিংবা মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কি না, তা নিশ্চিতে জাতীয় মানবাধিকার কমিশনের মাধ্যমে তদন্তের নির্দেশনাও চাওয়া হয়েছে ওই রিটে। আর এই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশনা চাওয়া হয়েছে। অন্যদিকে এ ঘটনায় নূরজাহান বেগমের যে ছেলে সচিব, তাঁকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে সরকারের পক্ষ থেকে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

নূরজাহান বেগম নামের ওই মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধারসংক্রান্ত বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর এখন আলোচনায় এসেছে মা-বাবার ভরণ-পোষণ সংক্রান্ত আইনটি, যা পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩ নামে পরিচিত, যদিও এই আইনের ব্যবহার আমাদের দেশে খুবই কম দেখা যায়। আইনটির ৩ নম্বর ধারায় বলা হয়েছে, প্রত্যেক সন্তানকে তাঁর মা-বাবার ভরণপোষণ নিশ্চিত করতে হবে এবং একাধিক সন্তান থাকলে প্রত্যেককে আলাপ-আলোচনার ভিত্তিতে ভরণপোষণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ওই আইনে বলা হয়েছে, কোনো সন্তান তাঁর মা-বাবাকে অথবা উভয়কে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধাশ্রম কিংবা অন্য কোথাও একত্রে কিংবা আলাদাভাবে বাস করতে বাধ্য করতে পারবেন না। সন্তানরা তাঁদের মা-বাবার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখবেন, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরিচর্যা করবেন। তা ছাড়া মা-বাবাকে নিয়মিত সঙ্গ প্রদান করার কথাও বলা হয়েছে ওই আইনে। এই আইনে বলা হয়, কোনো সন্তানের স্ত্রী, ছেলেমেয়ে বা অন্য কোনো নিকটাত্মীয় যদি বৃদ্ধ মা-বাবার প্রতি সন্তানকে দায়িত্ব পালনে বাধা দেন, তাহলে তাঁরাও একই অপরাধে অপরাধী হবেন, তাঁদেরও এই আইনের অধীন শাস্তির আওতায় আনা যাবে। আইনটির ৩(৭) ধারায় বলা হয়, কোনো মা বা বাবা কিংবা উভয়ে সন্তানদের সঙ্গে বসবাস না করে আলাদাভাবে বসবাস করলে ওই মা বা বাবার প্রত্যেক সন্তান তাঁর প্রতিদিনের আয়-রোজগার, মাসিক আয় বা বার্ষিক আয় থেকে যুক্তিসংগত পরিমাণ অর্থ মা বা বাবা বা ক্ষেত্রমতে দুজনকেই নিয়মিত প্রদান করনেব। কোনো ব্যক্তি মা-বাবার ভরণ-পোষণ আইন অমান্য করলে প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বিচার করা যাবে মা বা বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে। আইনটির ৫(১) ধারায় বলা হয়েছে, যদি কোনো প্রবীণ তাঁর সন্তানদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আনেন এবং সেই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁরা এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত হবেন। আর যদি কোন মা-বাবার সন্তান বেঁচে না থাকেন বা ভরণ-পোষণের মতো কেউ না থাকেন, সে ক্ষেত্রে মা-বাবা ভরণ-পোষণ কমিটি (সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গঠিত) তাঁদের বিধিমালা অনুযায়ী সরকারি বা বেসরকারি পরিচালিত পরিচর্যাকেন্দ্রে রেখে পরিচর্যার ব্যবস্থা করতে পারে।

মিরপুরের ওই মা নিশ্চয়ই অন্যান্য মায়ের মতোই অনেক কষ্ট করে, অনেক যত্ন নিয়ে তাঁর সন্তানদের বড় করেছিলেন। সেই সন্তানরা আজ উচ্চশিক্ষিত ও সমাজে সুপ্রতিষ্ঠিত। অথচ তাঁরা মায়ের প্রতি যথাযথ দায়িত্ব পালন করেননি, যা দুঃখজনক। তবে ব্যতিক্রম হিসেবে অনেক ক্ষেত্রে দেখা যায়, মা-বাবার সঙ্গে সন্তানের দূরত্বে অনেকেই একতরফা সন্তানকে দায়ী করেন। দায় যে তাঁদের নেই, সেটি নয়। তবে পরিস্থিতি অনেক সময় সবার অনুকূলে না-ও থাকতে পারে। বৃদ্ধ বয়সে মা-বাবার শারীরিক বিভিন্ন সমস্যার পাশাপাশি মানসিক নানা ধরনেরও সমস্যা দেখা দেয় এবং তাঁরা অনেক ক্ষেত্রেই সিজোফ্রেনিয়া রোগীর মতো আচরণ করেন। অনেকেই মা-বাবাকে যতটা সম্ভব দূরে রাখতে চান, আবার অনেকেই মা-বাবাকে কাছে রাখতে চেয়েও তাঁদের নিজের দীর্ঘদিনের গড়ে তোলা গণ্ডি ছাড়তে চান না, যেখানে সন্তানদেরও কিছু করার থাকে না। তবে এ কথা ধ্রুব সত্য যে পৃথিবীর প্রত্যেক মা-ই নিজে অনেক কষ্ট করে, খেয়ে না খেয়ে সন্তান লালন-পালন করে বড় করেন, শিক্ষিত করেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের অনেকেই মানুষের মতো মানুষ হতে পারেন না। বলা বাহুল্য, মা-বাবা বার্ধক্যে পৌঁছলে তাঁদের সেবা-যত্ন ও ভালোভাবে দেখভাল করা প্রত্যেক সন্তানেরই নৈতিক দায়িত্ব। কিন্তু বাস্তবতা ভিন্ন হয় অনেক সময়। আর এটি আমাদের সমাজের বাস্তব চিত্র যে বৃদ্ধ বয়সে অনেক মা-বাবাই অনেক কষ্টে জীবন যাপন করেন। এ ধরনের অমানবিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটাতে শুধু সরকারি-বেসরকারি উদ্যোগে বৃদ্ধাশ্রম গড়ে তোলাসহ মা-বাবার ভরণ-পোষণ সংক্রান্ত আইন প্রণয়ন ও প্রয়োগই যথেষ্ট নয়, বরং এই অবস্থার সার্বিক ইতিবাচক পরিবর্তন ঘটাতে সর্বাগ্রে প্রয়োজন ধর্মীয়, নৈতিক ও পারিবারিক শিক্ষার প্রসার এবং মানবিকতার বিকাশ ঘটানো; প্রয়োজন আত্মকেন্দ্রিকতা পরিহার করা, মা-বাবার প্রতি সন্তানদের ভালোবাসা বজায় থাকা ও বজায় রাখাসহ তাঁদের দেখাশোনা করার মতো সত্যিকারের মনমানসিকতা বিদ্যমান থাকা অত্যাবশ্যক। সর্বোপরি মা-বাবার দেখভাল ও ভরণ-পোষণের ক্ষেত্রে প্রত্যেক সন্তানের উচিত নিজের বিবেক ও নৈতিকবোধকে জাগ্রত করা, মানবিকতার প্রকাশ করা। অন্যথায় মিরপুরের ওই ঘটনার মতো ভবিষ্যতেও যে আরো অনেক ঘটনাই সমাজে ঘটতে থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

লেখক : অধ্যাপক (আইন বিভাগ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ব্যাংকের লভ্যাংশ প্রদানের শর্ত পুনর্বিবেচনা প্রয়োজন

নিরঞ্জন রায়

ব্যাংকের লভ্যাংশ প্রদানের শর্ত পুনর্বিবেচনা প্রয়োজন

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকের লভ্যাংশ প্রদানের ব্যাপারে একটি সার্কুলার জারি করেছে, যা মেনে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের শেয়ার মালিকদের জন্য লভ্যাংশ প্রদান করতে পারবে। সার্কুলারের শর্ত অনুযায়ী যেসব ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ দুই হাজার কোটি টাকা বা তার বেশি, শুধু সেসব ব্যাংকই লভ্যাংশ প্রদান করতে পারবে। একই সার্কুলারে নগদ লভ্যাংশ প্রদানের ব্যাপারে শর্ত দেওয়া আছে এবং সে অনুযায়ী যেসব ব্যাংকের লভ্যাংশ প্রদানের সক্ষমতা আছে, তারাও সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত নগদ লভ্যাংশ প্রদান করতে পারবে। অর্থাৎ বাকি ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড হিসেবে প্রদান করতে হবে। বাংলাদেশ ব্যাংক যে সময় ব্যাংকের লভ্যাংশ প্রদান সংক্রান্ত সার্কুলারটি জারি করছে, তখন দেশের ব্যাংকিং খাত ও পুঁজিবাজার, বিশেষ করে স্টক মার্কেট যারপরনাই খারাপ অবস্থায় আছে। তবে এই সার্কুলার জারির অন্তর্নিহিত উদ্দেশ্য কি দেশের ব্যাংকিং খাতকে শক্তিশালী করা, নাকি স্টক মার্কেটে গতি আনা, তা আমাদের কাছে পরিষ্কার নয়।

লভ্যাংশ ঘোষণা ব্যাংকের একটি নিজস্ব কার্যক্রম, যা আর্টিকলস অব অ্যাসোসিয়েশনের বিধান অনুযায়ী পরিচালনা পর্ষদের নিজস্ব এখতিয়ার। এখানে কেন্দ্রীয় ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থার কিছু করার থাকে না। অবশ্য কেন্দ্রীয় ব্যাংক মূলধন-ভিত্তি বাড়ানোর জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাধ্য করতে পারে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে বাংলাদেশ ব্যাংককে কেন বাণিজ্যিক ব্যাংকের লভ্যাংশ প্রদানের ব্যাপারে সার্কুলার ইস্যু করতে হলো? উত্তর একটিই, তা হচ্ছে ব্যাংকের পরিচালনা পর্ষদের করপোরেট দায়িত্ব পালনে ব্যর্থতা। আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংক এমন অনেক পদক্ষেপ গ্রহণ করে, যা তাদের করার কথা নয়। একইভাবে বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং সিনিয়র ম্যানেজমেন্ট অনেক পদক্ষেপ নিতে পারে না, যা তাদের একান্তভাবে করার কথা। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো যদি নিজে থেকে তাদের মূলধন-ভিত্তি বৃদ্ধি করত এবং ব্যাংককে একটি শক্ত অবস্থানের ওপর দাঁড় করাতে পারত, তাহলে বাংলাদেশ ব্যাংককে আজ এ রকম সার্কুলার জারি করতে হতো না।

ব্যাংকের লভ্যাংশ প্রদানের শর্ত পুনর্বিবেচনা প্রয়োজনবাংলাদেশ ব্যাংক হয়তো দেশের ব্যাংকিং ও পুঁজিবাজার উভয় খাতের স্বার্থ রক্ষার বিষয়টি বিবেচনা করেই লভ্যাংশ প্রদান সংক্রান্ত সার্কুলার জারি করেছে। কিন্তু সার্কুলারে বর্ণিত শর্তগুলো কিভাবে কাজ করবে, তা আমরা বুঝে উঠতে পারছি না। কেননা লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে ব্যাংকের দুই হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন সংরক্ষণের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু শুধু মূলধন একটি ব্যাংকের প্রকৃত অবস্থা তুলে ধরে না। মূলধন হচ্ছে কয়েকটি উপাদানের একটি, যার মাধ্যমে ব্যাংকের প্রকৃত অবস্থা জানা যায়। যেমনমূলধন-সঞ্চয় অনুপাত, মোট সম্পদের পরিমাণ, সম্পদের গুণগত মান, খেলাপি ঋণের পরিমাণ এবং ঋণ-আমানত অনুপাত। এসব উপাদান এবং পরিশোধিত মূলধন বিবেচনায় নিয়েই একটি ব্যাংক ভালো, না মন্দসেটি নির্ণয় করা হয়। সার্কুলারে লভ্যাংশ প্রদানের শর্ত হিসেবে পরিশোধিত মূলধনের যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তাতে দেখা যাবে যে অনেক ভালো ব্যাংকও লভ্যাংশ প্রদান করতে পারছে না, আবার অনেক খারাপ ব্যাংকও লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিতে পারবে। বিষয়টি একটু জটিল মনে হতে পারে। তাই একটি কাল্পনিক উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারে।

ধরা যাক, আলফা ব্যাংকের মোট আমানতের পরিমাণ ৩০ হাজার কোটি টাকা, মোট ঋণের পরিমাণ ২৫ হাজার কোটি টাকা, খেলাপি ঋণের পরিমাণ আট হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দুই হাজার কোটি টাকা। পক্ষান্তরে বেটা ব্যাংকের মোট আমানতের পরিমাণ ১৫ হাজার কোটি টাকা, মোট ঋণের পরিমাণ ১২ হাজার কোটি টাকা, খেলাপি ঋণের পরিমাণ ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ এক হাজার ৮০০ কোটি টাকা। উদাহরণে ব্যবহৃত তথ্য অনুযায়ী আলফা ব্যাংকের অবস্থা বেশ খারাপ। কেননা তাদের মূলধন-আমানতের অনুপাত মাত্র ৭ শতাংশ, খেলাপি ঋণ ৩২ শতাংশ, ঋণ-আমানতের অনুপাত ৮৪ শতাংশ। পক্ষান্তরে বেটা ব্যাংক যথেষ্ট ভালো অবস্থানে আছে। কেননা তাদের মূলধন-আমানতের অনুপাত ১২ শতাংশ, খেলাপি ঋণ ৪ শতাংশ এবং ঋণ-আমানতের অনুপাত ৮০ শতাংশ। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের শর্ত অনুযায়ী আলফা ব্যাংক খারাপ অবস্থায় থেকে লভ্যাংশ প্রদান করতে পারলেও বেটা ব্যাংক যথেষ্ট ভালো অবস্থায় থেকে লভ্যাংশ প্রদান করতে পারবে না। তা ছাড়া ব্যাসেল-তিন অনুযায়ী একটি ব্যাংকের মূলধনের পরিমাণ নির্ধারণ করা হয় সেই ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের পরিমাণের ওপর ভিত্তি করে। সে কারণে ঢালাওভাবে দুই হাজার কোটি টাকার মূলধন সংরক্ষণের শর্ত ব্যাসেল-তিন পরিপালনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

একইভাবে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের যে শর্ত, তা-ও কতটা কার্যকর হবে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে ৫০ শতাংশ লভ্যাংশ প্রদানের শর্ত থাকায় ব্যাংকের তারল্য সংরক্ষণের ওপর চাপ কমবে এবং সেই সঙ্গে দেশে বিনিয়োগকারীদের কিছুটা লাভ হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, ব্যংকের লভ্যাংশ প্রদানের ফলে সবচেয়ে বেশি লাভবান হন পরিচালনা পর্ষদের সদস্যরা এবং বৃহৎ বিনিয়োগকারী। ক্ষুদ্র বিনিয়োগকারীরা খুব সামান্য সুবিধাই পেয়ে থাকেন। শেয়ার মালিকানা বিশ্লেষণ করলে দেখা যায় যে ব্যাংকের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ শেয়ার মালিকানা থাকে পরিচালনা পর্ষদের সদস্য ও বৃহৎ বিনিয়োগকারীদের দখলে। মাত্র ২০ থেকে ৩০ শতাংশ শেয়ার থাকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাতে। ফলে ব্যাংক যদি এক হাজার কোটি টাকার নগদ লভ্যাংশ প্রদান করে, তার মধ্যে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা চলে যায় পরিচালনা পর্ষদের সদস্য ও বৃহৎ বিনিয়োগকারীদের কাছে এবং মাত্র ২০০ থেকে ৩০০ কোটি টাকা যায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে। অথচ এই লভ্যাংশ প্রদানের কারণে ব্যাংকের মূলধন ও রিজার্ভের পরিমাণ এক হাজার কোটি টাকা হ্রাস পায়।

বাংলাদেশ ব্যাংক সার্কুলারটি এমন এক সময় জারি করেছে, যখন দেশের ব্যাংকিং খাত নানা রকম সমস্যায় জর্জরিত। অনেক ব্যাংক অস্তিত্বের সংকটে আছে। অনেক ব্যাংক আমানতকারীদের চাহিদা মোতাবেক অর্থ ফেরত দিতে পারছে না, যা দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। অনেক ব্যাংক ব্যবসায়ীদের ঋণ প্রদান করা বন্ধ করে দিয়েছে। এমনকি অনুমোদন করা ঋণও বিতরণ করতে পারছে না। ফলে ব্যবসায়ীরা মারাত্মক সমস্যার মধ্যে আছেন। প্রভিশন ও মূলধন ঘাটতি অনেক ব্যাংকের লাগাতার সমস্যায় পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপযুক্ত বিকল্প চিন্তা না করে জোরপূর্বক কয়েকটি ব্যাংককে একীভূত করার ফলে কাজের কাজ তো কিছুই হয়নি, উল্টো সমস্যা আরো জটিল হয়েছে।

সবকিছু মিলিয়ে দেশের ব্যাংকিং খাত সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে পড়ে আছে, যেখান থেকে উত্তরণের উদ্যোগ নেওয়া অপরিহার্য। আর এই উদ্যোগের অন্যতম পন্থা হচ্ছে ব্যাংকের মূলধন বৃদ্ধি করা। ঐতিহাসিকভাবে ব্যাংকের মূলধন-ভিত্তি যদি শক্ত থাকে, তাহলে ব্যাংক যেকোনো প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারে। এ কারণে বিশ্বের কোথাও কোনো ব্যাংকের সমস্যা হলে প্রথমেই মূলধন বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। ২০০৮ সালে আমেরিকার সাবপ্রাইম মর্টগেজ কেলেঙ্কারির কারণে উন্নত বিশ্বের ব্যাংকিং খাতের সমস্যা এবং কয়েক বছর আগে ক্রেডিট সুইস ও সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হওয়ার কারণে ব্যাংকিং খাতে যে সমস্যা দেখা দিয়েছিল, সেখানেও ব্যাংকের মূলধন বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। ব্যাসেল-তিনে যে ব্যাংকের মূলধন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে, তার উদ্দেশ্য হচ্ছে ব্যাংকগুলো যেন প্রতিকূলতা কাটিয়ে টিকে থাকতে পারে, তা নিশ্চিত করা। লভ্যাংশ প্রদানের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার ইস্যু করেছে, তা দেশের ব্যাংকিং খাতের মূলধন-ভিত্তি আরো দুর্বল করবে। তাই বাংলাদেশ ব্যাংকের উচিত সার্কুলারটি পুনর্বিবেচনা করে এমন সিদ্ধান্ত গ্রহণ করা, যাতে ব্যাংকের মূলধন, রিজার্ভ ও প্রভিশন বৃদ্ধি পায়।

লেখক : সার্টিফায়েড অ্যান্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট ও ব্যাংকার, টরন্টো, কানাডা

শ্রেষ্ঠত্বের বিতর্ক নয়, বিশ্ববিদ্যালয়ে প্রয়োজন মানসম্পন্ন গবেষণা

মেজর (অব.) এ কে এম শাকিল নেওয়াজ

শ্রেষ্ঠত্বের বিতর্ক নয়, বিশ্ববিদ্যালয়ে প্রয়োজন মানসম্পন্ন গবেষণা

সাম্প্রতিক সময়ে একজন রাজনৈতিক নেতা (মন্ত্রী) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের মধ্যে যে বক্তব্য ও পাল্টাবক্তব্য জনসমক্ষে এসেছে, তা আমাদের সবাইকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বিষয়টি শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে মতপার্থক্যের নয়, বরং এটি আমাদের সেই প্রতিষ্ঠানগুলোর মান, মূল্যবোধ ও পেশাগত সংস্কৃতি নিয়ে ভাবার সুযোগ করে দিয়েছে, যেখান থেকে ভবিষ্যতের আমলা, গবেষক, শিক্ষক, নীতিনির্ধারক এবং রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয়। ব্যক্তিগত মন্তব্য বা কোন বিশ্ববিদ্যালয় কোনটির চেয়ে শ্রেষ্ঠএই বিতর্কে সময় ব্যয় না করে আমাদের আরো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করা উচিতগবেষণা, উদ্ভাবন এবং জাতীয় উন্নয়নে অবদানের ক্ষেত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান অবস্থান কোথায়?

খোলামেলা একটি পর্যবেক্ষণ শেয়ার করতে চাই। বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান, গবেষণা অবকাঠামো এবং উদ্ভাবনব্যবস্থা এখনো এমন পর্যায়ে পৌঁছেনি, যা দেশের বড় বড় জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারে। এর প্রতিফলন আমরা দেখতে পাই অর্থনীতি, পরিবেশ, জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতে গবেষণাভিত্তিক সমাধানের তুলনামূলক স্বল্প উপস্থিতিতে।

এখানে একটি মৌলিক প্রশ্ন উঠে আসেগবেষণার প্রকৃত উদ্দেশ্য কী? গবেষণা শুধু একাডেমিক ডিগ্রি অর্জন, প্রকাশনার সংখ্যা বৃদ্ধি, পদোন্নতি লাভ বা বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং উন্নত করার জন্য হওয়া উচিত নয়। গবেষণার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত এমন জ্ঞান সৃষ্টি করা, যা বাস্তব সমস্যার সমাধান দেয় এবং জাতীয় উন্নয়নে সরাসরি বা পরোক্ষভাবে অবদান রাখে।

একটি কার্যকর গবেষণা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে, পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে, প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে পারে, দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি করতে পারে, জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে পারে, জাতীয় নিরাপত্তা শক্তিশালী করতে পারে এবং শিক্ষার মান উন্নত করতে পারে। আমরা কি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আমাদের দেশে পরিচালিত উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা জাতীয় পর্যায়ে এসব খাতে দৃশ্যমান পরিবর্তন এনে দিয়েছে? এই প্রশ্নের সৎ উত্তর খুঁজে বের করা নীতিনির্ধারক, শিক্ষাবিদ, গবেষক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবার দায়িত্ব।

বিশ্বের বিভিন্ন দেশ বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন এবং জাতীয় সক্ষমতা উন্নয়নে কৌশলগত বিনিয়োগের মাধ্যমে নিজেদের শক্তিশালী করেছে। গবেষণা ও উদ্ভাবনকে কেন্দ্র করে তারা অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করেছে, জাতীয় নিরাপত্তা জোরদার করেছে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। এ থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে।

সুতরাং মূল আলোচনার বিষয় হওয়া উচিত নয় কোন বিশ্ববিদ্যালয় কোনটির চেয়ে ভালো। প্রকৃত চ্যালেঞ্জ হলোকিভাবে আমরা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গবেষণা সংস্কৃতি গড়ে তুলতে পারি, যা একই সঙ্গে দেশের বাস্তব প্রয়োজন ও জাতীয় অগ্রাধিকারের প্রতি সংবেদনশীল থাকবে। প্রতিটি গবেষণা প্রকল্পকে শুধু একাডেমিক মানদণ্ডে নয়, বরং সমাজ ও দেশের উন্নয়নে তার প্রত্যক্ষ বা পরোক্ষ অবদানের ভিত্তিতেও মূল্যায়ন করা প্রয়োজন।

আজ যখন বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ড্রোন প্রযুক্তি, রোবটিকস, সাইবার নিরাপত্তা, উন্নত উৎপাদন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীলতা, বায়োটেকনোলজি এবং মহাকাশসংশ্লিষ্ট প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকেও উদ্ভাবনের অগ্রভাগে অবস্থান নিতে হবে।

গবেষণার অগ্রাধিকার নির্ধারণ করতে হবে ভবিষ্যতের জাতীয় চাহিদা এবং উদীয়মান বৈশ্বিক প্রযুক্তির আলোকে। একই সঙ্গে স্থানীয় সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করাও গবেষণার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত। বাংলাদেশে মেধাবী শিক্ষার্থী, দক্ষ শিক্ষক, প্রতিশ্রুতিশীল গবেষক এবং বিপুল বুদ্ধিবৃত্তিক সম্ভাবনার কোনো অভাব নেই। প্রয়োজন একটি শক্তিশালী গবেষণা পরিবেশ, যেখানে থাকবে পর্যাপ্ত অর্থায়ন, আন্তর্জাতিক মানের গবেষণাগার, শিল্প-শিক্ষা প্রতিষ্ঠান সহযোগিতা, আন্তর্জাতিক অংশীদারি, মেধাভিত্তিক গবেষণা প্রণোদনা এবং দীর্ঘমেয়াদি জাতীয় গবেষণা ভিশন।

সব শেষে আমাদের উচিত কোন বিশ্ববিদ্যালয় সেরাএই বিতর্ক থেকে বেরিয়ে এসে কিভাবে দেশের সব বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের গবেষণাপ্রতিষ্ঠানে রূপান্তর করা যায়, সেদিকে মনোযোগ দেওয়া। একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত মূল্যায়ন তার ঐতিহ্য বা খ্যাতির মাধ্যমে নয়, বরং তার গবেষণা, উদ্ভাবন এবং গ্র্যাজুয়েটরা দেশের অর্থনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, শিক্ষা, পরিবেশ ও জনগণের জীবনমান উন্নয়নে কতটুকু অবদান রাখছে, তার মাধ্যমে হওয়া উচিত। যেদিন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এমন গবেষণা সৃষ্টি করবে, যা জাতীয় সমস্যার সমাধান করবে, নতুন শিল্প গড়ে তুলবে, নিরাপত্তা শক্তিশালী করবে, পরিবেশ রক্ষা করবে, শিক্ষার মান উন্নত করবে এবং মানুষের জীবনকে আরো সমৃদ্ধ করবেসেদিন কোন বিশ্ববিদ্যালয় বড় বা ছোট, সেই বিতর্ক নিজে থেকেই গুরুত্ব হারাবে। কারণ তখন যুক্তি নয়, ফলাফলই সবচেয়ে জোরালো ভাষায় কথা বলবে।

লেখক : অ্যাজাঙ্কট ফ্যাকাল্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই বিশ্ববিদ্যালয় ও বিইউপি

জাপান : সমৃদ্ধির আড়ালে কি এক নীরব শূন্যতা

সোহেল আহমেদ

জাপান : সমৃদ্ধির আড়ালে কি এক নীরব শূন্যতা

২০২৫ সালের অক্টোবর মাসে জাপান সফরের আগে আমি দেশটি সম্পর্কে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। বই পড়েছি, ইউটিউব ডকুমেন্টারি দেখেছি, ওয়েবসাইট ঘেঁটেছি এবং জাপানফেরত বন্ধুদের সঙ্গে কথা বলেছি। ফলে জাপানে পৌঁছানোর আগে আমার মনে একটি বিশেষ চিত্র তৈরি হয়েছিলউন্নত প্রযুক্তি, উচ্চশিক্ষার হার, সুশৃঙ্খল নাগরিক জীবন এবং সমৃদ্ধ সংস্কৃতির এক অনন্য দেশ।

বাস্তবে গিয়ে আমি এসবের প্রায় সবই দেখেছি। পরিচ্ছন্ন রাস্তা, সময়ানুবর্তী ট্রেন, কর্মনিষ্ঠ মানুষ, উন্নত অবকাঠামো এবং সামাজিক শৃঙ্খলা সত্যি প্রশংসনীয়। কিন্তু এর পাশাপাশি এমন একটি অনুভূতি আমাকে তাড়া করেছে, যা হয়তো অনেক পর্যটকের চোখ এড়িয়ে যায়। আমার মনে হয়েছে, জাপানের বহু মানুষের মধ্যে যেন এক ধরনের নীরব ক্লান্তি, চাপা একাকিত্ব এবং অদৃশ্য শূন্যতা কাজ করছে।

টোকিওর ট্রেনে আমি দেখেছি অফিসগামী নারী-পুরুষ। অনেকে ট্রেনে বসেই সাজগোজ করছেন, কেউ মোবাইলে ব্যস্ত, কেউ চোখ বন্ধ করে বসে আছেন। তাঁদের মুখে হাসি কম, কথাবার্তা কম। একজন বাংলাদেশি হিসেবে, যেখানে মানুষ সহজে কথা বলে, হাসে এবং সম্পর্ক গড়ে তোলে, সেখানে এই দৃশ্য আমার কাছে কিছুটা যান্ত্রিক মনে হয়েছে।

এক রবিবার টোকিওর একটি উন্মুক্ত বাজারে গিয়ে আমি আরো অবাক হয়েছি। শহরের শিক্ষিত ও মধ্যবিত্ত নাগরিকরা ছোট ছোট স্টল বসিয়ে নিজেদের তৈরি পণ্য বিক্রি করছেনকেউ কাঠের তৈরি চশমা, কেউ হাতে বানানো স্টিকার, কেউ নিজস্ব রেসিপির খাবার, কেউ শিল্পকর্ম। প্রথমে আমার মনে প্রশ্ন জেগেছিলএটি কি অতিরিক্ত আয়ের প্রয়োজন, নাকি জীবনের অর্থ খোঁজার একটি প্রচেষ্টা? তবে বিষয়টি একপক্ষীয় নয়। জাপান বিশ্বের অন্যতম উচ্চ সাক্ষরতার দেশ। তাদের সাহিত্যচর্চার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। হাইকু কবিতা, উপন্যাস, নাটক, শিল্পকলা এবং সংগীত আজও জাপানি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। জাপান থেকে নোবেলজয়ী সাহিত্যিকও এসেছে। স্কুলে সাহিত্য শিক্ষা বাধ্যতামূলক এবং বই পড়ার সংস্কৃতি এখনো বিদ্যমান।

তাহলে আমি যে অনুভূতি পেয়েছি, সেটি কী? আমার মনে হয়, সেটি অর্থনৈতিক দারিদ্র্য নয়, বরং আধুনিক নগরজীবনের একটি পার্শ্বপ্রতিক্রিয়া। দীর্ঘ কর্মঘণ্টা, প্রতিযোগিতা, কম জন্মহার, একাকী জীবন এবং ব্যক্তিকেন্দ্রিক সমাজব্যবস্থা অনেক মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে তুলতে পারে। প্রযুক্তি ও অর্থনৈতিক উন্নতি মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য আনতে পারে, কিন্তু সব সময় মানসিক প্রশান্তি নিশ্চিত করতে পারে না।

আমি বিশ্বাস করি, একজন প্রকৌশলী, স্থপতি, চিকিৎসক বা প্রশাসকযে-ই হোন না কেন, তাঁর সাহিত্য, ইতিহাস, দর্শন ও সংস্কৃতির সঙ্গে পরিচয় থাকা জরুরি। প্রযুক্তি মানুষকে দক্ষ করে, কিন্তু সাহিত্য মানুষকে মানুষ করে। গণিত মস্তিষ্ককে শাণিত করে, কিন্তু কবিতা হৃদয়কে জাগ্রত করে। উন্নত সমাজ গঠনের জন্য উভয়েরই প্রয়োজন।

তাই জাপান সফর শেষে আমার উপলব্ধি হলো, শুধু অর্থনৈতিক উন্নতি নয়, মানুষের অন্তর্জগতের বিকাশও সমান গুরুত্বপূর্ণ। একটি জাতি তখনই পূর্ণতা পায়, যখন তার প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি তার মানুষের মনও সমৃদ্ধ হয়। তবে ন্যায়সংগতভাবে বলতে হয়, একজন বিদেশি পর্যটকের কয়েক দিনের অভিজ্ঞতা দিয়ে পুরো জাপানি সমাজকে বিচার করা যায় না। আমি যা দেখেছি, তা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ। অন্য কেউ হয়তো একই জাপানে গিয়ে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা অর্জন করবেন। কিন্তু ভ্রমণের সৌন্দর্য এখানেইএটি শুধু নতুন দেশ দেখায় না, আমাদের নিজেদের সমাজ ও মূল্যবোধকেও নতুন করে ভাবতে শেখায়।

লেখক : আলোকচিত্রী ও গণমাধ্যমকর্মী