• ই-পেপার

সংক্ষিপ্ত

অভিযানে গিয়ে চুরি চারজন কারাগারে

শ্বাসনালি কেটে শিশু হত্যা, রায় কাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শ্বাসনালি কেটে শিশু হত্যা, রায় কাল

সীতাকুণ্ডে পাহাড়ি এলাকায় আট বছর বয়সী শিশু ইরা হত্যা মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করবেন আদালত। হত্যাকাণ্ডের চার মাসের মাথায় আলোচিত এই মামলার রায় হতে চলেছে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ৭ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আব্বাস হোসেন বলেন, গত বৃহস্পতিবার যুক্তিতর্ক শেষে আদালত মঙ্গলবার রায়ের জন্য দিন নির্ধারণ করেছেন। মামলার একমাত্র আসামি বাবু শেখ (৪৫) আদালতে ৩০ জুন সাফাই সাক্ষ্য দিয়েছেন। নিহত ইরার বাড়ি ছোটকুমিরা মাস্টারপাড়ায়। সে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। বাবু শেখ ছিল তাদের প্রতিবেশী।

 

 

 

মায়ের কাছ থেকে টাকা নিতে ছেলের অপহরণ নাটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
মায়ের কাছ থেকে টাকা নিতে ছেলের অপহরণ নাটক

ময়মনসিংহের ভালুকায় আত্মগোপনে থেকে মায়ের কাছ থেকে টাকা আদায়ের কৌশল হিসেবে অপহরণ নাটক সাজিয়েছিলেন হাফিজুল। শিশুপুত্রকে নিয়ে আত্মগোপনে যাওয়ার ১১ দিন পর গত শনিবার রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর এলাকা থেকে হাফিজুল ও তাঁর শিশুপুত্রকে উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে হাফিজুল জানান, তিনি ঋণগ্রস্ত, ঋণের টাকা পরিশোধের জন্য মায়ের কাছ থেকে ৫০ হাজার টাকা আদায়ের কৌশল হিসেবে তিনি আটক ও মুক্তিপণের নাটক সাজিয়েছিলেন।

জানা যায়, গত ২৩ জুন দুপুরে হাফিজুল তাঁর ১১ বছর বয়সী শিশুপুত্র ইব্রাহিমকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন। এর পর থেকে তাঁর মোবাইল বন্ধ ছিল। একই দিন রাত ৯টার দিকে হাফিজুলের মোবাইল থেকে পরিবারকে জানানো হয়, ‘তাঁকে অজ্ঞাত স্থানে আটক রাখা হয়েছে।’ এরপর অন্য একটি নম্বর থেকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হাফিজুলকে হত্যার হুমকিও দেওয়া হয়। ওই ঘটনায় হাফিজুলের ছোট ভাই মো. মিলন ফকির বাদী হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ করেন। পরে হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর এলাকা থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এমপি জিন্নাহ কবীরের

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এমপি জিন্নাহ কবীরের
মানিকগঞ্জের শিবালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এস এ জিন্নাহ কবীর

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। গতকাল রবিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ ও স্থানীয়দের মধ্যে চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় এমপি জিন্নাহ কবীর বলেন, ‘আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে মানিকগঞ্জ-১ আসনের শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।’ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিব ইকবাল রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

ট্রলারে বিস্ফোরণে দগ্ধ প্রকৌশলীরও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ট্রলারে বিস্ফোরণে দগ্ধ প্রকৌশলীরও মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা ফিশিং ট্রলার এফবি দেশ-এর ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গ্রিজার মো. রুবেল ও শাহ আলমের পর মারা
গেলেন প্রকৌশলী আশিকুজ্জামান তামিম। তাঁর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। গত শনিবার দিবাগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তামিমের মৃত্যু হয়।

ফিশিং ট্রলার এফভি দেশ সাগর থেকে মাছ শিকার করে ২৯ জুন দুপুর আড়াইটায় কর্ণফুলীতে নোঙর করে। ৩০ জুন দুপুর পৌনে ১টার দিকে ইঞ্জিন কক্ষে বিস্ফোরণ ঘটে।  সেদিন ঢাকা নেওয়ার পথে দগ্ধ গ্রিজার মো. রুবেল ও শাহ আলম মারা যান।