আরবরা ইসমাঈল (আ.)-কে আবুল আরব এবং নিজেদের ইবরাহিম (আ.)-এর অনুসারী দাবি করত; কিন্তু রাসুলুল্লাহ (সা.)-এর আগমনের সময় তারা ইবরাহিম ও ইসমাঈল (আ.)-এর তাওহিদ বা একত্ববাদের বিশ্বাস ও শিক্ষার ওপর অবিচল ছিল না। মুহাম্মদ (সা.)-এর নবুয়তপ্রাপ্তির আগে আরব উপদ্বীপের প্রধান প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর পরিচয় তুলে ধরা হলো—
মূর্তিপূজা
ইসলামপূর্ব যুগে আরব উপদ্বীপে সর্বাধিক প্রচলিত ধর্ম ছিল মূর্তিপূজা। যদিও মক্কায় একদল একেশ্বরবাদী মানুষ ছিল, যারা দ্বিনে হানিফের অনুসারী হিসেবে পরিচিত ছিল। আরবের মুশরিকরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত, কিন্তু তাঁর নৈকট্য লাভের মাধ্যম হিসেবে পাথর, কাঠ ও ধাতু দিয়ে নির্মিত দেব-দেবীর পূজা করত। আল্লাহর প্রতি তাদের এই বিশ্বাস ছিল ইবরাহিম ও ইসমাঈল (আ.)-এর ধর্মের অবশিষ্টাংশ এবং আরবের প্রাচীন নগরী যেমন মাদায়িনে সালিহ, আদ ও সামুদের এলাকায় অবতীর্ণ আসমানি ধর্মগুলোর উত্তরাধিকার। কিন্তু পরবর্তীকালে তাওহিদের এই বিশুদ্ধ আকিদা বিকৃত হয়ে যায়। তার জায়গায় মূর্তি ও নানা কুসংস্কারের উপাসনা ছড়িয়ে পড়ে, যা আরব উপদ্বীপের পার্শ্ববর্তী প্রাচীন সভ্যতাগুলো যেমন—আসিরীয়, ব্যাবিলনীয়, সুমেরীয়, আমোরীয় ও আমোরাইটদের মধ্যে প্রচলিত ছিল।
আরবরা তখন লাত, মানাত, উজ্জা, হুবাল, সুওয়া ও ওয়াদ্দ-এর মতো দেব-দেবীর পূজা করত। পাশাপাশি তারা পূর্বপুরুষদের পবিত্র মনে করত, বিভিন্ন প্রাণীর পূজা করত এবং নক্ষত্র, সূর্য, চন্দ্র, দাবরান, সুরাইয়া ও শিরা নক্ষত্রমণ্ডলীর উপাসনা করত। তারা জিন, ফেরেশতা ও অগ্নিরও উপাসনা করত। বেশির ভাগই নবুয়ত ও মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করত না। তাদের সমাজে গণক, জ্যোতিষী ও জাদুকরদের প্রভাব ছিল প্রবল এবং নানা পৌরাণিক কাহিনি ও কুসংস্কার ব্যাপকভাবে প্রচলিত ছিল।
আরবে মূর্তিপূজার জন্য নির্দিষ্ট উপাসনালয়ও ছিল। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল পবিত্র কাবাঘর। মুশরিকরা কাবাঘরের চারপাশে ৩৬০টি মূর্তি স্থাপন করে। হজের জন্য আসা বিভিন্ন গোত্র এসব মূর্তির পূজা করত এবং তাদের উদ্দেশ্যে কোরবানি ও মানত পেশ করত।
ইহুদি ধর্ম
আরব উপদ্বীপে সীমিতভাবে প্রচলিত অন্যান্য ধর্মের মধ্যে অন্যতম ছিল ইহুদি ধর্ম। ইয়াসরিবের কয়েকটি গোত্র, ইয়েমেন ও ইয়ামামার কিছু ব্যক্তি এই ধর্ম অনুসরণ করত। তারা ধর্মীয় সাহিত্য রচনায় হিব্রু ও আরামীয় ভাষা ব্যবহার করলেও দৈনন্দিন জীবনে আরবি ভাষায় কথা বলত। আরব সমাজের প্রভাবে তারা আরবদের অনেক রীতি-নীতি গ্রহণ করেছিল এবং আরবি নামও ব্যবহার করত। তাদের নিজস্ব শিক্ষাকেন্দ্র ছিল, যেখানে তারা তাওরাত, মিশনা ও তালমুদ অধ্যয়ন করত। এসব প্রতিষ্ঠান একই সঙ্গে উপাসনালয়, প্রার্থনার স্থান এবং ধর্মীয় আলোচনার কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো। তারা জাদুবিদ্যায় লিপ্ত ছিল, শনিবার কাজ করাকে নিষিদ্ধ মনে করত, আশুরার রোজা পালন করত এবং ইহুদি ধর্মীয় উৎসবগুলো যথাযথভাবে পালন করত।
খ্রিস্ট ধর্ম
আরব উপদ্বীপে সীমিতভাবে বিস্তার লাভ করা আরেকটি ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম। খ্রিস্টান সন্ন্যাসী, ব্যবসায়ী এবং খ্রিস্টান দেশ থেকে আসা দাসদের মাধ্যমে এই ধর্ম আরব ভূখণ্ডে প্রবেশ করে। বাইজেন্টাইন সাম্রাজ্যও খ্রিস্ট ধর্ম প্রচারে উৎসাহ দিত। কেননা এর মাধ্যমে তারা রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ পেত। শাম ও ইরাক অঞ্চল থেকে দাওমাতুল জান্দাল, আইলা, কিছু সীমান্তবর্তী অঞ্চল এবং মক্কা, ইয়াসরিব ও তায়েফের কিছু ব্যক্তি, বিশেষত আহাবিশ গোত্রের লোকজন ও দাসদের মধ্যে খ্রিস্ট ধর্মের মতবাদ ছড়িয়ে পড়ে।
তবে আরব উপদ্বীপে খ্রিস্ট ধর্মের প্রধান কেন্দ্র ছিল ইয়েমেন, বিশেষ করে নাজরান। এ ছাড়া সীমিত আকারে বাহরাইন, কাতার ও হাজর অঞ্চলেও এর বিস্তার ঘটে। প্রাচ্যের খ্রিস্টানদের মধ্যে ধর্ম ও জ্ঞানের ভাষা ছিল আরামীয়। তবে ওয়ারাকা ইবন নওফলের ঘটনার মতো কিছু সূত্র থেকে জানা যায়, সে সময় আরবি ভাষায়ও ইনজিল লেখা হতো।
মাজুসি ধর্ম
ইরান থেকে মাজুসি (অগ্নিপূজারি) ধর্মও আরবের কিছু অঞ্চলে পৌঁছেছিল। তারা মূলত অগ্নি উপাসনা করত। প্রতিবেশী হওয়ায় হিরায় এ ধর্মের প্রভাব ছিল সবচেয়ে বেশি। আবার ইয়েমেনে আবিসিনীয়দের বিতাড়িত করতে পারস্যের সামরিক অভিযান পরিচালিত হওয়ার ফলে সেখানে মাজুসি ধর্মের বিস্তার ঘটে। হাদরামাউত ও আরব উপদ্বীপের পূর্বাঞ্চলের আরো কিছু এলাকায়ও ইরানের নিকটবর্তী হওয়ার কারণে এর সীমিত প্রভাব দেখা যায়।
সাবেয়ি ধর্ম
সাবেয়ি ধর্মের অনুসারীরা মূলত ইরাক ও হাররান অঞ্চলে সীমিত সংখ্যায় বসবাস করত। মক্কা ও তায়েফে সাবা শব্দটি ধর্মত্যাগের অর্থে ব্যবহৃত হতো। মুশরিকরা ইসলাম গ্রহণকারী মুসলমানদের ব্যঙ্গ করে সাবিয়ি বলত, কারণ তারা শিরক ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছিল। এরাই ছিল ইসলাম আবির্ভাবের সময় আরব উপদ্বীপের প্রধান প্রধান ধর্মীয় জনগোষ্ঠী।
তথ্যঋণ : নবীয়ে রহমত ও আর-রাহিকুল মাখতুম