শিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জনের লক্ষ্যে সরকারের তরফ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও মাঠ পর্যায়ে এসবের যথাযথ বাস্তবায়ন হয় না। একই অভিযোগ উঠেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং প্রকল্পেও। শিশুদের ঝরে পড়া রোধ, পাঠের প্রতি আগ্রহ এবং পুষ্টি নিশ্চিত করতে সরকার পাঁচ হাজার ৪৫২ কোটি টাকার প্রকল্পটি গ্রহণ করে। কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, দিনের পর দিন এই খুদে শিক্ষার্থীদের মানহীন খাবার দেওয়া হচ্ছে, কোথাও খাবারই দেওয়া হচ্ছে না; আবার কোথাও কম দেওয়া হচ্ছে।
কালের কণ্ঠ জানিয়েছে, ময়মনসিংহের গৌরীপুরের ১৭৭টি স্কুলে এক মাস ধরে খাবার যাচ্ছে না। নেত্রকোনা সদর উপজেলার স্কুলগুলোয় পাঠানো হচ্ছে ১০ ভাগের এক ভাগ খাবার। কোথাও কোথাও পচা কলা, বাসি পাউরুটি-ডিম দেওয়ার অভিযোগ উঠেছে। এসব খাবার খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার খবরও পাওয়া গেছে। কিন্তু পরিতাপের বিষয় হলো, এর জন্য দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শিশুদের খাবার নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে প্রায় কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, মাঠ পর্যায়ে এসব অনিয়মের তথ্য পর্যন্ত নেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে । প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘কোনো স্কুলে খাবার না পৌঁছানো বা কম পৌঁছানোর তথ্য আমাদের কাছে নেই।’ অথচ গৌরীপুরের নওপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক জানিয়েছেন, গত ৭ জুন আমাদের স্কুল খুললেও কোনো খাবার আসছে না।’
দেখা যাচ্ছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার ঠিকই টাকা ঢালছে; কিন্তু শিক্ষার্থীরা সুফল পাচ্ছে না। সেই অর্থ লোপাট করছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কালের কণ্ঠকে বলেন, ‘কোনো স্কুলে যদি মানহীন খাবার দেওয়া হয় বা কোথাও যদি খাবার না পৌঁছায়, তাহলে আমরা সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেব।’ আমরা তাঁর কথার প্রতিফলন দেখতে চাই।
প্রাথমিক পর্যায়ের শিক্ষা একটি জাতির মূল ভিত। এখানে মানসম্পন্ন শিক্ষা একটি দেশকে বহুদূর এগিয়ে নিতে পারে। কাজেই এ পর্যায়ে অনিয়ম, অব্যবস্থাপনা রোধে কঠোর নজরদারি থাকা দরকার। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

