• ই-পেপার

টিভিতে

ফিফার নজিরবিহীন সিদ্ধান্তে খেলবেন বালোগান

ফিফার নজিরবিহীন সিদ্ধান্তে খেলবেন বালোগান
ফোলারিন বালোগান

ক্রীড়া প্রতিবেদক : চলমান বিশ্বকাপে শেষ বত্রিশের লড়াইয়ে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। তাঁর অপরাধ লাল কার্ড পাওয়ার মতো ছিল কি না, তা নিয়ে বিশ্বব্যাপী অনেক বিতর্কই হয়ে গেছে এর মধ্যে। আয়োজক যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এই সিদ্ধান্ত বদলাতে আপিলের কথা জানানো হয়। যদিও তাতে কাজ হওয়ার কথা ছিল না। কারণ ফিফার শৃঙ্খলা কমিটি থেকেও নিশ্চিত করা হয়েছিল যে নিয়ম অনুসারে পরের ম্যাচে খেলার কোনো সুযোগই নেই বালোগানের। কিন্তু সেই ফিফাই এখন নিয়েছে নজিরবিহীন এক ‘ইউ টার্ন’! বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাই এক ম্যাচের নিষেধাজ্ঞায় এক বছরের স্থগিতাদেশ দিয়ে আজ বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে নামার সুযোগ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা খেলোয়াড়কে। 

রেফারির সিদ্ধান্ত পরীক্ষামূলকভাবে এক বছরের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ফিফা। এই বিরল ঘটনা যে ফুটবলের আইন নিয়ে নতুন করে বিতর্ক উসকে দেবে, তাতে কোনো সন্দেহই নেই। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের জন্য ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন। বালোগান বেশ ফর্মে আছেন এবং যুক্তরাষ্ট্রের হয়ে এই বিশ্বকাপে গোলও করেছেন তিনটি। শেষ বত্রিশে বসনিয়ার বিপক্ষেও আর্সেনালের সাবেক এই ফরোয়ার্ড প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন। ম্যাচের ৬৪ মিনিটে বল দখলের লড়াইয়ে তারিক মুহারেমোভিচকে ফাউল করে তিনি লাল কার্ড দেখেন। ওই ঘটনায় গোড়ালি মচকে যায় মুহারেমোভিচের। ভিএআর বিশ্লেষণ করে ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লজ লাল কার্ড দেখান বালোগানকে।

ফিফার নিয়ম অনুসারে, লাল কার্ডের ফলে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকর হয়। তবে গভর্নিং বডি চাইলে অতিরিক্ত ম্যাচ নিষেধাজ্ঞা এবং অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। বালোগানের ক্ষেত্রে অবশ্য মাঠের বিচারকের দেওয়া রায়কে ‘বুড়ো আঙুল’ই দেখিয়ে দিল ফিফা, যা ইতিহাসেই বিরল। এটি যুক্তরাষ্ট্র আয়োজক বলেই সম্ভব হল কি না, সেই প্রশ্নই এখন সবখানে।

বিবৃতিতে ফিফা জানিয়েছে, শৃঙ্খলাসংক্রান্ত ধারার ২৭ অনুচ্ছেদ অনুযায়ী, ম্যাচ নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত এক বছর মেয়াদে স্থগিত রাখা হয়েছে পরীক্ষামূলকভাবে। এই সময়ের মধ্যে বালোগান একই ধরনের কিংবা সমপরিমাণ কোনো অপরাধ করলে এই স্থগিতাদেশ বাতিল হবে এবং নতুন অপরাধের জন্য আবার পাওয়া শাস্তির সঙ্গে আগের শাস্তিও কার্যকর হবে। ফিফার সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালের পোস্টে লিখেছেন, ‘সঠিক কাজটি করার জন্য এবং একটি বড় অবিচার সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ!’

অথচ চলতি আসরেই গ্রুপ পর্বে কানাডার ইসমায়েল কোনেকে ফাউল করার কারণে কাতারের মিডফিল্ডার আসিম মাদিবোর এক ম্যাচের নিষেধাজ্ঞা বাড়িয়ে পাঁচ ম্যাচ করা হয়। অবশ্য নিষেধাজ্ঞা স্থগিত করার সাম্প্রতিক একটি নজির আছে, তবে সেটি বিশ্বকাপের মূল পর্বে নয়। বাছাই পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড পাওয়া পর্তুগালের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। কিন্তু এক ম্যাচের পরই তা বাতিল করে এবারের বিশ্বকাপে পর্তুগালের উদ্বোধনী ম্যাচে খেলার অনুমতি পান তিনি।

 

 

শ্রীলঙ্কার রানোৎসব

শ্রীলঙ্কার রানোৎসব

সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস ও ২১৭ রানে হারে সফরকারী শ্রীলঙ্কা। এবার অ্যান্টিগায় লঙ্কানরা সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস ঘোষণা করেছে ৯ উইকেটে ৫৪৯ রানে। ওপেনার লাহিরু উদারা ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে ১৮৮ রান করেন। ক্যারিবীয়রা তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতি ২ উইকেটে ১৩২ রান করেছে। ক্রিকইনফো

 

 

 

রিয়ালে ডামফ্রিস

রিয়ালে ডামফ্রিস

নতুন মৌসুমের জন্য জোরেশোরে দল গোছাচ্ছে রিয়াল মাদ্রিদ। সেই ধারাবাহিকতায় এবার নেদারল্যান্ডসের ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিসকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা। চার বছরের চুক্তিতে ইন্টার মিলান ছেড়ে সান্তিয়াগো বার্নাব্যুতে পাড়ি জমিয়েছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। মিডিয়ার গুঞ্জন ট্রান্সফার ফি দুই কোটি ইউরো। বিবিসি

 

 

কথামালা

কথামালা

আমি প্যারাগুয়ের সমালোচনা করতে চাই না। প্রত্যেক দল তাদের নিজস্ব কৌশলে খেলে। তবে প্রতিপক্ষের বেঞ্চ থেকে কিছু অপমানজনক মন্তব্য শুনতে হয়েছে, যা না হলেই ভালো হতো। -ফ্রান্স কোচ, দিদিয়ের দেশম

 

এই বিশ্বকাপে যে ক্রিস্তিয়ানোকে দেখছি, তিনি ছয় বা সাত বছর আগের সেই চূড়ায় থাকা রোনালদো নন। কিন্তু তাঁকে বক্স থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে আমাদের। -স্পেন গোলরক্ষক, উনাই সিমন

 

সামনে যা আসবে তার জন্য আমরা আমাদের সর্বোচ্চটা বিলিয়ে দেব। -মরক্কো ফরোয়ার্ড, ব্রাহিম দিয়াজ

 

কানাডা জাতীয় দলের কোচ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমি যতটা না গর্বিত, তার চেয়ে আমাদের ছেলেরা আজ যেভাবে খেলেছে, সে জন্য আরো বেশি গর্বিত। -কানাডা কোচ, জেসি মার্শ

 

আমার মনে হয় না আমাদের মধ্যে এখন যতটা বিশ্বাস আছে, তার চেয়ে বেশি থাকা সম্ভব। এই মুহূর্তটির জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। সবাই এই স্কোয়াডে জায়গা পেতে চেষ্টা করেছে। -যুক্তরাষ্ট্র ডিফেন্ডার, সার্জিনো ডেস্ট

 

আজকের মূল বিষয়টিই ছিল উত্তেজিত না হওয়া, সংযত থাকা, শান্ত থাকা এবং নিজের মানসিক ভারসাম্য না হারানো। আমি এই ম্যাচে (ফ্রান্স-প্যারাগুয়ে) খেললে নির্ঘাত চারটি লাল কার্ড খেতাম! -সাবেক সুইডেন ফরোয়ার্ড, জ্লাতান ইব্রাহিমোভিচ