ক্রীড়া প্রতিবেদক : মালদ্বীপে ‘ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্ট’-এ দ্বিতীয় ম্যাচেও ড্র করেছে বাংলাদেশ অলিম্পিক দল। মালে স্টেডিয়ামে এদিন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি শেষ হয় গোলশূন্যভাবে। একই ফল ছিল আসরে বাংলাদেশের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও। পাকিস্তানের মতো আফগানরাও মূল দল নিয়ে এই আসরে অংশ নিয়েছে।
তাদের বিপক্ষে বাংলাদেশের তারুণ্য নির্ভর দলটি সমান সুযোগ তৈরি করে, সমানতালে লড়ে ম্যাচটি শেষ করেছে। ভাগ্য সঙ্গে থাকলে জিততেও পারত মারুফুল হকের দল। রাব্বি হোসেন রাহুলের একটি শট যে পোস্টে লেগে ফিরে আসে, তার আগে রাব্বিরই আরেকটি শট ফিরিয়ে দিয়েছেন আফগান গোলরক্ষক। এই ড্রয়ে চার দলের এই আসরে বাংলাদেশের পয়েন্ট হলো এখন ২। আফগানিস্তান, পাকিস্তান দুই দলেরই ৪ পয়েন্ট করে। দুই দলই মালদ্বীপকে হারিয়েছে আর ড্র করেছে বাংলাদেশের সঙ্গে।
শীর্ষ দুই দলের একটি হয়ে ফাইনালে যেতে শেষ ম্যাচে মালদ্বীপকে হারাতে হবে বাংলাদেশেরও। সে ক্ষেত্রে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে যারাই জিতবে ফাইনালে বাংলাদেশ মুখোমুখি সেই দলের।




