খুলনা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী গ্রেনেড বাবুর দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
কেএমপির মিডিয়া সেল জানায়, মহানগর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ কমিশনারের নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে খুলনা থানা এলাকা থেকে ১৩ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ১৩ জন, লবণচরা থানা থেকে ৬ জন, হরিণটানা থানা থেকে ১ জন, খালিশপুর থানা থেকে ১৬ জন, দৌলতপুর থানা থেকে ৮ জন এবং মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) ২ জনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী হিসেবে পরিচিত কসাই লিটন ও রিফাতকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
কেএমপি আরো জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এর দুদিন আগে খুলনা শহরের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমপি সদর দপ্তরে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই সময় থেকে মাদক কারবারি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
অভিযানে খুলনা মেট্রোপলিটন পুলিশ, র্যাব-৬ এবং খুলনাস্থ বিভিন্ন পুলিশ ইউনিট যেমন : খুলনা জেলা, ৩ এপিবিএনসহ যৌথভাবে অংশগ্রহণ করবে। যৌথ অভিযান টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে প্রয়োজনীয় আইনাগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।