• ই-পেপার

বিভিন্ন স্থানে বজ্রপাতে মা-ছেলেসহ মৃত্যু ৯

নান্দাইলে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহ প্রতিনিধি
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলের পল্লীতে দুই গ্রামবাসীর মধ্যে চলমান সংঘর্ষ ও বিরোধের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নান্দাইল ইউএনও ফাতেমা জান্নাত এই আদেশ জারি করেন। এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার খারুয়া বাজারে দুই শতক জমির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি, ইটপাটকেল নিক্ষেপ, অস্ত্র প্রদর্শনী ও দাঙ্গা-হাঙ্গামা চলছে। আইন-শৃঙ্খলা বিনষ্টকারী এসব ঘটনা বন্ধে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনে ফৌজদারি কার্যবিধি মতে ১৪৪ ধারা জারি করা আবশ্যক। নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত জানান, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৬২

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৬২

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে অন্তত ৬২ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শৈলকুপার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিষ্ণুপুর গ্রামের মতিউর রহমান ও কফিল উদ্দিন মেম্বারের দুটি সামাজিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন সকালে দেশি অস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। এ সময় অন্তত ১৫টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ৪৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন আরো অন্তত ১৭ জন।

 

পানিতে ডুবে মৃত্যু চারজনের

প্রিয় দেশ ডেস্ক
পানিতে ডুবে মৃত্যু চারজনের

দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে শিশু-কিশোর, শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত : শরীয়তপুর : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে রিদম (৮) ও রিফাত (৭) নামের মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের দক্ষিণ পাপরাইল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিদম স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ ফকিরের ছেলের ঘরের নাতি। অন্যদিকে রিফাত একই পরিবারের মেয়ের ঘরের নাতি। জামালপুর: জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে গোসল করতে নেমে তাহমিদ হাসান রাফি (২৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাফি বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোড় এলাকার মুফতি জাকারিয়া ইসলামের ছেলে। তিনি ঢাকা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। কক্সবাজার : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর তানভীর (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে গতকাল বৃহস্পতিবার।

চকরিয়ায় বন উজাড় বন্ধের দাবি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় বন উজাড় বন্ধের দাবি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চকরিয়ায় মানববন্ধনে জলাভূমি দখল, অবাধে বন উজাড় বন্ধ এবং মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার দাবি জানানো হয়েছে। এ ছাড়া মানববন্ধনে পরিবেশ আদালত আইন-২০১০ সংশোধন, জ্বালানি ও পরিবেশ সংরক্ষণসংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতেরও দাবি জানানো হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার আয়োজনে এই মানববন্ধন হয়।

গতকাল বৃহস্পতিবার চকরিয়া পৌর শহরের বাণিজ্যিক কেন্দ্র চিরিঙ্গায় এই মানববন্ধনে সনাক চকরিয়ার সভাপতি সন্তোষ কুমার সুশীলের সভাপতিত্বে টিআইবির ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস সহ-দলনেতা পুস্পিতা চৌধুরী।