ময়মনসিংহে মাকে ধর্ষণের অভিযোগে তাঁর চার ছেলে গলা কেটে হত্যা করেছে অভিযুক্ত যুবককে। নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেছে এক যুবকের। চট্টগ্রামে মোবাইল ফোন চুরির অভিযোগে গণপিটুনিতে মারা গেছেন আরেক যুবক। বগুড়ায় জমিসংক্রান্ত বিরোধে সন্ত্রাসীদের হামলায় জামায়াত নেতার মৃত্যু হয়েছে।
এ ছাড়া ঢাকায় মাদরাসা শিক্ষার্থী এবং টাঙ্গাইলে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
ময়মনসিংহ : নগরীতে এক নারীকে ধর্ষণের পর অভিযুক্ত যুবককে তাঁর বাসায় ঢুকে গলা কেটে হত্যা করেছে ভুক্তভোগী নারীর চার ছেলে। এই অভিযোগ ওঠার পর ভাইদের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গতকাল সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোড সংলগ্ন ৩৬ বাড়ি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব আহমেদ রুবেল (৩৫) আর কে মিশন রোডের মৃত আব্দুল হামিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল আকুয়া ৩৬ বাড়ি কলোনির একটি বাসাভাড়া নিয়ে বন্ধুদের নিয়ে থাকত। বন্ধুরা সবাই আপন ভাই। গত শুক্রবার বন্ধুদের মাকে ধর্ষণ করে রাজিব। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই নারীর চার ছেলে মিলে রাজিবকে হত্যা করে। ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আমরা কিছু তথ্য পেয়েছি এবং হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছি। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।’
নারায়ণগঞ্জ (সিটি) : ফতুল্লায় ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নেওয়ার পর এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এলাকার ইমামের নেতৃত্বে গড়ে ওঠা একটি সামাজিক সংগঠনের সদস্যদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। শনিবার রাতে পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজান (২৫) ওই এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, এলাকার একটি মসজিদের ইমাম কাওসার আহমেদের নেতৃত্বে গঠিত আল ফালাহ কল্যাণ সংগঠনের ৩০ থেকে ৪০ জন সদস্য রাতে সিজানকে তাঁর বাসা থেকে ধরে নিয়ে যায়। পরে তাঁকে নির্মমভাবে নির্যাতন করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে অভিযুক্ত ইমাম কাওসার আহমেদ দাবি করেন, সিজানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ছিল। তাঁকে সংশোধনের উদ্দেশ্যে ডেকে বুঝিয়ে বলা হচ্ছিল। এ সময় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাঁকে মারধর করে।
এদিকে সিজানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর বড় ভাই বাবুর নেতৃত্বে একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় তাণ্ডব চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের উপস্থিতিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, মরদেহে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম : হাটহাজারীতে মোবাইল ফোন চুরির অভিযোগে গণপিটুনিতে বেলাল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত বেলালের বাড়ি ফটিকছড়ি উপজেলার ভূজপুরে। তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় থাকতেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ কালের কণ্ঠকে বলেন, একজনের চুরি হওয়া মোবাইল ফোনটি বেলালের কাছ থেকে উদ্ধার করা হয়। এরপর তাঁকে মারধর করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বগুড়া : দুপচাঁচিয়ায় জমিসংক্রান্ত বিরোধে আপন চাচার ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা মারা গেছেন। শনিবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত সম্রাট হোসেন বাপ্পা (৪১) দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি ছিলেন। এর আগে গত ১ জুলাই রাতে মামলার প্রধান আসামি চাচা আব্দুল করিম আকন্দ ও তাঁর স্ত্রীকে জয়পুরহাটের আক্কেলপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা : হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় ফাঁস লাগানো অবস্থায় এক মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে। নিহত তাহমিদুল ইসলাম (১০) আল-ফুরকান মসজিদ মাদরাসার শিক্ষার্থী ছিল। সে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাজীপুর গ্রামের শাহিন রেজার ছেলে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া বলেন, শনিবার রাতে মাদরাসার ভেতরে জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সহপাঠীসহ অন্যরা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল : সদর উপজেলায় মাসুদ মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে খবর পেয়ে মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ‘মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’



