রাজধানীর মতিঝিল এলাকায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে ১৭ হাজার ডলার বা ২১ লাখ আট হাজার টাকা (প্রতি ডলার ১২৪ টাকা ধরে) ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার বিকেল সোয়া ৩টার দিকে শাপলা চত্বরসংলগ্ন জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম লোকমান হোসেন। তাঁর হাত ও পায়ে তিনটি গুলি লেগেছে। তাঁকে উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভুক্তভোগীর দাবি, তাঁর ব্যাগে বৈদেশিক মুদ্রাসহ ৬০ লাখ টাকা ছিল। প্রাথমিক তদন্তে তাঁর এই তথ্য যাচাই করে পুলিশ দাবি করেছে, ওই ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার ডলার ছিনতাই করা হয়েছে।
জানতে চাইলে মতিঝিল থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার কালের কণ্ঠকে বলেন, ওই ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তিনি মতিঝিল শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে সঙ্গে থাকা একটি ব্যাগ নিয়ে যায়। পরে ওই ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ওসি বলেন, ওই ব্যাগে ১৭ হাজার ডলার ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মুদ্রার উৎসসহ বিস্তারিত জানতে ঘটনার তদন্ত চলছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলের আশপাশের এলাকা থেকে ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে যাচাই করছে। এতে ছয়জন দুষ্কৃতকারী তিনটি মোটরসাইকেলে এসে লোকমান নামের ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাঁর সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় বলে তথ্য পাওয়া যায়।
পুলিশ বলছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত হিসেবে দুটি গুলির খোসা উদ্ধার করে। ওই ব্যবসায়ীর হাতের কনুইয়ের নিচে একটি ও হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সড়কে পথচারীরা ছিল অনেক। সেই সঙ্গে গাড়ি চলছিল স্বাভাবিক গতিতে। ফুটপাতসহ আশপাশ এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মব্যস্ততা ছিল। এর মধ্যেই মতিঝিলে জনতা ব্যাংক করপোরেট শাখার সামনে ছয়জন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে এসে এক ব্যক্তিকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি করে। পরে তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিত হতে পারে। ছিনতাই বা সংঘবদ্ধ অপরাধীচক্র আগে থেকেই লোকটির পিছু নেয়।

