• ই-পেপার

আইনের আওতায় আনা হোক

  • দুর্নীতির অনেক হোতা এখনো অধরা

এখনই নীতিমালা জরুরি

শিশুদের ডিজিটাল আসক্তি

এখনই নীতিমালা জরুরি

প্রযুক্তির দাপটে আমাদের শিশুদের চিরচেনা শৈশবের রূপটাই আমূল বদলে যাচ্ছে। একসময় শিশুরা বিকেলে খেলার মাঠে ছুটে গেলেও এখন তাদের একটি বড় অংশ ডিজিটাল স্ক্রিনে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে। গবেষণা বলছে, এতে শিশুরা চোখের সমস্যা, স্থূলতা, মানসিক বিকাশে বাধাসহ বিবিধ সমস্যায় ভুগছে। বিষয়টি এতটাই বেড়েছে যে গোটা বিশ্বই এ নিয়ে উদ্বিগ্ন। ডিজিটাল আসক্তি থেকে শিশুদের সুরক্ষায় দেশে দেশে আইন হচ্ছে। হতাশার ব্যাপার হলো, বাংলাদেশে এ নিয়ে তেমন উচ্চবাচ্য নেই।

কালের কণ্ঠের খবরে বলা হয়েছে, বর্তমানে দেশের কিশোর-কিশোরীদের একটি বড় অংশের রাত জেগে ফেসবুক, ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রাম স্ক্রল করা নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। ঘরে ঘরে একই চিত্র। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব কালের কণ্ঠকে বলেন, যেকোনো নেশার মতো ইন্টারনেট আসক্তিও মস্তিষ্কে ডোপামিনের ক্ষরণ বাড়িয়ে মানুষের মনোযোগ ও স্বাভাবিক স্মৃতিশক্তি নষ্ট করে দেয়। ডিজিটাল আসক্তির কারণে কিশোররা নানা অপরাধেও জড়িয়ে পড়ছে। গতকালই আরেক খবরে বলা হয়েছে, লক্ষ্মীপুরে স্কুলছাত্র মেহেদী হাসানকে (১৫) পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জানিয়েছে, ঢাকার শিশুরা প্রতিদিন গড়ে প্রায় পাঁচ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে এবং গেমিং ডিভাইসে সময় কাটাচ্ছে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত সময় হচ্ছে সর্বোচ্চ দুই ঘণ্টা। এতে এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় এবং ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথা ব্যথায় ভুগছে। এসব কারণে অনেক দেশ ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে। বিশেষজ্ঞরা তাগিদ দিয়েছেন, বাংলাদেশকেও একই পথে হাঁটতে হবে।

অর্থনীতিবিদ ও সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন মনে করেন, শুধু শিশুরা নয়, মধ্যবয়স্করাও সামাজিক মাধ্যমকে এমনভাবে ব্যবহার করছেন, যা ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনছে। এসব রোধে এখনই পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্রকেও এখন ভাবতে হবে আমরা কোন ধরনের সমাজ চাচ্ছি।

আমরা মনে করি, দৈনন্দিন জীবনে প্রযুক্তি অবিচ্ছেদ্য অংশ, তাই একে বর্জন করা সম্ভব নয়, কিন্তু নিয়ন্ত্রণ করা অসম্ভব নয়। আগামীর প্রজন্মকে সুস্থ ও সুন্দর পরিবেশ দিতে হলে এখনই শিশুদের জন্য ডিজিটাল নীতিমালা প্রণয়ন করা জরুরি। একই সঙ্গে প্রয়োজন এ বিষয়ে সচেতনতাও।

দোষীদের শাস্তি নিশ্চিত হোক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

দোষীদের শাস্তি নিশ্চিত হোক

২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকাররা ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে। ঘটনার প্রায় ৪০ দিন পর ১৫ মার্চ মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে বাংলাদেশ ব্যাংক। সেই ঘটনার ১০ বছর পর অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) খসড়া অভিযোগপত্র চূড়ান্ত করে আইনি মতামতের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দিয়েছে। গতকাল কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, খসড়া অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ড. আতিউর রহমানসহ দেশি-বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে অভিযুক্ত করা হয়েছে।

দেশের ইতিহাসে বৃহৎ এই অর্থ কেলেঙ্কারির ঘটনায় দেশে-বিদেশে ব্যাপক তোলপাড় হয়েছিল। শুরু থেকেই মামলাটি তদন্ত করে আসছে সিআইডি। অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১১ মার্চ সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে ছয় সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে। ওই কমিটির তত্ত্বাবধানে মামলার তদন্ত চূড়ান্ত করা হয় এবং ১ এপ্রিল অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মতামত চাওয়া হয়। জানা যায়, বাংলাদেশসহ সাত দেশের মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এর মধ্যে বাংলাদেশের ১০ জন, ফিলিপিন্সের ৩৬, উত্তর কোরিয়ার দুই, চীনের তিন, শ্রীলঙ্কার আট, জাপানের এক এবং ভারতের চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। ১৫০ পৃষ্ঠার খসড়া অভিযোগপত্রে ফরেনসিক এই মামলার প্রমাণ হিসেবে রয়েছে বিশ্লেষণ, আন্তর্জাতিক সহযোগিতায় সংগৃহীত তথ্য-প্রমাণ এবং অর্থপাচারের জটিল নেটওয়ার্কের বিস্তারিত বিবরণ। তথ্য-প্রমাণ হিসেবে রয়েছে ১০ হাজার পৃষ্ঠার কাগজপত্র। অপরাধ বিশ্লেষকদের মতে, দ্রুত অভিযোগপত্র আদালতে উপস্থাপন করে বিচার কার্যক্রম শুরু করা গেলে তা দেশের আর্থিক খাতে সংঘটিত অপরাধের বিরুদ্ধে একটি শক্ত বার্তা হিসেবে কাজ করবে।

সিআইডির একটি সূত্রে জানা গেছে, বাংলাদেশের অভিযুক্তদের মধ্যে ড. আতিউর রহমান ছাড়াও রয়েছেন আনিস এ খান, কে এম আব্দুল ওয়াদুদ, শুভংকর সাহা, রেজাউল করিম, জোবায়ের বিন হুদা, এ এফ এম আসাদুজ্জামান, মেজবাউল হক, আবুল কাসেম ও মো. সুলতান মাসুদ আহমেদ। রিজার্ভ চুরির মামলার সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা সিআইডির ফিন্যানশিয়াল ক্রাইম ইউনিটের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আল মামুন কালের কণ্ঠকে বলেন, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আমরা শতভাগ তথ্য-প্রমাণের ভিত্তিতে একটি নির্ভুল খসড়া অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুত করেছি। তবে আমাদের এখনো অ্যানালিসিস চলছে। অ্যাটর্নি জেনারেলের আইনি মতামত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সিআইডি সূত্র জানায়, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে অজ্ঞাতপরিচয় হ্যাকাররা সুইফট পেমেন্ট সিস্টেমে ভুয়া বার্তা পাঠিয়ে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে। জানা যায়, মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের সহায়তায় নর্থ কোরিয়ার হ্যাকার পার্ক জিন হিয়ক ও তাঁর নেতৃত্বাধীন লাজারাস গ্রুপকে মূল অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়। একই সময় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের মাধ্যমে পাচার হওয়া ৮১ মিলিয়ন ডলারের গতিপথও শনাক্ত করা হয়। পরবর্তীকালে চুরি হওয়া অর্থের একটি অংশ উদ্ধার করা গেলেও বড় অংশই উদ্ধার করা যায়নি।

আমরা আশা করি, দ্রুত অভিযোগপত্র চূড়ান্ত করে আদালতে পেশ করা হবে। আমরা চাই, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। পাশাপাশি দেশের ব্যাংকিং খাতকে নিরাপদ করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হোক।

সমন্বিত পদক্ষেপ নিতে হবে

আইন-শৃঙ্খলা পরিস্থিতি

সমন্বিত পদক্ষেপ নিতে হবে

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি দরকার। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনায় দেখা গেছে, শুধু সাধারণ নাগরিক নয়, খোদ নিরাপত্তা বাহিনীরা সদস্যরাও দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়েছেন। সুন্দরবনের গহিন অরণ্যে কোস্ট গার্ডের স্টেশনে হামলা, রাজধানীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা সেই বিষয়টিই সামনে এনেছে। এর আগেও দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে জান-মালের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের শঙ্কা বাড়ছে।

কালের কণ্ঠের খবরে বলা হয়েছে, সুন্দরবনে আবারও তৎপর হয়ে উঠেছে সংঘবদ্ধ দস্যুচক্র। অপহরণ, মুক্তিপণ আদায়, নদীপথে চাঁদাবাজি, জেলে ও বনজীবীদের জিম্মির মতো ঘটনায় গোটা সুন্দরবনে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যেই গত বৃহস্পতিবার মোংলার সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় কোস্ট গার্ডের হাড়বাড়িয়া স্টেশনে দুর্বৃত্তরা হামলা করে। এ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে গত মঙ্গলবার রাজধানীর আদাবরে ছিনতাইকারীর বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে উল্টো হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আদাবর থানার ওসি মো. জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) তরুণ কুমার দে। অন্যদিকে পুলিশের গুলিতে আহত হয়েছে দুই ছিনতাইকারী। এর আগেও সাভার ও কুমিল্লায় পুলিশের ওপর বড় হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

অপর এক খবরে বলা হয়েছে, নোয়াখালী জেলায় গত দেড় মাসে পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মাদকসেবীদের তৎপরতায় জেলার বাসিন্দারা অতিষ্ঠ। শুধু নোয়াখালী নয়, খোঁজ নিলে দেখা যাবে আরো বহু জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চিত্র এমনই। পুলিশের তরফ থেকে বারবার জিরো টলারেন্স, নিয়মিত টহলের কথা বলা হলেও এর দৃশ্যমান প্রভাব পরিলক্ষিত হচ্ছে না।

জানা গেছে, ২০১৮ সালে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই পুরনো দস্যুবাহিনীর সদস্যরাই আবার তৎপর হয়েছে। বিশ্লেষকদের অভিমত হলো, দস্যু তৎপরতার পুনরুত্থানে শুধু আইন-শৃঙ্খলা পরিস্থিতি দায়ী নয়, এর পেছনে রয়েছে বহুমাত্রিক সামাজিক কারণ। আত্মসমর্পণ করা দস্যু পরিবারের সদস্যরা জানিয়েছে, ঘোষিত পুনর্বাসন কর্মসূচি টেকসই হয়নি।

দেখা যাচ্ছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সঙ্গে বিবিধ বিষয় যুক্ত থাকে। একই কারণে আইনের শাসন প্রতিষ্ঠাও কোনো সাময়িক বা খণ্ডকালীন কাজ নয়, এটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া।

কাজেই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিক ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। উন্নত প্রশিক্ষণসহ পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি টহল জোরদার এবং টহলের পরিসর বাড়াতে হবে। আইনের কঠোর প্রয়োগ ছাড়া কাঙ্ক্ষিত পরিস্থিতি অধরাই থেকে যাবে।

কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে

‘দ্বিতীয় বেনজীর’ মোজাম্মেল এখনো অধরা

কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে

মানুষ চায় অপরাধের বিচার হোক, অপরাধীরা শাস্তি পাক। আর সে কারণেই দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার হওয়ায় মানুষ সন্তোষ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাঁকে দ্রুত দেশে এনে বিচারের মুখোমুখি করার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। কিন্তু বেনজীরের ডানহাত বা দ্বিতীয় বেনজীর হিসেবে খ্যাত পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক গাজী মো. মোজাম্মেল হক কিভাবে এখনো দেশে সদর্পে ঘুরে বেড়াচ্ছেন এবং কেন তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না, এমন প্রশ্ন বহু মানুষের।

বেনজীর আহমেদের কুকীর্তি ও অঢেল অবৈধ সম্পদ নিয়ে ২০২৪ সালের মার্চ মাস থেকেই নিয়মিতভাবে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ শুরু করে কালের কণ্ঠ। ফলে এপ্রিল মাসে দুর্নীতি দমন কমিশন বা দুদক তাঁর ও তাঁর পরিবারের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অনুসন্ধানে নামে। ২০২৪ সালের ৪ মে দেশ ছেড়ে পালিয়ে যান বেনজীর আহমেদ। কালের কণ্ঠের অনুসন্ধানী টিম শুধু বেনজীর আহমেদ নয়, দ্বিতীয় বেনজীর খ্যাত গাজী মো. মোজাম্মেল হকসহ আরো অনেকের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ অপরাধের বিস্তারিত তথ্য তুলে ধরতে থাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম কালের কণ্ঠের সেই ভূমিকার কথা স্মরণ করেন। সোমবার নিজ কার্যালয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি বলেন, কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদনের পর দেশবাসী প্রথমবারের মতো বেনজীর আহমেদের অঢেল সম্পদের কথা জানতে পারে।

একইভাবে সাবেক পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হকের দুর্নীতির তালিকাও অনেক দীর্ঘ। তাঁর বিরুদ্ধে জমি দখল, ক্ষমতার অপব্যবহার, জোরপূর্বক জমি লিখে নেওয়া, নদী ভরাট, অবৈধ সম্পদ অর্জন ও শত শত কোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এসব অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধানও চালাচ্ছে। আদালতের আদেশে তাঁর ও পরিবারের নামে থাকা জমি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। শুধু সাধারণ মানুষ নয়, অপরাধ বিশ্লেষকরাও মনে করেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বিচ্ছিন্ন নয়, বরং দীর্ঘদিন ধরে জমে থাকা অসংখ্য অভিযোগের সমষ্টি। এত অভিযোগ থাকা সত্ত্বেও মোজাম্মেলকে গ্রেপ্তার বা আইনের আওতায় না আনতে পারা রাষ্ট্রের বড় ধরনের ব্যর্থতার পরিচয় বহন করে।

অপরাধ করেও অপরাধীরা পার পেয়ে গেলে তা অপরাধীদের পাশাপাশি অন্যদেরও অপরাধ করতে উৎসাহিত করে। দেশে অপরাধ দমন বা নিয়ন্ত্রণে পুলিশসহ অনেক সংস্থা রয়েছে। জবাবদিহির অভাবে তাদেরও অনেকে অপরাধে জড়িয়ে যাচ্ছে। আর সে কারণে অপরাধের মাত্রা ক্রমশ বাড়ছে। আমরা মনে করি, বেনজীরের পাশাপাশি নিকট অতীতে অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেকের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।