সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করতে ইচ্ছুক পর্যটকদের জন্য এলো সুখবর। দেশটি এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে টুরিস্ট ভিসা দেওয়ার সুবিধা চালু করেছে। একই সঙ্গে হোটেল, ডেজার্ট সাফারি, জেট স্কি ও বিভিন্ন পর্যটন কার্যক্রমে উল্লেখযোগ্য ছাড় ঘোষণা করা হয়েছে। ফলে কম খরচে দুবাই ভ্রমণের সুযোগ তৈরি হওয়ায় বিশ্বজুড়ে ভ্রমণপিপাসুদের আগ্রহ বাড়ছে। শনিবার (২০ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাভেল এজেন্টরা বলছেন, ভিসার দ্রুত সুবিধা ছাড়াও আমিরাতে হোটেল, আউটডোর অ্যাক্টিভিটি এবং বিভিন্ন দর্শনীয় স্থানে বিশাল ছাড় দেওয়া হয়েছে। এতে করে সাশ্রয়ী খরচে দুবাই ট্যুর এখন আকর্ষণীয় হয়ে উঠেছে।
দেশটিতে এখন মাত্র ১৩৯ দিরহামে হোটেলের রুম সুবিধা মিলছে। এর বাইরে ডেজার্ট সাফারি, জেট স্কি এবং বাগি রাইডে অবিশ্বাস্য ছাড় দেওয়া হচ্ছে। ফলে দ্রুক বুকিং দিলে খুব সাশ্রয়ী খরচে ভ্রমণের সুযোগ মিলছে।
খালিজ টাইমস সাশ্রয়ী ভ্রমণের জন্য কয়েকটি টিপসও তুলে ধরেছে। সংবাদমাধ্যমটি বলছে, পর্যটকদের সবচেয়ে বড় খরচের খাত হলো আবাসন। তবে গ্রীষ্মকালে অনেক হোটেল পর্যটকদের জন্য নানা ছাড় দেয়। তাই অনলাইনে দেখে বুকিং না দিয়ে সরাসরি আসার পর বুকিং দেওয়া উচিত। এতে করে খরচ অনেকটাই বেচে যেতে পারে। কারণ ভাড়া বিভিন্ন সময়ে কমবেশি হয়ে
ওয়াইজফক্স ট্যুরিজমের সিনিয়র ম্যানেজার সুবাইর বলেন, গ্রীষ্মকালে দুবাই এখন অনেক সাশ্রয়ী গন্তব্যে পরিণত হয়েছে। হোটেলগুলোতে ভাড়া কম হওয়ায় এবং দর্শনীয় স্থানগুলোতে বিশেষ ছাড় থাকায় পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারেন।
ডেজার্ট সাফারি
দুবাইয়ের অন্যতম জনপ্রিয় অভিজ্ঞতা হলো ডেজার্ট সাফারি। শীতকালে সাধারণত এর প্যাকেজ ১৫০ দিরহামের আশপাশে থাকে। তবে গরমকালে এটি ৫০ দিরহামের আশেপাশে পাওয়া যায়। তবে বুকিং করার আগে কী কী সুবিধা পাওয়া যাবে তা যাচাই করে নেওয়া ভালো।
জেট স্কি রাইড
বুর্জ আল আরব বা আটলান্টিস দেখার জন্য জেট স্কি রাইড পর্যটকদের খুব প্রিয়। গ্রীষ্মকালে অপারেটররা প্রায়ই সপ্তাহের কর্মদিবসগুলোতে বিশেষ অফার এবং অগ্রিম বুকিং করলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়। তবে এটির ক্ষেত্রে সরাসরি কাউন্টারে গিয়ে টিকেট না কেটে অনলাইনে অফারগুলো দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
প্লুটো ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ভরত আইদাসানি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়ার কারণে পর্যটকরা দুবাই সফরে আরও আগ্রহী হয়ে উঠবেন। দ্রুত ভিসা পাওয়ার নিশ্চয়তা পেলে পর্যটকরা সেটিকে সহজেই গন্তব্য হিসেবে বেছে নিতে পারেন।








