মরক্কোর বিপক্ষে ১-১ গোলের সমতায় ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের পর দলের পারফরম্যান্স নিয়ে রাখঢাক না রেখেই কথা বলেছেন সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তি। শুরুটা যে মোটেও মনপূত হয়নি, তা স্পষ্ট ফুটে উঠেছে এই ইতালিয়ান মাস্টারের কণ্ঠে।
ম্যাচের মাত্র ২১ মিনিটেই ইসমাইল সাইবারির গোলে স্তব্ধ হয়ে যায় ব্রাজিলিয়ান শিবির। পিছিয়ে পড়ার পর অবশ্য ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক গোলে ম্যাচে ফেরে দল। তবে গোল পেলেও পুরো প্রথমার্ধে মাঠের খেলায় ছিল চরম ছন্নছাড়া ভাব, মরক্কোর প্রেসিংয়ের মুখে ভীতি ছড়াতে পারেনি সাম্বা বয়রা।
ম্যাচ শেষে নিজের হতাশা ও আত্মসমালোচনা লুকিয়ে রাখেননি আনচেলত্তি। তিনি বলেন, ‘আমাদের শুরুটা কোনোভাবেই ভালো বলা যাবে না। দলের ভেতর একটা প্রচ্ছন্ন উদ্বেগ কাজ করছিল। আমরা বারবার পজিশন হারিয়েছি, ওয়ান-টু-ওয়ান ডুয়েলগুলোতেও পরাস্ত হয়েছি। প্রথমার্ধের চেয়ে দ্বিতীয় হাফে কিছুটা উন্নতি হলেও তা যথেষ্ট ছিল না।’
ব্রাজিল বস আরও যোগ করেন, শুরুতেই স্নায়ুর চাপ সামলাতে না পারার খেসারত দিতে হয়েছে দলকে। শুরুতে ম্যাচের লাগাম ধরে রাখতে পারলে ফলাফল অন্যরকম হতে পারত বলে বিশ্বাস তার।
অবশ্য প্রতিপক্ষ মরক্কোর শক্তিমত্তাকে খাটো করে দেখছেন না এই অভিজ্ঞ কোচ। ড্র করলেও পুরো পয়েন্ট না পাওয়ার হতাশায় বুঁদ হয়ে থাকতে চান না তিনি।
আনচেলত্তির বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ সবসময়ই স্নায়ুক্ষয়ী। প্রথম ম্যাচ খেলেই কেউ ট্রফি জিতে যায় না। ফলাফল একেবারে বিপর্যয়কর নয়, তবে আমাদের অনেক জায়গায় কাজ করতে হবে।’
দলের এমন পারফরম্যান্সের পরও স্বস্তি এনে দিয়েছে ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত নৈপুণ্য। শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ কোচ বলেন, ‘ভিনি দারুণ খেলেছে, প্রতিপক্ষের রক্ষণভাগে ও-ই সবচেয়ে বেশি ভীতি ছড়িয়েছে। ওর যে সামর্থ্য আছে, তাতে এই বিশ্বকাপে ও বড় অবদান রাখবে।’
ভুলত্রুটি শুধরে আগামী ২০ জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ব্রাজিল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।