বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ জীবননগর উপজেলা শাখার উদ্যোগে ২০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার উথলী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জীবননগর উপজেলা শাখার সভাপতি মো. শামসুল আলম, উথলীর স্বেচ্ছাসেবী ব্যক্তিত্ব নাজমুল হক লাজু, জিল্লুর রহমান, ঝন্টু, ইয়াছিন, শুভসংঘের সদস্য মিরাজুল ইসলাম নিলয়, সাগর ইসলাম ও মনিরুল আলম রানা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ জীবননগর উপজেলা শাখার উপদেষ্টা এবং কালের কণ্ঠের জীবননগর উপজেলা প্রতিনিধি মো. জহিরুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ রাখে না, এটি পাখি ও অন্যান্য প্রাণির আবাসস্থল হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শুভসংঘের সদস্য এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।







