• ই-পেপার

স্বাস্থ্য খাত ঢেলে সাজাচ্ছে সরকার

বিনামূল্যে প্রাথমিকসেবা পাবে তৃণমূলের মানুষ

সংসদে পররাষ্ট্র বাজেট পাস, ছাঁটাই প্রস্তাব নাকচ

অনলাইন ডেস্ক
সংসদে পররাষ্ট্র বাজেট পাস, ছাঁটাই প্রস্তাব নাকচ
সংগৃহীত ছবি

বিরোধী দলের সংসদ সদস্যদের দেওয়া ছাঁটাই প্রস্তাব নাকচ করে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি পাস হয়েছে। এর ফলে এই খাতের জন্য অনধিক ১ হাজার ৮৪৪ কোটি ৪৩ লক্ষ টাকা মঞ্জুর করেছে সংসদ। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ১৬ নম্বর মঞ্জুরি দাবিটি ভোটের জন্য উপস্থাপন করা হলে তা ‘হ্যাঁ’ ভোটে জয়যুক্ত ও গৃহীত হয়।

এর আগে, বিরোধী দলের সংসদ সদস্যরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট মাত্র ১ টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন।

এই ছাঁটাই প্রস্তাবের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিবর্তনশীল ও জটিল ভূ-রাজনৈতিক বিশ্বব্যবস্থায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা অনেকাংশেই তার দূরদর্শী ও সক্রিয় কূটনৈতিক তৎপরতার ওপর নির্ভর করে। আজকের এই প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে আমাদের কূটনীতির মূল চালিকাশক্তি হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। যার অভূতপূ্র্ব সাম্প্রতিক উদাহরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মালয়েশিয়া ও চীন সফর। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনগণের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেটের যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, ছাঁটাই প্রস্তাব অনুযায়ী যদি বাজেট ১ টাকায় নামিয়ে আনা হয়, তবে বিশ্বের বিভিন্ন দেশে থাকা আমাদের দূতাবাসগুলো বন্ধ করে দিতে হবে। নামিয়ে ফেলতে হবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা। একই সাথে বন্ধ হয়ে যাবে প্রবাসীদের দেওয়া আমাদের সব ধরনের সেবা। এছাড়া বাজেট না থাকলে জাতিসংঘের বাৎসরিক চাঁদা দেওয়া সম্ভব হবে না, যার ফলে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ স্থগিত হয়ে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে গরম

অনলাইন ডেস্ক
সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে গরম

দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে গরমের দাপট কমবে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে— এমন পরিস্থিতিতে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টি ঝরেছে বগুড়ায় ৬৮ মিলিমিটার। 

ভূমি অ্যাপে কতটুকু কমবে দুর্নীতি?

অনলাইন ডেস্ক
ভূমি অ্যাপে কতটুকু কমবে দুর্নীতি?

দীর্ঘদিন ধরে ঘুষ, দুর্নীতি, দালালচক্র ও প্রশাসনিক জটিলতায় জর্জরিত দেশের ভূমি সেবাখাত। ফলে সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে। এমন পরিস্থিতিতে ভূমি সেবাখাতে সবধরনের অনিয়ম রুখতে উদ্যোগ নিয়েছে সরকার। জিও-ফেন্সিং প্রযুক্তি, ‘ভূমি অ্যাপ’, অনলাইন সেবা এবং কর্মকর্তাদের উপস্থিতি পর্যবেক্ষণের মতো প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে এ খাতে অনিয়ম-দুর্নীতি কমানো ও ভোগান্তি হ্রাস করা সরকারের লক্ষ্য। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক জরিপের তথ্য তুলে ধরে টিবিএসের প্রতিবেদনে বলা হয়, ভূমি খাতে দুর্নীতি আগের তুলনায় বেড়েছে। ফলে প্রযুক্তি সেবা দ্রুততর করলেও বহু বছরের ঘুষ ও অনিয়মের সংস্কৃতি ভাঙা এখনও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে সেবাগ্রহীতার সঙ্গে কর্মকর্তাদের সরাসরি যোগাযোগ কমিয়ে ভূমি সেবাকে আরো সহজ, দ্রুত ও স্বচ্ছ করা। তিনি বলেন, যত বেশি মানুষ ডিজিটাল মাধ্যমে সেবা নেবেন, দুর্নীতি ও হয়রানির সুযোগ তত কমবে।

সরকারের চালু করা ‘ভূমি অ্যাপ’-এ এরই মধ্যে এক লাখের বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছেন। অ্যাপটির মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-মিউটেশনের আবেদন ও অগ্রগতি পর্যবেক্ষণ, জমির রেকর্ড যাচাই, খতিয়ান ও মৌজা মানচিত্র সংগ্রহ, অনলাইনে অভিযোগ দাখিল এবং উত্তরাধিকার হিসাব নির্ধারণসহ বিভিন্ন সেবা পাওয়া যাচ্ছে।

ডিজিটাল সেবা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে দেশজুড়ে ৮৯৩টি সেবা কেন্দ্র অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া গ্রামীণ এলাকায় সচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে এবং অনলাইন সেবা ব্যবহারে উৎসাহ দিতে তথ্যপত্র ও ভিডিও টিউটোরিয়াল সরবরাহ করা হচ্ছে। তবে এসব উদ্যোগের পরও গ্রামীণ এলাকায় অনেক মানুষ এখনও দালালের ওপর নির্ভরশীল। 

বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।

এদিকে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে নতুন একটি জিও-ফেন্সিংভিত্তিক প্ল্যাটফর্ম চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। এই ব্যবস্থার মাধ্যমে অফিস চলাকালে কোনো কর্মকর্তা নির্ধারিত সীমানার বাইরে গেলে তা তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে দেখা যাবে।

সরকার একই সঙ্গে ডিজিটাল ক্যাডাস্ট্রাল জরিপ, কেন্দ্রীয় ভূমি তথ্যভাণ্ডার তৈরি এবং ভূমি নিবন্ধন ব্যবস্থাকে ভূমি তথ্যব্যবস্থার সঙ্গে সমন্বয়ের কাজ এগিয়ে নিচ্ছে। পাশাপাশি ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ সরাসরি উপকারভোগীর ব্যাংক হিসাবে পৌঁছে দিতে আইবিএএস++ প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে টিআইবির সর্বশেষ জরিপ অনুযায়ী, ভূমি সেবা গ্রহণকারী ৬৬ দশমিক ২ শতাংশ পরিবার কোনো না কোনো ধরনের দুর্নীতির শিকার হয়েছেন, যা ২০২৩ সালে ছিল ৫১ শতাংশ। ৪৭ দশমিক ৬ শতাংশ সেবাগ্রহীতা ঘুষ দিতে বাধ্য হয়েছেন। এতে প্রতি পরিবারে গড়ে অবৈধ অর্থ পরিশোধের পরিমাণ ১১ হাজার ৩১০ টাকা। 

জরিপে উঠে এসেছে, ভূমি খাতে ঘুষের মাধ্যমে সারা দেশে প্রায় ৩ হাজার ৮১ কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে, যা সরকারি সেবা খাতগুলোর মধ্যে সর্বোচ্চ।

এছাড়া দেশে বিচারাধীন ৪৭ লাখের বেশি মামলার বড় একটি অংশই ভূমি-সংক্রান্ত বিরোধের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রযুক্তির কার্যকর ব্যবহার, স্বচ্ছ প্রশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই ভূমি খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত

অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, সরকার চায় অতীত ও বর্তমান সব সময়ের দুর্নীতির অভিযোগ সমানভাবে তদন্তের আওতায় আসুক।

অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ তদন্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এর কোনো তামাদি নেই। তাই যেকোনো সময় অভিযোগের তদন্ত করা সম্ভব। দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন কমিশন। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা, আগের আওয়ামী লীগ সরকারের কেউ কিংবা বর্তমান সরকারের কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে দুদকের উচিত স্বাধীনভাবে তদন্ত করা।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সার্বিক কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন ডা. জাহেদ উর রহমান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কার্যক্রম নিষেধাজ্ঞা থাকাকালীন আওয়ামী লীগ কোনো নামেই রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন তিনি। বলেন, যত দিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকবে, তত দিন তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে না। কোনো নামেই পারবে না।

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি নিষেধাজ্ঞা থাকলেও কিছু গণমাধ্যম এটি মানছে না জানিয়ে গণমাধ্যমকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম তার বিদ্বেষমূলক বক্তব্য ছড়ায়। এ বিষয়ে ওই বছরের ৫ ডিসেম্বর তার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তথ্য উপদেষ্টা বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে। সেই ক্ষেত্রে গণমাধ্যমগুলো আইন এবং রীতিনীতি মেনে প্রচার করবে এবং এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা করছি।

ব্রিফিংয়ে তিনি জানান, ভারত সীমান্তে ১৬৫টি এবং মিয়ানমার সীমান্তে ১৫টি পুশ ইন ঠেকিয়েছে বিজিবি।