• ই-পেপার

নয়াদিল্লি বিমানবন্দর থেকে ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশে ফিরলেন ৫৬৮৬৮হাজি, মারা গেছেন ৫২

অনলাইন ডেস্ক
দেশে ফিরলেন ৫৬৮৬৮হাজি, মারা গেছেন ৫২

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ জন বাংলাদেশি হাজি। দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫২ হাজার ৫৫৫ জন।

এদিকে হজ পালনে সৌদিতে গিয়ে হজ সম্পন্ন হওয়ার আগে এবং পরে এখন পর্যন্ত মারা গেছেন ৫২ জন বাংলাদেশি। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা যান।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্যে জানা যায়, ১৫ জুন (সৌদি সময়) পর্যন্ত দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সংস্থাটি এখন পর্যন্ত ২৩ হাজার ৯৪৫ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ ছাড়া সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ১৯ হাজার ৮২৭ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৩৮৩ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ৭১৬ জন হাজি।

হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১৩৪ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৬৩টি, সৌদি এয়ারলাইনস ৫০টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৪ হাজার ১৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৭ হাজার ৮৯১০টি সেবা দেওয়া হয়েছে।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন।

হজযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থা মাঝারি মানের

অনলাইন ডেস্ক
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থা মাঝারি মানের

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিশ্বে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। ফলে বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় প্রায়ই উঠে আসে রাজধানী ঢাকার নাম। তবে সোমবার (১৫ জুন) সকালে দূষণের মাত্রা তুলনামূলক নিয়ন্ত্রণে থাকায় বায়ুমান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে প্রকাশিত সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এ তথ্য প্রকাশ করেছে। ১২২ নগরীর মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ২০তম স্থানে। যার বায়ুমান স্কোর ৮১। এ স্কোর বায়ুমানের দিক থেকে ‘মাঝারি’ শ্রেণির মধ্যে পড়ে, যা সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য।

আইকিউএয়ারের সবশেষ তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এর বায়ুমান স্কোর ১৭৪। এ ছাড়া, ১৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো, ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর, যার বায়ুমান স্কোর ১৫৪, পঞ্চম অবস্থানে থাকা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার বায়ুমান স্কোর ১৫৩।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আমদানি পণ্যের রাসায়নিক পরীক্ষার অনুমতি পেল বেসরকারি ল্যাব

অনলাইন ডেস্ক
আমদানি পণ্যের রাসায়নিক পরীক্ষার অনুমতি পেল বেসরকারি ল্যাব

আমদানি করা পণ্য দ্রুত খালাস ও বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে বেসরকারি ল্যাবরেটরিতেও রাসায়নিক পরীক্ষার অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এনবিআরের কাস্টমস নীতি শাখা থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। 

আদেশে বলা হয়েছে, জননিরাপত্তা, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর পণ্যের আমদানি নিয়ন্ত্রণ, মেধাস্বত্বের সুরক্ষা নিশ্চিত করা, আমদানি নীতি আদেশের শর্ত পরিপালন এবং আমদানিকারকদের ঘোষিত পণ্যের সঠিকতা যাচাইয়ের জন্য কাস্টমস কর্তৃপক্ষ নিয়মিত রাসায়নিক পরীক্ষা করে। বর্তমানে এসব পরীক্ষা কাস্টমস ল্যাবরেটরি অথবা নির্দিষ্ট কিছু সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত ল্যাবরেটরিতে করা হয়। তবে এসব প্রতিষ্ঠানের সক্ষমতার সীমাবদ্ধতা থাকায় পরীক্ষার ফল পেতে দীর্ঘ সময় লাগে। ফলে পণ্য খালাসেও বিলম্ব হয়।

এ সমস্যা নিরসন ও বাণিজ্য সহজীকরণের জন্য এখন থেকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এবং আন্তর্জাতিক মান সংস্থা আইএসও স্বীকৃত বেসরকারি ল্যাবরেটরিতেও আমদানি করা পণ্যের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো যাবে। এসব ল্যাবের পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতেই শুল্কায়ন করা হবে।

তবে এক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দিয়েছে এনবিআর। আদেশ অনুযায়ী, বেসরকারি ল্যাবরেটরিগুলোকে বিএবি অনুমোদিত পরীক্ষণ পদ্ধতি অনুসরণ করতে হবে। পাশাপাশি আমদানি নীতি আদেশে যেসব পণ্যের ক্ষেত্রে নির্দিষ্ট কর্তৃপক্ষ বা ল্যাবরেটরির নাম উল্লেখ রয়েছে, সেসব ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। ওইসব পণ্যের নমুনা সংশ্লিষ্ট নীতিতে নির্ধারিত ল্যাবেই পাঠাতে হবে।

১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

অনলাইন ডেস্ক
১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এই ঝড় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

সোমবার (১৫ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

এদিকে ঢাকাসহ আশপাশের এলাকার জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।