বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বার মা হতে চলেছেন—এ খবর প্রকাশ্যে আসে চলতি বছরের এপ্রিলে। এরপর থেকেই ভক্তদের আগ্রহ ছিল তার নতুন উপস্থিতি ঘিরে। এবার একটি নতুন বিজ্ঞাপনে প্রথমবারের মতো স্পষ্টভাবে দেখা গেল অভিনেত্রীর বেবি বাম্প।
প্রথম সন্তানের সময়ের মতো এবারও মাতৃত্বকালীন বিরতিতে যাননি দীপিকা। গর্ভাবস্থাতেই শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং শেষ করেছেন তিনি। এবার একটি পাঁচতারকা হোটেলের বিজ্ঞাপনে অন্তঃসত্ত্বা অবস্থায় হাজির হয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।
ভিডিওতে দীপিকার আত্মবিশ্বাসী উপস্থিতি ও প্রাণবন্ত অভিব্যক্তি মুগ্ধ করেছে ভক্তদের। গর্ভাবস্থাতেও তার কর্মস্পৃহা এবং সৌন্দর্যের প্রশংসায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম। কেউ তাকে ‘সুপারমম’ বলেও অভিহিত করেছেন।

জানা গেছে, অন্তঃসত্ত্বার চার মাসের সময় বিজ্ঞাপনটির শুটিং করেছিলেন দীপিকা। ভিডিওটি প্রকাশের পর একজন লিখেছেন, ‘দুয়ার মা সুপারস্টার।’ আরেকজনের মন্তব্য, ‘অন্তঃসত্ত্বা অবস্থাতেও কী স্মার্টলি কাজ করেছেন।’
চলতি বছরের এপ্রিলে দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও শুরুতে বিষয়টি নিয়ে নীরব ছিলেন তিনি ও তার স্বামী রণবীর সিং। পরে জল্পনার অবসান ঘটিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন দীপিকা।
সেই ছবিতে তাদের মেয়ে দুয়ার হাতে দেখা যায় একটি প্রেগন্যান্সি টেস্ট কিট। ক্যাপশনে দুটি ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর নিশ্চিত করেন এই তারকা দম্পতি।
দীপিকার সেই ঘোষণার পর অভিনন্দনের জোয়ার বয়ে যায়। সহকর্মী অভিনেত্রী ভূমি পেডনেকার ‘অভিনন্দন’ জানিয়ে মন্তব্য করেন। অভিনেত্রী সামান্থাও একাধিক হৃদয়ের ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান কন্যা দুয়ার জন্ম হয়। এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন এই তারকা দম্পতি।




