• ই-পেপার

আজ আমির খানের বিয়ে

এ বছর বিয়েটা করে ফেলতে পারি : বাপ্পী

বিনোদন প্রতিবেদক
এ বছর বিয়েটা করে ফেলতে পারি : বাপ্পী
সংগৃহীত ছবি

চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর বিয়ে নিয়ে বহুদিন ধরেই ভক্তদের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে। কখনো সহঅভিনেত্রীর সঙ্গে প্রেম, কখনো আবার গোপনে বিয়ে—এমন নানা গুঞ্জন বারবার শোনা গেলেও সেগুলোকে সবসময়ই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। 

এবার অবশ্য নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে সরাসরি মুখ খুললেন এই নায়ক।

শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাপ্পী। সেখানেই তিনি জানান, সবকিছু অনুকূলে থাকলে চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন।

বাপ্পী চৌধুরী বলেন, ‘বিয়েটা এ বছর করে ফেলতে পারি, আশা করা যায়। গোপনে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। সবাইকে জানিয়েই বিয়ে করব।’

দীর্ঘদিন ধরে নিজের ব্যক্তিজীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের প্রসঙ্গও উঠে আসে তার কথায়। বাপ্পীর কথায়, জীবনের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি কখনোই গোপন রাখতে চান না। বরং পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান।

প্রেমের বিয়ে নাকি পারিবারিক পছন্দ—কোনটিকে বেশি গুরুত্ব দেবেন, এমন প্রশ্নের জবাবেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই বাপ্পী।

তিনি বলেন, ‘লাভ ম্যারেজে প্রাধান্য দিলেও বাবা মেনে না নিলে ওই বিয়ে করব না।’

২০১২ সালে চলচ্চিত্রে অভিষেকের পর থেকে বাণিজ্যিক ধারার একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন বাপ্পী চৌধুরী। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বরাবরই সংযত থাকা এই অভিনেতার মুখে এবার বিয়ের ইঙ্গিত শুনে ভক্তদের কৌতূহল আরো বেড়েছে।

পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার তিন নির্মাতা

বিনোদন প্রতিবেদক
পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার তিন নির্মাতা
সংগৃহীত ছবি

সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে  বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে নির্মাতা বদিউল আলম খোকন, মনজুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজুকে।

শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত পরিচালক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য ও নির্মাতা গাজী মাহবুব।

তিনি জানান, সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তিন পরিচালকের সদস্যপদ আজীবনের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রায় এক বছর আগে পরিচালক সমিতির নির্বাচন বাতিলের দাবিতে আদালতে মামলা করেছিলেন নির্মাতা বদিউল আলম খোকন। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছিল প্রয়াত নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে। নির্বাচিত কমিটির বিরুদ্ধে খোকনের এই আইনি পদক্ষেপকে কেন্দ্র করে সমিতির ভেতরে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। পরবর্তীতে সেই ঘটনার ধারাবাহিকতায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

এ ছাড়া ওই মামলার প্রেক্ষাপটে মনজুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজুও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক সমিতির বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণায় যুক্ত ছিলেন বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগও বহিষ্কারের সিদ্ধান্তে বিবেচনায় নেওয়া হয়েছে।

বদিউল আলম খোকন বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের অন্যতম পরিচিত নির্মাতা। শাকিব খান অভিনীত ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’সহ একাধিক ব্যবসাসফল সিনেমা পরিচালনা করেছেন তিনি।

অন্যদিকে রিয়াজুল রিজু ‘বাপজানের বায়োস্কোপ’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের একাধিক সম্মাননা অর্জন করেন।

তবে পরিচালক সমিতির এই সিদ্ধান্তের বিষয়ে বহিষ্কৃত তিন নির্মাতার কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যে কারণে জান্নাতুল পিয়া-তুষ্টিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিনোদন প্রতিবেদক
যে কারণে জান্নাতুল পিয়া-তুষ্টিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টকশোতে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মডেল ও আইনজীবী জান্নাতুল পিয়া ও অভিনেত্রী শামীমা তুষ্টিসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

অভিযোগটি করেছে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন চ্যানেল আইয়ের উপস্থাপিকা সোমা ইসলাম, সাংবাদিক আনিস আলমগীর, সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোমিন মেহেদী, মারিয়া কিসপট্টা, জান্নাতুল পিয়া এবং অভিনেত্রী শামীমা তুষ্টি।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠন এই অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হবে।

অভিযোগকারী রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য মিল্লাত হোসেন জানান, গত ৩ জুলাই বিকেল ৪টার দিকে শাহবাগের হাদী চত্বরে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন বক্তব্য ও ভিডিও তাদের নজরে আসে। পরে সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়।

লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং টেলিভিশন টকশোতে জুলাই গণঅভ্যুত্থান, আন্দোলনে অংশগ্রহণকারীদের পাশাপাশি শহীদ ও আহতদের নিয়ে আপত্তিকর, বিভ্রান্তিকর ও কটূক্তিমূলক মন্তব্য করেছেন। এসব বক্তব্যের মাধ্যমে আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, অপপ্রচার চালানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে।

অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আবেদন জানিয়েছেন অভিযোগকারী।

তবে এ বিষয়ে অভিযুক্তদের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রবল বৃষ্টি উপেক্ষা করেই চলছে আমিরের বিয়ের প্রস্তুতি

বিনোদন ডেস্ক
প্রবল বৃষ্টি উপেক্ষা করেই চলছে আমিরের বিয়ের প্রস্তুতি
সংগৃহীত ছবি

মুম্বাইজুড়ে টানা বৃষ্টির মধ্যেও থেমে নেই প্রস্তুতি। সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে আগামীকাল রবিবার (৫ জুলাই) দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান। বিশেষ এই আয়োজনকে ঘিরে সাজিয়ে তোলা হয়েছে তার পালি হিলের বাসভবন।

শনিবার সকাল থেকেই আমিরের বাড়িতে ব্যস্ত সময় পার করছেন সাজসজ্জার কর্মীরা। প্রবল বর্ষণের মধ্যেও আলোকসজ্জা, আসবাবপত্র আনা এবং অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রাখতে দেখা গেছে তাদের। অনেকেই রেইনকোট পরে কাজ করেছেন, যাতে আবহাওয়ার কারণে আয়োজনের কোনো ব্যাঘাত না ঘটে।

বিয়ের আগে একে একে আমিরের পরিবারের সদস্যদেরও বাসভবনে পৌঁছাতে দেখা গেছে। অনুষ্ঠানের প্রস্তুতিতে অংশ নিতে অভিনেতার বোনসহ ঘনিষ্ঠ স্বজনরা আগেভাগেই সেখানে উপস্থিত হয়েছেন।

জানা গেছে, আমির ও গৌরী শুরু থেকেই নিজেদের বিয়েকে ব্যক্তিগত রাখতে চেয়েছেন। তাই কোনো বিলাসবহুল ভেন্যু নয়, বরং অভিনেতার নিজ বাড়িতেই অনুষ্ঠিত হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্য এবং অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কেউ এই আয়োজনে থাকছেন না।

কয়েক দিন আগে পরিচালক রাজকুমার হিরানির একটি ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে আমির নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, ৫ জুলাই তাদের জীবনের একটি বিশেষ দিন। তাই ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই ছোট পরিসরে নতুন জীবনের সূচনা করতে চান তারা। একই সঙ্গে সবার কাছে ভালোবাসা ও আশীর্বাদও কামনা করেন এই অভিনেতা।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন তিনি। এবার দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটের হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।