• ই-পেপার

কী হয়েছে সোনু নিগমের?

‘কল্কি’র সিক্যুয়ালে দীপিকার জায়গায় আলিয়া?

বিনোদন ডেস্ক
‘কল্কি’র সিক্যুয়ালে দীপিকার জায়গায় আলিয়া?
সংগৃহীত ছবি

বহুল আলোচিত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়াল নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। সম্প্রতি বলিউডে গুঞ্জন উঠেছে, ছবির দ্বিতীয় কিস্তিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী আলিয়া ভাটকে।

প্রথম ছবিতে অন্যতম প্রধান চরিত্র সুমতির ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। তবে ৮ ঘণ্টা শুটিং করার দাবির প্রেক্ষিতে সিক্যুয়ালটি থেকে বাদ পড়েন অভিনেত্রী। প্রযোজনা সংস্থা এক বিজ্ঞপ্তিতে দীপিয়াক্র না থাকার বিষয়টি জানিয়েছিলেন। 

এর মধ্যেই আলিয়া ভাটকে ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, হায়দরাবাদে চলমান শুটিংয়ের কিছু অংশে তিনি ইতিমধ্যেই অংশ নিয়েছেন। তবে তাঁর চরিত্রটি দীপিকার সুমতি চরিত্রের ধারাবাহিকতা নয়। বরং গল্পে নতুন ও গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যেতে পারে তাঁকে।

চলচ্চিত্রসংশ্লিষ্ট সূত্রের দাবি, সিক্যুয়ালের কাহিনিতে এই নতুন চরিত্রটির বিশেষ গুরুত্ব থাকবে। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি আলিয়া কিংবা নির্মাতারা।

আলিয়ার নাম সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, বড় বাজেটের এই ফ্র্যাঞ্চাইজিতে তাঁর যুক্ত হওয়া ছবির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াবে। আবার কেউ তুলনা টানছেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে।

অন্যদিকে, ছবিতে সাই পল্লবীর যুক্ত হওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সুমতি চরিত্রে তাঁকে দেখা যেতে পারে। তবে এ তথ্যও এখনো নিশ্চিত নয়।

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ছবিটিতে অভিনয় করেছিলেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাড়ুকোন। 

জানা গেছে, সিক্যুয়ালেও প্রভাস, অমিতাভ ও কমল হাসান গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরছেন এবং তাঁদের একাধিক শুটিং সূচিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

এদিকে আলিয়া ভাট বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন স্পাই-অ্যাকশনধর্মী ছবি ‘আলফা’ নিয়ে। সম্প্রতি প্রকাশিত ছবিটির প্রথম ঝলক নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে বলিউডের অনেকেই আলিয়ার অ্যাকশন অবতারের প্রশংসা করেছেন।

‘১৬ বছর ধরে আমাকে বুলিং করা হচ্ছে’, ক্ষোভ ঝাড়লেন প্রভা

বিনোদন ডেস্ক
‘১৬ বছর ধরে আমাকে বুলিং করা হচ্ছে’, ক্ষোভ ঝাড়লেন প্রভা
সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল, কটূক্তি ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। প্রায় ১৬ বছর ধরে চলা এই মানসিক হয়রানি নিয়ে এতদিন প্রকাশ্যে খুব একটা কথা না বললেও সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে নিজের অভিজ্ঞতা ও ক্ষোভের কথা তুলে ধরেছেন তিনি।

লাইভে প্রভা জানান, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে তিনি দীর্ঘ সময় নীরব ছিলেন। তবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে এখন আর চুপ থাকা সম্ভব নয় বলেই মনে করছেন। একই সঙ্গে অনলাইনে অন্যকে অপমান, ট্রল বা কটূক্তি করা ব্যক্তিদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।

অভিনেত্রীর মতে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যকে আক্রমণ করে, অপমানজনক মন্তব্য করে বা গালাগাল করে, তাদের অনেকেই নিজেদের জীবন নিয়ে অসন্তুষ্ট এবং মানসিক নিরাপত্তাহীনতায় ভোগেন।

নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রভা বলেন, ‘আমাকে বুলিং করা হচ্ছে অলমোস্ট ১৬ বছর ধরে। আপনারা আমাকে বুলিং করে মজা পান, এটা আপনাদের একটা পৈশাচিক আনন্দ হয়, তা আমি টোটালি আন্ডারস্ট্যান্ড করি। কিন্তু ঠিক যতটুকু আমাকে বুলিং করছেন, তার যদি ৫০ পার্সেন্ট আমাকে (ভিকটিমকে) করে বাকি ৫০ পার্সেন্ট ক্রিমিনালটাকে খুঁজে বের করে মক করতেন, ওকে নিয়ে লেখালেখি করতেন, ওর চেহারাটা বারবার মানুষের সামনে আনতেন যে ও একজন ক্রিমিনাল, তাহলে পরিস্থিতি এমন হতো না।’

অভিনেত্রীর দাবি, আমাদের সমাজে ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকেই দোষারোপ করার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য বা গোপনীয় বিষয় প্রকাশ করা গুরুতর অপরাধ হলেও অনেক সময় অপরাধীদের বদলে ভুক্তভোগীকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আপনারা আমাকে যতটা বুলিং করেছেন, তার অর্ধেকও যদি প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে করতেন, তাহলে অনেক অপরাধীর জন্ম হতো না।’

অপরাধীদের জবাবদিহির আওতায় আনার পরিবর্তে যখন সমাজ ভুক্তভোগীদেরই বারবার মানসিকভাবে আঘাত করে, তখন সেই সংস্কৃতি আরো ভয়াবহ রূপ নেয় বলে মনে করেন প্রভা। 

ভিডিও বার্তায় তিনি মানসিক স্বাস্থ্য সচেতনতা, শৈশবের মানসিক আঘাত (চাইল্ডহুড ট্রমা) এবং সঠিক পারিবারিক শিক্ষার গুরুত্ব নিয়েও কথা বলেন। পাশাপাশি সাইবার বুলিং ও ভিকটিম ব্লেমিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এই অভিনেত্রী।

মোশাররফ করিমের ওপর ‘হামলা’, অস্বীকার করলেন অভিনেতা

বিনোদন প্রতিবেদক
মোশাররফ করিমের ওপর ‘হামলা’, অস্বীকার করলেন অভিনেতা
সংগৃহীত ছবি

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে কলকাতায় একটি অপ্রীতিকর ঘটনার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে দাবি করেন, কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে নিয়ে হাঁটার সময় কয়েকজন ব্যক্তি মোশাররফ করিমকে উদ্দেশ করে কটূক্তি করেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির মতো অবস্থারও সৃষ্টি হয় বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।
পোস্টে আরো দাবি করা হয়, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিনেতাকে নিরাপদ স্থানে যেতে সহায়তা করেন।

‘মোশাররফ করিম কলকাতায় হামলার স্বীকার হয়েছেন’  এমন শিরোনামে সংবাদ ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও ঘটনাটিকে অস্বীকার করেছেন অভিনেতা। গণমাধ্যমে অভিনেতা বলেন, ‘ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়, কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন ততটুকু এই ঘটনায় নেই, বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’

পুরো বিষয়টিকে ভিত্তিহীন বলেও উল্লেখ করেন মোশাররফ করিমের স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁই।

এ ছাড়া কলকাতার নিউমার্কেট এলাকার সেই কস্তুরি রেস্টুরেন্ট কর্তৃপক্ষও এই বিষয়ে কিছু বলতে পারেননি। তারা এরকম কিছু দেখেননি এবং জানেন না বলে জানিয়েছেন।  

এদিকে বিষয়টি নিয়ে মোশাররফ করিমের সঙ্গে কথা হয়েছে অভিনেতা শামীম জামানের। তিনি অভিনয় শিল্পী সংঘকে অবহিত করেছেন যে, সোশ্যাল মিডিয়ায় যে খবরটি ছড়িয়েছে সেটি মিথ্যা। এরকম কোনো কিছুই ঘটেনি। 

জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তাঁর স্ত্রী জুঁই। কয়েক দিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক
রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের
সংগৃহীত ছবি

বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের ঘনিষ্ঠ অতিথিদের তালিকায় জায়গা করে নিয়েছেন এই আন্তর্জাতিক তারকা। এবার সেই সম্পর্কেরই নতুন এক দিক সামনে এসেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রিহানাকে দেখা যায় একটি নজরকাড়া হীরার ব্রেসলেট পরিহিত অবস্থায়। ব্রেসলেটটি নিয়ে আলোচনা শুরু হলে গায়িকা জানান, এটি তিনি আম্বানি পরিবারের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন।

২০২৪ সালে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক্‌বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করতে ভারতে এসেছিলেন রিহানা। পরে ফ্রান্সে আয়োজিত বিলাসবহুল ক্রুজ উদ্‌যাপনেও অংশ নেন তিনি। এরপর বিভিন্ন সময়ে ভারত সফরের সূত্রে আম্বানি পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ আরো ঘনিষ্ঠ হয়।

Rihanna Flaunts INR 2.2 Crore Diamond Bracelet Gifted by the Ambanis in  Viral Fit Check Video – WATCH | ? LatestLY

সম্প্রতি নিজের প্রসাধনী ব্র্যান্ডের প্রচারণার কাজে মুম্বাই সফরে গিয়ে আম্বানিদের আতিথ্য গ্রহণ করেন রিহানা। সেই সফরেই তিনি মূল্যবান উপহারটি পেয়েছেন বলে জানা গেছে।

এক নজরে ব্রেসলেটটি সাধারণ মনে হলেও গয়না বিশেষজ্ঞদের মতে এটি অত্যন্ত দামি ও বিরল একটি অলংকার। খ্যাতনামা গয়না বিশেষজ্ঞ প্রিয়াংশু গোয়েলের দাবি, হীরাখচিত ‘টেনিস ব্রেসলেট’টির আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ২০ লাখ রুপি।

রিহানার গয়নার প্রতি ভালোবাসার কথা ভক্তদের অজানা নয়। বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে প্রায়ই বিরল ও ব্যয়বহুল গয়নায় দেখা যায়। সাম্প্রতিক সেই সাক্ষাৎকারেও তাঁর হাতে ছিল একাধিক ভিন্টেজ হীরার ব্রেসলেট, একটি বিলাসবহুল রোলেক্স ঘড়ি এবং আঙুলে ‘মম’ লেখা একটি বিশেষ আংটি। পাশাপাশি গলায় শোভা পাচ্ছিল বিখ্যাত জুয়েলারি ব্র্যান্ড মেরিনা বি-র একটি হীরার নেকলেস, যা তিনি ডেনিম পোশাকের সঙ্গে পরেছিলেন।

অন্যদিকে, নীতা আম্বানিও তাঁর ব্যতিক্রমধর্মী ও দুষ্প্রাপ্য গয়নার সংগ্রহের জন্য পরিচিত। আম্বানি পরিবারের আয়োজনে আগত অতিথিদের মূল্যবান উপহার দেওয়ার রীতিও দীর্ঘদিনের। রিহানার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি বলেই মনে করছেন অনেকে।