• ই-পেপার

হাজারীবাগে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘ফুলবাড়িয়া নগরপ্লাজা দখল করে দলীয় কার্যক্রম চালিয়ে আসছে জামায়াত’

অনলাইন ডেস্ক
‘ফুলবাড়িয়া নগরপ্লাজা দখল করে দলীয় কার্যক্রম চালিয়ে আসছে জামায়াত’

রাজধানীর গুলিস্তানে অবস্থিত ফুলবাড়িয়া নগরপ্লাজা দখল করে জামায়াতে ইসলামীর কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমিতির পরিচালক রবিউল ইসলাম রুবেল এই অভিযোগ তুলেছেন।

রবিবার (৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রবিউল ইসলাম রুবেল বলেন, ‘এই ফুলবাড়িয়া নগরপ্লাজা মার্কেট দীর্ঘদিন থেকে জামায়াত অবৈধভাবে দখলদারিত্ব করে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে।’

তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে যারা ওখানে যাতায়াত করতাম, এগুলোর প্রতিবাদ করতাম। তারা মবের ভয় দেখিয়ে আমাদের চুপ করিয়ে রাখত। সাধারণ ব্যবসায়ীদেরও ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখত।’

এই ব্যবসায়ী নেতা বলেন, ‘এর পরিপ্রেক্ষিতে সমবায়ের লোকজন আইন-শৃঙ্খলা বাহিনীর লোক নিয়ে এসে মার্কেট তাদের নিয়ন্ত্রণে নেয়। জামায়াত এটা থেকে বিতাড়িত হওয়ার পরে সংঘবদ্ধ হয়ে আবার পাল্টা মার্কেট দখল করতে আসছে। তারা বিএনপির লোকজনের ওপর আক্রমণ করেছে এবং সাধারণ ব্যবসায়ীদের ওপর আক্রমণ করেছে।’

ঢাকায় এয়ার অ্যাস্ট্রার জরুরি অবতরণ, অল্পের জন্য রক্ষা পেলেন ৭৪ আরোহী

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় এয়ার অ্যাস্ট্রার জরুরি অবতরণ, অল্পের জন্য রক্ষা পেলেন ৭৪ আরোহী
সংগৃহীত ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে থাকা অবস্থায় একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকায় জরুরি অবতরণ করেছে এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ মডেলের একটি উড়োজাহাজ। রবিবার (৫ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় বিমানে থাকা ৭০ জন যাত্রী ও ৪ জন ক্রুসহ মোট ৭৪ জনই অক্ষত রয়েছেন।

জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে উড়োজাহাজটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিল। উড্ডয়নের কিছু সময় পরই পাইলট ইঞ্জিনে ত্রুটি শনাক্ত করেন। পরিস্থিতি বিবেচনায় ঝুঁকি না নিয়ে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ সম্পন্ন করেন।

জরুরি অবতরণের পরপরই সব যাত্রীকে নিরাপদে টার্মিনালে সরিয়ে নেওয়া হয়। বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যরা সম্পূর্ণ সুস্থ এবং শঙ্কামুক্ত রয়েছেন।

এদিকে, গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হওয়ায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ওই যাত্রীদের জন্য তাৎক্ষণিকভাবে বিকল্প একটি উড়োজাহাজের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। কি কারণে ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডিএসসিসির উচ্ছেদ অভিযানে অবৈধ নার্সারি ও দোকানপাট অপসারণ

নিজস্ব প্রতিবেদক
ডিএসসিসির উচ্ছেদ অভিযানে অবৈধ নার্সারি ও দোকানপাট অপসারণ
ছবি: কালের কণ্ঠ

রাজধানীর সবজি বাগান এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট এবং স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রবিবার (৫ জুলাই) সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নার্সারি স্থাপন করার দায়ে আটজন নার্সারি মালিককে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আজ সন্ধ্যা ৬টার মধ্যে নার্সারির সব গাছ সম্পূর্ণভাবে সরিয়ে ফেলার কঠোর নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, নগরীর সৌন্দর্য বর্ধন, উন্মুক্ত স্থান দখলমুক্তকরণ এবং জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান।

অভিযানকালে সবজি বাগান এলাকার সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা সব ধরনের অবৈধ অস্থায়ী দোকানপাট ও স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে এলাকাটি সম্পূর্ণরূপে খালি ও পরিষ্কার করা হয়। এছাড়া, অবৈধভাবে নার্সারি পরিচালনা করায় আট মালিকের বিরুদ্ধে আটটি মামলা করে জরিমানা আদায় করা হয়।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর পরিবেশ রক্ষা এবং জনসাধারণের চলাচলের পথ সুগম রাখতে অবৈধ দখলের বিরুদ্ধে এই ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে।

আমিনবাজারের ময়লা সরাতে ৭ দিনের সময় বেঁধে দিলেন ডিসি ফরিদা

নিজস্ব প্রতিবেদক
আমিনবাজারের ময়লা সরাতে ৭ দিনের সময় বেঁধে দিলেন ডিসি ফরিদা

ঢাকার সাভারের আমিনবাজারে মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটারজুড়ে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে সংশ্লিষ্টদের ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম। একই সঙ্গে ওই এলাকায় সৌন্দর্যবর্ধন ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সড়কের দুই পাশে মাটি ভরাট করে ব্যাপক বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন তিনি।

রবিবার (৫ জুলাই) আমিনবাজার এলাকায় পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক এ নির্দেশনা দেন।

পরিদর্শনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে দীর্ঘ প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ফেলার কারণে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশ জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করছে।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আমিনবাজারের মতো গুরুত্বপূর্ণ প্রবেশপথে এ ধরনের পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুততম সময়ের মধ্যে এখানকার সব ময়লা-আবর্জনা অপসারণ করা হবে। ভবিষ্যতে যাতে এখানে আর ময়লা ফেলা না হয়, সেজন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, বর্তমান স্থানের পরিবর্তে দূরবর্তী এলাকায় উপযুক্ত খাস জমি চিহ্নিত করে সেখানে একটি নির্ধারিত ডাম্পিং স্টেশন স্থাপন করা হবে। ফলে আবাসিক ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে আর বর্জ্য ফেলার প্রয়োজন হবে না।

জেলা প্রশাসক আরো বলেন, সড়কের দুই পাশে মাটি ভরাট করে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সেখানে সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে। এর মাধ্যমে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে রাজধানীর প্রবেশপথ আরো পরিচ্ছন্ন ও আকর্ষণীয় হয়ে উঠবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য সাভার গড়ে তোলা। এ কাজে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলার সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাভার উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে আগামী ৭ দিনের মধ্যে রাস্তার দুই পাশের সব ময়লা-আবর্জনা অপসারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জেলা প্রশাসনকে জানাতেও বলা হয়েছে।