রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশকে’ (৫০) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রবিবার (১৪ জুন) রাত সোয়া ১২টার দিকে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে তাকে অন্য হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
এর আগে গত শুক্রবার দুপুরে পশ্চিম রামপুরার মক্কি মসজিদ সংলগ্ন রয়েল মিষ্টির দোকানের সামনে তাকে গুলি করা হয়।
প্রাথমিক তথ্যে জানা যায়, আগে থেকেই দুই যুবক সেখানে অবস্থান করছিল। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তারা পলাশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া দিলে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পলাশকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে।





