• ই-পেপার

বুড়িগঙ্গা নদী রক্ষায় জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দের দাবি

মেট্রো রেল চলাচলের সময় বাড়ছে

অনলাইন ডেস্ক
মেট্রো রেল চলাচলের সময় বাড়ছে

রাতে মেট্রো রেল চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (৭ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের তথ্য মতে, রবিবার থেকে মেট্রো রেলের চলাচলের সময় রাতের দিকে উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানো হচ্ছে। ফলে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে শেষ ট্রেন রাত সাড়ে ১০টায় ছেড়ে যাবে, যা বর্তমানে রাত ১০টা ১০ মিনিটে ছাড়ে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যেখানে বর্তমানে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ৯টা ৩০ মিনিটে।

মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, রাতের চলাচলের সময় বাড়ানোর আগে এ বিষয়ে গত এক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। এর অংশ হিসেবে রবিবার থেকে বর্ধিত সময়সূচিতে যাত্রী পরিবহন শুরু হবে। তবে প্রাথমিকভাবে অতিরিক্ত ২০ মিনিটে মাত্র একটি করে ট্রিপ পরিচালনা করা হবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলের দিকে এবং আরেকটি ট্রেন উত্তরার দিকে চলাচল করবে। ফলে এ সময় এক ট্রেনের পর আরেক ট্রেনের মধ্যে ১০ মিনিটের বিরতি থাকবে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, ‘রাতে ২ দিক থেকেই মেট্রো রেল চলাচলের সময় বাড়ানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, রবিবার থেকে রাতে উভয় দিক থেকে ২০ মিনিট বাড়তি চলাচল করবে।

সিজেএফডির নতুন সভাপতি শামীম জাহাঙ্গীর, সম্পাদক তৌহিদ

অনলাইন ডেস্ক
সিজেএফডির নতুন সভাপতি শামীম জাহাঙ্গীর, সম্পাদক তৌহিদ
সংগৃহীত ছবি

ঢাকায় চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন ‘চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকার (সিজেএফডি) নতুন কমিটি (২০২৬-২৮) গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে জাস্ট এনার্জি নিউজের সম্পাদক মো. শামীম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক আরটিভির বিশেষ প্রতিনিধি তৌহিদুর রহমান নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন
ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ

 

শনিবার (৬ জুন) দুপুরে ফকিরাপুলের সন্দ্বীপ ভবনে সিজেএফডির নিজস্ব কার্যালয়ে বিশেষ সাধারণ সভা শেষে ফোরাম সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি মোর্শেদ নোমান (সরাসরি), যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সিকদার (বৈশাখী টিভি) অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম রানা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), দপ্তর সম্পাদক শাহরিয়ার হাসান (শাহরিয়ার বাঁধন) (চ্যানেল ওয়ান) এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এম এ আহাদ শাহীন (দৈনিক আমার দেশ)। 

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন মুজিব মাসুদ (যুগান্তর), জাগরণ চাকমা (ডেইলি স্টার), নঈমুদ্দিন (রাইজিংবিডি), হুমায়ুন কবির (যুগান্তর), কামার উদ্দিন (ফ্রিল্যান্সার), প্রসেনজিত চৌধুরী (দৈনিক জনতা), শিপংকর শীল (টাইমস অব বাংলাদেশ)।

এর আগে সিজেএফডির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ি কমিটির সভাপতি মুজিব মাসুদ। নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার মাসুমুর রহমান খলিলী ও সাইফ ইসলাম দিলাল।

আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী, মোস্তফা কামাল, মাসুমুর রহমান খলিলী, সাইফ ইসলাম দিলাল, অনুপ দস্তগীর। আরো উপস্থিত ছিলেন শাহেদ সিদ্দিকী, মোমেনা আক্তার পপি, সাইফ উদ্দিন, মুমিন উদ্দিন খালেদ প্রমুখ।

সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের

অনলাইন ডেস্ক
সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের
সংগৃহীত ছবি

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আজীবন থাকার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবারের সদস্যদের জন্য আজীবন বিনা মূল্যে চিকিৎসা, শিক্ষাসহায়তা, চাকরির সুযোগ এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির লিগ্যাল টিমের সদস্য আইনজীবী শিশির মনির।

আরো পড়ুন
উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩, দুজন আশঙ্কাজনক

উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩, দুজন আশঙ্কাজনক

 

শিশির মনির বলেন, এখন পর্যন্ত ওই হাসপাতালে এ ঘটনার মতো আর কোনো দুর্ঘটনা একবারও সংঘটিত হয়নি। এই ঘটনায় হাসপাতাল পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে। তারা তদন্ত করেছে। ইতিমধ্যে ওই সেকশনগুলোতে দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের একটি তদন্ত প্রতিবেদন আমাদের কাছে এসেছে। এই পরিস্থিতিতে আদ্-দ্বীন হাসপাতাল এ ঘটনায় ভুক্তভোগীদের পাশে আজীবন দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন- প্রথমত, ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য—অর্থাৎ মা-বাবা কিংবা ভাই-বোন যত দিন জীবিত থাকবেন, তারা আদ্-দ্বীন হাসপাতালে সব রোগের ফ্রি চিকিৎসা পাবেন, ওষুধ ছাড়া। 

দ্বিতীয়ত, হাসপাতালের মেডিক্যাল কলেজে কোনো উপযুক্ত ছাত্র যদি থাকে এই পরিবারের, তারা বিশেষ বৃত্তিতে এই মেডিক্যাল কলেজগুলোতে পড়াশোনা করতে পারবেন। এ ছাড়া এই পরিবারগুলোর কেউ যদি মনে করেন তারা উপযুক্ত, তাহলে হাসপাতাল সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে তারা চাকরি পাওয়ার হকদার হবেন। আদ্-দ্বীন হাসপাতাল মনে করে, এই ঘটনার জন্য ভুক্তভোগী পরিবারের পাশে একটি সম্মানজনক এবং রেসপেক্টফুল পজিশনে ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে।

শিশির মনির দাবি করেন, ভুক্তভোগী পরিবারের কাছে প্রাপ্ত তথ্য এবং দুটো তদন্ত প্রতিবেদন একসঙ্গে পাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের পক্ষ থেকে কমেন্ট হলো, ‘এটি একটি অনিচ্ছাকৃত অবহেলার ফল এবং ভুক্তোভোগী পরিবার এবং আদ্-দ্বীনহাসপাতাল একসঙ্গে মনে করে, এই ঘটনার জন্য হাসপাতাল যেন পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং বন্ধ না হয়। এ বিষয়ে সবাই একমত। কিন্তু যে বা যার অবহেলার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে, সে বা তার উপযুক্ত আইনি পদক্ষেপও তারা দাবি করেন। এ ছাড়া তারা মনে করেন, ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শুধু আদ্-দ্বীন হাসপাতালে নয়, বাংলাদেশেই যেন ভবিষ্যতে এ রকম কোনো ঘটনা না ঘটে, এ বিষয়ে কনসার্ন অথরিটির কাছেও তারা কথা বলেছেন এবং এ রকম পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে একটি তদন্ত প্রতিবেদন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং আদ্-দ্বীন হাসপাতালকে তারা ৭২ ঘণ্টার ভেতরে কারণ দর্শাতে বলেছেন যে কেন হাসপাতালের লাইসেন্স ক্যানসেল করা হবে না। আগামীকাল বিকেল ৫টার মধ্যে কারণ দর্শানোর জন্য চিঠি পাঠিয়েছে। ওটা যেহেতু একটা লিগ্যাল প্রসেস, এটি হাসপাতাল কর্তৃপক্ষ লিগ্যালি মোকাবেলা করবে।

শিশির মনির বলেন, আমরা কেউই জীবন ফিরিয়ে দিতে পারব না, জীবন ফিরিয়ে দেওয়ার এখতিয়ার আমাদের নেই। কিন্তু মানুষের পক্ষে যা যা করণীয় সম্ভব, তা সব কিছু করার জন্য উই আর রেডি।  

উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩, দুজন আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক
উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩, দুজন আশঙ্কাজনক
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরার উত্তরখানের এক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- হাসনা হেনা (৪০), আখি (২৫) ও আলী হোসেন (৫০)।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সুমন আফসারি জানিয়েছেন, সকালে রান্না করতে গিয়েছিলেন হাসনা হেনা। এ সময় লিকেজ থেকে জমে থাকা আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে পরিবারের তিনজন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, উত্তরখান এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন এখানে এসেছেন। তাদের মধ্যে আলী হোসেনের ১০০ শতাংশ দগ্ধ, হাসনা হেনার ৬০ শতাংশ ও আখির ১৫ শতাংশ দগ্ধ। তাদের তিনজনকেই ভর্তি করা হয়েছে, দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে আলী হোসেন ও হাসনা হেনার অবস্থা খুবই আশঙ্কাজনক।