রাজধানীর ভাটারা এলাকার একটি ভাড়া বাসায় মোছা. শিরিন সুলতানা (৩৩) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৫ জুন) বিকেল আড়াইটার দিকে ভাটারা বিজয়পত্র বাঁশতলা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
মৃত শিরিন সুলতানা নারায়ণগঞ্জ সদর উপজেলার নয়াপাড়া গ্রামের মামুন মোর্শেদের স্ত্রী। তার বাবার নাম মৃত আব্দুল কাদের, গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভূঁইয়াবাড়ী গ্রামে। বর্তমানে ভাটারা এলাকায় স্বামীর সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
হাসপাতালে নিয়ে আসা নিহতের স্বামী মামুন মোর্শেদ জানান, পাঁচ বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাদের বিয়ে হয়েছিল। শিরিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এ জন্য চিকিৎসকের শরণাপন্নও হয়েছিলেন।
ঘটনার বিবরণ দিয়ে মামুন মোর্শেদ বলেন, আজ দুপুরে আমি জুমার নামাজ পড়তে গিয়েছিলাম। নামাজ শেষে বাসায় ফিরে দেখি মেইন গেট বন্ধ। অনেক সময় ধরে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাইনি। পরে বাড়িওয়ালার কাছ থেকে মেইন গেটের চাবি নিয়ে ভেতরে ঢুকে দেখি, ও বেডরুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।
তিনি আরো বলেন, পরে বাড়িওয়ালার সহযোগিতায় শিরিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এম জেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় (ভাটারা থানা) অবগত করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




