• ই-পেপার

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ প্রকৌশলী তামিম মারা গেছেন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একই পরিবারের ৪ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একই পরিবারের ৪ সদস্য আটক
ছবি: কালের কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জ শহরে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ একটি মাদক কারবারি পরিবারের চার সদস্যকে আটক করা হয়েছে।

আটকরা হলেন শহরের ফুলকুঁড়ি সিএন্ডবি ঘাট এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মাসিরুন বেগম (৫০) এবং দুই ছেলে মো. শুকুদ্দি (৩৪) ও মাসুদ রানা (২৮)।

অভিযানে ৫টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ১টি সোনার ও ৭টি রুপাসহ অন্যান্য ধাতুর আংটি, ১টি ডিজিটাল ওজন মাপার যন্ত্র, ১টি পাসপোর্ট, হেরোইন প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম এবং মাদক বিক্রির ২৪ হাজার ৩২০ টাকা নগদ জব্দ করা হয়।

পুলিশ জানায়, রবিবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে ফুলকুঁড়ি এলাকায় আব্দুর রহমানের নিজস্ব তিনতলা বাড়িতে হেরোইনের চালান থাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সদর থানা পুলিশের পরিচালিত ঘণ্টাব্যাপী এ অভিযানে আনুমানিক ২ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় একই পরিবারের চার সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় রবিবার বিকেল সোয়া ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, আব্দুর রহমান পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। তিনি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। এর আগে তার বিরুদ্ধে হেরোইন-সংক্রান্ত দুটি মামলা রয়েছে। তার স্ত্রী ও দুই ছেলেও মাদক কারবারে সহযোগিতা করতেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া হেরোইনের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনকে জনবান্ধব করতে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রশাসনকে জনবান্ধব করতে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আধুনিক ও যুগোপযোগী প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সরকারি সেবা নিশ্চিত করা সম্ভব। উপজেলা পর্যায়ে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

রবিবার (৫ জুলাই) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুর ৩টায় প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়া উপজেলায় পৌঁছালে উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি ফিতা কেটে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কয়েকটি গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সবাইকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়া উচিত।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, স্থানীয় সংসদ সদস্য কামরুল হাসান মিলন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ৮ কোটি ৬ লাখ ৮২ হাজার ৮৮৬ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের কাজ ২০২৪ সালের ২২ জানুয়ারি শুরু হয়। এমএসই-এমআরই (জেভি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ বাস্তবায়ন করে এবং চলতি বছরের ৩০ এপ্রিল কাজ সম্পন্ন হয়।

একই দিন সকালে নান্দাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

এর আগে  তিনি নান্দাইল উপজেলা বিএনপির সদস্য ও ৩ নম্বর নান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মরহুম আশরাফ আলীর কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

সিংড়ায় গণঅধিকার পরিষদের সভাপতিকে মারধর

সিংড়া (নাটোর) প্রতিনিধি
সিংড়ায় গণঅধিকার পরিষদের সভাপতিকে মারধর
মারধরের স্বীকার সিংড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মামুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা।

নাটোরের সিংড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মামুনকে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এসময় ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। পরে পুলিশের সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভুক্তভোগী মামুন জানায়, রবিবার দুপুরে সিংড়ার শেরকোল দুটি গদি ঘর থেকে ব্যবসার ১৭ লাখ টাকা নিয়ে বের হওয়ার পর শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের লোকজন তাকে তুলে নিয়ে মাসুদ মার্কেটে যায়। এসময় তাকে মারপিট করে ১৭ লাখ টাকা নেয়। খবর পেয়ে স্বজনদের সহাতায় পুলিশ তাকে উদ্ধার করে। 

৫ আগস্টের পর মহাসড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের প্রতিবাদ ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে প্রতিরোধ করায় জয়নাল ক্ষুব্ধ ছিলো এবং নিয়মিত হুমকি দিয়ে আসছিলো বলে অভিযোগ নির্যাতিত মামুনের। 

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনা জানার পর পুলিশ পাঠিয়ে আহতকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা জয়নাল আবেদীনের মুঠোফোনে একাধিকবার কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সিলেটে জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯

নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটে জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯
ছবি: কালের কণ্ঠ

সিলেট বিভাগে জুন মাসে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনই পথচারী। এ সময় আহত হয়েছেন আরো ৩৬ জন। বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সুনামগঞ্জে। তবে মে মাসের তুলনায় জুনে হতাহতের সংখ্যা কমেছে।

রবিবার (৫ জুলাই) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জুন মাসের সড়ক দুর্ঘটনার প্রধান কারণ ছিল পথচারীদের অসচেতনতা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ট্রাফিক নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা এবং সড়কের নির্মাণ ত্রুটি।

জুন মাসে সিলেট বিভাগে ৪টি সড়ক দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৪টি দুর্ঘটনায় ৫ জন সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের চালক ও আরোহী, ৯টি দুর্ঘটনায় ৯ জন বিভিন্ন যানবাহনের চালক এবং ১২টি দুর্ঘটনায় ১২ জন পথচারী নিহত হয়েছেন।

এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে যাওয়ার ৪টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষের ৬টি দুর্ঘটনায় ৫ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে নিহত ২৯ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৫ জন নারী এবং ৪ জন শিশু।

এর আগে মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছিলেন।