• ই-পেপার

জামালপুরে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কেন্দ্রের কমিটি বাতিল

খুলনায় চালককে গলা কেটে ভ্যান নিয়ে উধাও

খুলনা অফিস
খুলনায় চালককে গলা কেটে ভ্যান নিয়ে উধাও
প্রতীকী ছবি

ভ্যান চালককে গলা কেটে ভ্যান নিয়ে উধাও হলো ছিনতাইকারীরা। মর্মান্তিক এ ঘটনাটি ঘটে জেলার দিঘলিয়া উপজেলার গাজীরহাটের মোল্লা ডাঙা এলাকায়। নিহত ব্যক্তির নাম সমির ভট্ট (৪০)।

শনিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে দিঘলিয়ার কেটলা গ্রামের রবিন ভট্টর ছেলে ভ্যানচালক সমির (৪০) যাত্রী নিয়ে মোল্লা ডাঙা সড়ক দিয়ে বারাসাতের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে যাত্রীবেশী দুর্বৃত্তরা সমিরকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে রাস্তায় ফেলে যায়।

এসময় সমিরের গোংরানিতে পার্শ্ববর্তী লোকজন ছুটে গিয়ে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করার কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে মারা যান। মাঝিরগাতী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জামিল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

দিঘলিয়া থানাার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ভ্যানচালককে গলা কেটে ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ভ্যানচালকের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লায় ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণ, অভিযুক্ত আটক
সংগৃহীত ছবি

কুমিল্লার সদর দক্ষিণের বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত খোকনকে (৫০) আটক করেছে পুলিশ। 

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ঝলম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্র জানায়, গত ৩০ জুন ভোর রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় একটি কনফেকশনারি দোকানের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে। তবে শনিবার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীর কাছে সাদা শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি এসে তাকে ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কিছুক্ষণ পর বাজারের এক পাহারাদার ঘটনাস্থলে এসে নারীটিকে দেখতে পান।

ভিডিও বিশ্লেষণ করে পুলিশ সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে খোকনকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করে। স্থানীয়দের দাবি, তিনি এলাকায় জুয়া পরিচালনার সঙ্গে জড়িত এবং একজন চিহ্নিত জুয়াড়ি হিসেবে পরিচিত। 

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ভাইরাল ভিডিওটি আমাদের নজরে আসার পরপরই তদন্ত শুরু করি। পরে অভিযুক্তকে শনাক্ত করে শনিবার সন্ধ্যায় বরুড়া উপজেলার ঝলম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘিওরে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তায় কালীপূজা, খাদ্য বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
ঘিওরে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তায় কালীপূজা, খাদ্য বিতরণ
ছবি: কালের কণ্ঠ

মানিকগঞ্জের ঘিওরে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনাড়ম্বর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি ভাঙনকবলিত অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার চরকুশন্ডা কালীমন্দির প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী বিজন কান্তি সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সহায়তা তুলে দেন। এসময় শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের সঙ্গে মতবিনিময়েও অংশ নেন তিনি।

মন্দির কমিটির সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, এবিজি ফাউন্ডেশন নারী ভক্তদের জন্য একই রঙের শাড়ি ও পুরুষদের জন্য পাঞ্জাবির ব্যবস্থা করে দেয়। এ ছাড়া অনুষ্ঠানের সার্বিক ব্যয়ও বহন করে ফাউন্ডেশনটি। পরে ধলেশ্বরী নদীতে ভাঙনের শিকার অসহায়দের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ খাদ্য সামগ্রী বিতরণ করে ফাউন্ডেশনটি। তাদের এমন মানবিক কাজের জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ।

ভক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিজন কান্তি সরকার বলেন, আমরা সনাতনী হিন্দুরা এই সরকারের শাসনামলে ভালো আছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা উল্লেখ করে বলেন, সব সময় তিনি আমাদের বলেন,  এ দেশটা আমাদের সবার। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পাহাড়ি ও সাঁওতাল কারো কোনো ভেদাভেদ নেই। 

তিনি আরো বলেন, আপনারা সবাই বিএনপিকে সমর্থন করেছেন। এখন তার ফলও পাচ্ছেন। কোথাও কোনো জায়গায় এ সম্প্রদায়ের লোক বিনা অপরাধে নির্যাতনের খবর নেই। আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

আলোচনা সভায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবিব বলেন, মানিকগঞ্জের কোথাও হিন্দুরা জুলুম-অত্যাচারের শিকার হচ্ছেন না। 

তিনি বলেন, আপনাদের দুর্দশার কথা চিন্তা করে মানবিক সেবামূলক প্রতিষ্ঠান এবিজি ফাউন্ডেশনের সহযোগিতায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।

আলোচনা সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এসএন তরুণ দে, মানিকগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপজেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও অংশ নেন।

নোয়াখালীতে সিঁড়ি থেকে পড়ে প্রাণ গেল শিশুর

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে সিঁড়ি থেকে পড়ে প্রাণ গেল শিশুর
সংগৃহীত ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের সামনে থাকা বসার সিঁড়ি থেকে পড়ে জাহিদুল ইসলাম ওরফে জিহাদ (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদি গ্রামের আবুল খোনারদের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ ওই গ্রামের মো. জয়নালের ছেলে এবং স্থানীয় আশরাফুল উলুম মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রতিবেশী জাহিদ হোসেন সাহেদ জানান, দুপুরের খাবার খেয়ে বসত ঘরের সামনের সিঁড়িতে খেলাধুলা করছিল জিহাদ। একপর্যায়ে বিকেল ৩টার দিকে বসতঘরের সামনের সিঁড়ি থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়।

স্বজনদের চিৎকার শুনে আমি ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই জিহাদের মৃত্যু হয়। পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম জানান, ঘটনাটি নিহতের পরিবার পুলিশকে জানায়নি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।