সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন এবং জুয়া বিরোধী আইন কার্যকরের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের সাদ্দার পোল এলাকায় স্থানীয় যুবসমাজের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সেক্রেটারি আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু।
এ সময় বক্তব্য দেন চর রুহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ, বিএনপি নেতা শাহজালাল রাজু, জামায়াত নেতা আবুল বাসার, হুমায়ুন কবির, চর রুহিতা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আবদুর রহমান রুপম এবং চর রুহিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তুহিন হোসেনসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তারা সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কার্যকর বাস্তবায়নের আহ্বান জানান।
এ ছাড়া প্রতিটি এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, দোকানে দোকানে জুয়া বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং জুয়া বিরোধী আইন কঠোরভাবে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।




