নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভাড়া বাসা থেকে ইসমাইল হোসেন ওরফে পিন্টু (৪২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সেনবাগ পূর্ব বাজার এলাকার সামছু মিয়ার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঋণ ও প্রতারণার কারণে পিন্টু পাশের ফেনী জেলা থেকে এখানে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। তিনি ফেনীর পশুরাম উপজেলার গুতমা গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিন্টু নিজের গ্রামের এলাকার মানুষের থেকে ঋণ ও প্রতারণা করে বেশকিছু অর্থ হাতিয়ে নেন। যে কারণে নিজেকে আড়াল করতে গত ১৫ জুন ফেনী থেকে গোপনে পালিয়ে এসে সেনবাগ পূর্ব বাজার এলাকায় সামছু মিয়ার একটি বাসা ভাড়া নেন। দুইদিন পর তিনি সেখানে বসবাস শুরু করেন। বাসার মালিক তার পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র চাইলে পরে দেবেন বলে জানালেও আর জমা দেননি।
বৃহস্পতিবার দুপুরে তিনি বাসার পাশের একটি হোটেলে খাবার খেয়ে বাসায় ফিরে আসেন। পরে রাত ১০টার দিকে দিকে বাসার মালিক ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে গিয়ে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখেন তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে ওই যুবকের মৃত্যু হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




