সিরাজগঞ্জের রায়গঞ্জে পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাঁত মালিক ও শ্রমিকরা। এ সময় তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শনিবার (২৭ জুন) দুপুরে রায়গঞ্জ পৌরসভার পূর্ব লক্ষ্মীকোলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তাঁত মালিক ও শ্রমিকরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানগড়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।
বিক্ষোভকারীরা লোডশেডিং বন্ধ করতে হবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে ইত্যাদি স্লোগান দেন। পরে তারা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়ে সমাবেশ শেষ করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে তাঁতকলে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় বন্ধ রাখতে হচ্ছে তাঁতকল। এতে মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং কমে যাচ্ছে শ্রমিকদের কাজের ক্ষেত্রও।
সমাবেশে পূর্ব লক্ষ্মীকোলা এলাকার তাঁত মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে মো. মোত্তাকি বলেন, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় তাঁতকলের উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। সময়মতো অর্ডারের কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। এতে মালিক-শ্রমিক সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা দ্রুত লোডশেডিং কমিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম বলেন, ‘বিদ্যুতের সমস্যায় শুধু তাঁতকল নয়, সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েছে। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন কাজও ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।’
এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলার পল্লী বিদ্যুতের ভূঁইয়াগাঁতী জোনাল অফিসের ডিজিএম মো. নিজামুল ইসলাম বলেন, বিক্ষোভের সময় আমি কার্যালয়ে ছিলাম না। তবে বিক্ষোভকারী মালিক ও শ্রমিকদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছি। তিনি বলেন, তাঁতকলের সংযোগ লাইনটি অনেক পুরনো হওয়ায় অধিকাংশ সময় নানা ত্রুটি দেখা দেয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায়।




