• ই-পেপার

শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে কমিটি

রাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ অফিসে ভাংচুর, ১৫ লাখ টাকা লুটের অভিযোগ

নোবিপ্রবি প্রতিনিধি
রাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ অফিসে ভাংচুর, ১৫ লাখ টাকা লুটের অভিযোগ
সংগৃহীত ছবি

রাজশাহীতে পারিবারিক বিরোধের জেরে ‘ম্যাংগো লাভার’ নামের একটি অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে নগদ ১৫ লাখ টাকার বেশি লুটের অভিযোগ রয়েছে। 

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে পবা উপজেলার নওহাটা কলেজ মোড়ে অবস্থিত ওয়ালটন শোরুমের চতুর্থ তলায় থাকা ‘ম্যাংগো লাভার’-এর কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগকারী ও প্রতিষ্ঠানটির মালিক পুষ্টিবিদ মুরাদ পারভেজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) খাদ্য প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগ থেকে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ‘ম্যাংগো লাভার’ নামে অনলাইনভিত্তিক আমের ব্যবসা পরিচালনা করছেন।

মুরাদ পারভেজের অভিযোগ, সাবেক কমিশনার পারভেজ ও তাঁর সহযোগীরা কার্যালয়ে হামলা চালিয়ে কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন। এ সময় তারা নগদ ১৫ লাখ টাকার বেশি নিয়ে যান বলেও তিনি দাবি করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাশেল ও আশিক নামের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার রাতে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে নওহাটা কলেজ মোড়ের ‘ম্যাংগো লাভার’ কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। হামলার সময় অফিসে কর্মরত সাকিব ও তামিম বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁদের ওপর চড়াও হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাঁদের লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে মারধর করা হয়। এতে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

দদ

স্বজন ও স্থানীয়দের দাবি, হামলায় তাঁদের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খবর পেয়ে পবা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। 

স্থানীয় সূত্র জানিয়েছে, ভুক্তভোগী পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

পাবনায় পদ্মার চরে বালু কাটা নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা
পাবনায় পদ্মার চরে বালু কাটা নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১
প্রতীকী ছবি

পাবনার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পদ্মার চরে বালু কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) সকালে ইউনিয়নের মধ্যচরের জোতকাকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জু শেখ (৪০) জোতকাকুরিয়া গ্রামের দারোগ আলী শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফের ভাতিজা এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর ভাতিজা।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে পদ্মার মধ্যচরে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবারও এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। শুক্রবার সকালে দুই পক্ষের লোকজন চরে গেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মঞ্জু শেখ নিহত হন।

সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ অভিযোগ করেন, চরতারাপুর ও ভাঁড়ারা এলাকার কিছু ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এতে বাধা দিতে গেলে তার ভাতিজাকে গুলি করে হত্যা করা হয়। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে কারা বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিল, সে বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।

অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান বলেন, বালু কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে মঞ্জু শেখ মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

চন্দনাইশে শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চন্দনাইশে শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
সংগৃহীত ছবি

চন্দনাইশে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের কাজের জন্য এ সময় বিদ্যুৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ লাইনের দুই পাশে ঝুঁকিপূর্ণ গাছ কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো— বাদশা পাড়া, দেয়াং পাড়া (আংশিক), কেরানী বাড়ি, মুনসেফ বাজার, বৃষ্টি পুকুর পাড়, চৌধুরী মার্কেট, পেশকার বাড়ি, নিধিরামপুর, মিজ্জির দোকান, বদুরপাড়া (আংশিক), ছগিরের দোকান, জিয়া খাল, দুল্লভ পাড়া, চন্দনাইশ পৌরসভা এলাকা, কাজিপাড়া, চন্দনাইশ থানা, চন্দনাইশ মেডিকেল কমপ্লেক্স, উপজেলা পরিষদ, ফায়ার সার্ভিস, নোয়াপাড়া ও গাছবাড়িয়া এলাকা।

চন্দনাইশ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢামেকে চিকিৎসাধীন ইথানের শরীরে এখনো গুলি, ১২ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
ঢামেকে চিকিৎসাধীন ইথানের শরীরে এখনো গুলি, ১২ জনের বিরুদ্ধে মামলা
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির ছাত্র ইথান আহমেদ প্রেমের (১২) শরীর থেকে এখনো গুলি বের করা সম্ভব হয়নি। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ইথানের বাবা ইউনুস মিয়া বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬ জনসহ মোট ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর পুলিশ শ্রাবণ নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

গুলিবিদ্ধ ইথান কুমিল্লা নগরীর কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবা ইউনুস মিয়া নগরীর সিটি শিশুপার্কের একটি রাইডে কর্মরত।

ইউনুস মিয়া জানান, ঘটনার পর প্রথমে ইথানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা গুলি বের করতে না পারায় রাতেই তাকে ঢামেকে পাঠানো হয়। একবার অপারেশন থিয়েটারে নেওয়া হলেও গুলি বের করা সম্ভব হয়নি। চিকিৎসকদের ভাষ্য, গুলিটি ফুসফুসের কাছাকাছি অবস্থান করায় ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞ সার্জন এসে অস্ত্রোপচার করবেন। তিনি ছেলের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ইথানের মা সোনিয়া বেগম বলেন, "আমার একমাত্র ছেলে মানববন্ধনে অংশ নেয়নি। স্কুলের বিরতির সময় বাসায় খাবার খেতে আসার পথে গুলিবিদ্ধ হয়। যারা এই নিরীহ শিশুকে গুলি করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বলেন, গুলিটি ফুসফুসের কাছাকাছি পৌঁছে যাওয়ায় সেখানে অস্ত্রোপচার করা ঝুঁকিপূর্ণ ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এদিকে কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ঘটনাটিকে হৃদয়বিদারক উল্লেখ করে বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ইথানের পরিবারের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় গত বুধবার রাত থেকে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে অপু ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কাঁটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদকবিরোধী মানববন্ধন করেন। এ সময় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত মানববন্ধনে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইথান গুলিবিদ্ধ হয়। এছাড়া আরো ৭ থেকে ৮ জন আহত হন।

ওসি তৌহিদুল আনোয়ার জানান, বৃহস্পতিবার গভীর রাতে দায়ের হওয়া মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।