• ই-পেপার

রাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ অফিসে ভাঙচুর, ১৫ লাখ টাকা লুটের অভিযোগ

চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন

সাভার (ঢাকা) প্রতিনিধি
চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন
ছবি : কালের কণ্ঠ

শিল্পাঞ্চল আশুলিয়ায় চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল এবং ফ্যাশন ডটকম লিমিটেড কারখানায় নিহত শ্রমিক এনামুল হকের পরিবারকে ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২৬ জুন) দুপুরে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নিহত শ্রমিকের পরিবারের সদস্যসহ শতাধিক শ্রমিক অংশ নেন। কর্মসূচি থেকে চার দফা দাবি তুলে ধরেন বক্তারা।

বক্তারা অভিযোগ করেন, ঈগল টেক্সটাইল লিমিটেড কারখানায় ন্যায্য দাবি-দাওয়া উত্থাপনের কারণে একাধিক শ্রমিককে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি শ্রমিকদের ওপর নানা ধরনের হয়রানি ও নির্যাতন চলছে। তারা অবিলম্বে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল, শ্রমিকদের বিরুদ্ধে হয়রানি বন্ধ, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এ ছাড়া গত ২২ জুন আশুলিয়ার ফ্যাশন ডটকম লিমিটেড কারখানায় নিহত শ্রমিক এনামুল হকের পরিবারের জন্য ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ, ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিও জানান তাঁরা। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধন থেকে ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে—নিহত শ্রমিকের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, শ্রম আইন অনুযায়ী তাঁর পরিবারকে ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ ও দাফন-কাফনের ব্যয় বহন, অতিরিক্ত ওভারটাইম ও দীর্ঘ কর্মঘণ্টার নামে অমানবিক চাপ বন্ধ করে মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করা এবং অসুস্থ শ্রমিকদের আইনগত ছুটি, প্রয়োজনীয় চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন আশুলিয়া থানা কমিটির সভাপতি মাসুদ রানা সুলতান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি মিজানুর রহমান মিজান, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি সাগর ইসলাম, বাংলাদেশ স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বকুল মিয়া, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনছুর আলীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

এ সময় বিভিন্ন কারখানার বিপুলসংখ্যক শ্রমিক, শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন।

দুই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর অফিস
দুই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
সংগৃহীত ছবি

যশোরে দুই কোটি একুশ লাখ টাকা মূল্যের ১৩ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবির সদস্যরা।

শুক্রবার (২৬ জুন) ভোর রাতে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত ব্যক্তির নাম সাহাব উদ্দিন সরদার। তার বাড়ি যশোরের শার্শা উপজেলার বেনাপোলের বালুন্ডা গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। আটককৃত ব্যক্তির কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৩ পিস স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৫৮ গ্রাম। যার বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক সেবনের অভিযোগে যশোরে ৪ যুবকের কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি
মাদক সেবনের অভিযোগে যশোরে ৪ যুবকের কারাদণ্ড
সংগৃহীত ছবি

যশোরের অভয়নগরে ইয়াবা সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে চার যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামের মৃত ফজলু গাজীর ছেলে শফিকুল ইসলাম (৪০), একই গ্রামের শহিদ মোল্যার ছেলে রুবেল মোল্যা (৩২), আলী বিশ্বাসের ছেলে খলিল উল্লাহ (১৮) এবং চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের তুষার রায়ের ছেলে মানবেন্দ্র রায় (২৭)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, শুক্রবার দুপুরে হিদিয়া ও চলিশিয়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শফিকুল ইসলাম, রুবেল মোল্যা ও খলিল উল্লাহকে ১৫ দিনের এবং মানবেন্দ্র রায়কে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘ইয়াবা সেবনের পর জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।’

শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দে অতীতের সব সরকারকে পেছনে ফেলেছে বর্তমান সরকার : আমানউল্লাহ

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দে অতীতের সব সরকারকে পেছনে ফেলেছে বর্তমান সরকার : আমানউল্লাহ
ছবি: কালের কণ্ঠ

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান বলেছেন, শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দে বর্তমান সরকার অতীতের সব সরকারকে পেছনে ফেলেছে।

শুক্রবার (২৬ জুন) সকালে কেরানীগঞ্জ উপজেলার পুরাতন ভাড়ালিয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষা খাতকে দক্ষ মানবসম্পদ গঠনের প্রধান মাধ্যম হিসেবে বিবেচনা করে সরকার এ খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং কর্মমুখী শিক্ষা সম্প্রসারণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ, স্কুলড্রেস ও উপবৃত্তিসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে।

কেরানীগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ভূমিদস্যুমুক্ত ও চাঁদাবাজমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি হাজী শামীম হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান।  এছাড়া বিএনপি নেতা আমান উল্লাহ মন্টু, মাসুদ রানাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।