• ই-পেপার

টঙ্গীতে বিশেষ অভিযানে ১৮ জন গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফরিদপুরে সেনা মোতায়েন

ফরিদপুর প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফরিদপুরে সেনা মোতায়েন
ছবি : কালের কণ্ঠ

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে (২৩ জুন) কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 

আজ সোমবার (২২ জুন) সন্ধ্যায় সেনাবাহিনীর একটি দল ফরিদপুরে এসে দায়িত্ব গ্রহণ করে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেনের নেতৃত্বে ১৫ আরই ব্যাটালিয়নের ১২৫ জন সেনা সদস্য ফরিদপুরে মোতায়েন করা হয়েছে। তারা আগামী এক সপ্তাহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান করে আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থাকে সহায়তা করবে।

জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় দেশের কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। এর অংশ হিসেবেই ফরিদপুরে এ বাহিনী মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এক সপ্তাহের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ সময় তারা আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।’

প্রশাসন সূত্র জানায়, জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমপূর্ণ এলাকা ও কৌশলগত পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনীর টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিস্থিতি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড
ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৯ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের মোট ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। পরে সন্ধ্যায় দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার উত্তর বাজার এলাকার মনু মিয়ার ছেলে মো. সজিব মিয়া (২০), উত্তর মনিকুড়া গ্রামের সুলতানের ছেলে মো. ইব্রাহীম (২৪), একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাকির হোসেন (২৩), জুগলী ইউনিয়নের সংড়া বাজার এলাকার বাদল মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৯), পৌরশহরের মনিকুড়া গ্রামের কাশেমের ছেলে সরোয়ার (২৬), লক্ষ্মিকুড়া গ্রামের মতিনের ছেলে মাসুদ (৩০), একই গ্রামের শামসুলের ছেলে রাসেল (৪৫), মৃত হোসেন আলীর ছেলে আকিকুল (৩৯) এবং পশ্চিম গোবরাকুড়া গ্রামের তারা মিয়ার ছেলে জাকারিয়া (২৭)।

আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের এ দণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, ‘উপজেলায় মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

হাসপাতালকে নিরাপদ আশ্রয় বানিয়ে ইয়াবা লেনদেনের চেষ্টা, দম্পতি আটক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
হাসপাতালকে নিরাপদ আশ্রয় বানিয়ে ইয়াবা লেনদেনের চেষ্টা, দম্পতি আটক
সংগৃহীত ছবি

কক্সবাজার জেলা সদর হাসপাতালকে ব্যবহার করে ইয়াবার চালান হাতবদলের চেষ্টাকালে ১৭ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রবিবার (২১ জুন) রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার আয়েশা (২৭) ও তার স্বামী জাগির হোসেন (৩০)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, জেলা সদর হাসপাতালকে নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করে ইয়াবার একটি বড় চালান হাতবদলের পরিকল্পনা করা হয়েছে বলে গোপন তথ্য পায় পুলিশ। এ তথ্যের ভিত্তিতে হাসপাতাল এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল।

তিনি বলেন, ‘টেকনাফ থেকে সিএনজিযোগে আসা সন্দেহভাজন স্বামী-স্ত্রীকে হাসপাতাল এলাকায় আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফরিদ নামের হাসপাতালের একজন ভর্তি রোগীর কাছে ইয়াবার চালানটি পৌঁছে দেওয়ার কথা ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরিদ নামের ওই ব্যক্তি পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নান্দাইলে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

ময়মনসিংহ প্রতিনিধি
নান্দাইলে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
ছবি : কালের কণ্ঠ

‘রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মফিজুল ইসলাম।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন অধ্যাপক তফিল উদ্দিন মণ্ডল। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু তাহের সাগর, মাহবুবুল আলম এবং সাংবাদিক রমেশ কুমার পার্থ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মোট পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছয়টি বিষয়ের ওপর বিতর্কে অংশগ্রহণ করে।

চূড়ান্ত পর্বে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় দল প্রথম স্থান অর্জন করে এবং নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয় দল দ্বিতীয় স্থান লাভ করে।

বিজয়ী দলের বিতার্কিকরা ছিলেন ইসরাত জাহান ইভা (দলনেতা), মানজানা আক্তার স্মৃতি ও সামিয়া তামাসসুম। রানারআপ দলের সদস্যরা ছিলেন সানজিদা জাহান তৃষা (দলনেতা), আফিয়া তাহসিনা ও ফামিতা জাহান তোহ্হা। এ ছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সানজিদা জাহান তৃষা।