কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সঙ্গে তুরস্কের তোকাত গাজি উসমানপাশা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচির (এমওইউ) আওতায় ‘ভিজিটিং স্কলার প্রোগ্রাম (ভিএসপি)’-এর জন্য চূড়ান্তভাবে ৫ জনকে নির্বাচিত করা হয়েছে।
সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচিতদের মধ্যে রয়েছে দুজন শিক্ষক ও ৩ জন শিক্ষার্থী। তারা হলেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক আকিলা রুবায়াত, সিএসই বিভাগের বিভাগের পিএইচডি শিক্ষার্থী মো. মোজাম্মেল হক, লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাসান, অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইনুদ্দিন হাসান।
এ বিষয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাইনুদ্দিন হাসান বলেন, ‘ভিজিটিং স্কলার প্রোগ্রামের জন্য নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। এটি আমার একাডেমিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আমার শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার দোয়া কামনা করছি যাতে এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে পারি।’
এ ছাড়া ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার বলেন, ‘ভিজিটিং স্কলার প্রোগ্রামের জন্য নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত। এটি একটি গবেষণাভিত্তিক প্রোগ্রাম, তাই আমি আবেদন করেছিলাম। তবে যেহেতু এটি দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে, তাই এতে যোগদান অনেকটাই নির্ভর করছে বিশ্ববিদ্যালয় থেকে কতটুকু সহায়তা পাই তার ওপর।’
এ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান বলেন, ‘দুই মাসব্যাপী এ প্রোগ্রামের জন্য পাঁচজন শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। তাদের থাকা-খাওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করবে তোকাত বিশ্ববিদ্যালয়। তবে পাসপোর্টসহ অন্যান্য প্রয়োজনীয় খরচ অংশগ্রহণকারীদের নিজস্বভাবে বহন করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে কোনো আর্থিক সহায়তা দেওয়া হবে না।’
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও তুরস্কের তোকাত গাজি উসমানপাশা বিশ্ববিদ্যালয়ের মধ্যকার সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় এই ভিজিটিং স্কলার প্রোগ্রাম। কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের আবাসন ও খাদ্যের ব্যবস্থা করবে তুরস্কের বিশ্ববিদ্যালয়টি।




