কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে পৌঁছেছে সেনাবাহিনী। এছাড়া জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার (২২ জুন) থেকে আগামী ৩০ জুন (মঙ্গলবার) পযর্ন্ত জেলায় সেনাবাহিনী মোতায়েন থাকার কথা রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গোপালগঞ্জসহ দেশের ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের সেনানিবাস থেকে সেনাবাহিনী সদস্যরা গোপালগঞ্জে এসে পৌঁছায়। তবে এই সেনাবাহিনী দলে কত প্লাটুন বা কতজন সেনাসদস্য রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে জেলার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে পুলিশ। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ সেনাবাহিনী পৌছানোর বিষয়টি নিশ্টিত করে বলেন, ‘গোপালগঞ্জে যেন কোন ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে সেই জন্য আমরা সর্বদা সজাগে রয়েছি।’




