• ই-পেপার

যমজ কন্যাসন্তান নয়, পারিবারিক বিরোধেই তালাক : স্বামীর দাবি

বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

রবিবার (২১ জুন) দুপুরে নগরের বগুড়া রোড এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলকারীরা নগরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা ‘শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’—এ ধরনের স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীদের বহন করা ব্যানারে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর ছবি ছিল।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা সেখান থেকে পালিয়ে যান।

ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে মুসা ফকির নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুসা ফকির (৬০) ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে গরুর জন্য মাঠে ঘাস কাটতে যান মুসা ফকির। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিস ডা. নাহিদ দুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই মুসা ফকিরের মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের প্রথম ‘ক্যাশলেস’ কারাগার মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
দেশের প্রথম ‘ক্যাশলেস’ কারাগার মুন্সীগঞ্জ
সংগৃহীত ছবি

আধুনিক কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট কারাপ্রযুক্তির নতুন যুগে পদার্পণ করল বাংলাদেশ। প্রতিশ্রুতি মোতাবেক দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু হয়েছে মুন্সীগঞ্জ জেলা কারাগারে। এই নতুন পদ্ধতিতে কারাগারে বন্দিদের সব ধরনের আর্থিক লেনদেন সম্পূর্ণ ডিজিটাল ও নগদ টাকাবিহীন (ক্যাশলেস) করা হয়েছে। 

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেনের পরিকল্পনা ও নির্দেশনায় এই আধুনিকায়ন কার্যক্রম শুরু হয়েছে। কারিগরি সহযোগিতায় রয়েছে উদ্ভাবনী প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ডিকোড ল্যাব’ এবং কারা অধিদপ্তরের ‘প্রিজন্স আইসিটি সেল’। এই উদ্যোগের ফলে কারাগারে দুর্নীতি ও অনিয়ম রোধ হবে, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পাবে এবং বন্দিদের অর্থের শতভাগ নিরাপত্তা নিশ্চিত হবে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক ও সুরক্ষিত এই ডিজিটাল ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে কারাগারে বন্দিদের অবস্থান সহজেই শনাক্ত করা যাবে। একই সঙ্গে আরএফআইডি বন্দি ওয়ার্ডে ডিজিটাল পদ্ধতিতে বন্দিদের নির্ভুল গণনা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। 

নতুন এই ক্যাশলেস নিয়মে, বন্দিদের আত্মীয়-স্বজনরা কারাগারে এসে তাদের জন্য যে অর্থ দিবেন, তা সরাসরি ভার্চুয়ালি বন্দির নির্দিষ্ট হিসাবে (অ্যাকাউন্ট) জমা হবে। এরপর বন্দিরা তাদের অনুকূলে থাকা আরএফআইডি কার্ডের মাধ্যমে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বা খাদ্যসামগ্রী কেনাকাটা করতে পারবেন। এর ফলে কারাগারের ভেতরে বন্দি বা কর্মীদের মাঝে কোনো ধরনের নগদ টাকার (ক্যাশ) লেনদেন হবে না। একই সঙ্গে বন্দিদের সঠিক অবস্থান ও নিরাপত্তা তদারকি আরো জোরদার হবে। 

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্মীয়-স্বজনরা কারাগারে বন্দির জন্য টাকা নিয়ে আসবেন। দায়িত্বরত কর্মকর্তা টাকা গ্রহণ ও হিসাবভুক্ত করে বন্দির কার্ডে যুক্ত করবেন। সংগৃহীত নগদ টাকা সরাসরি ব্যাংকে জমা করা হবে। বন্দির অ্যাকাউন্টে বা আইডি কার্ডে ভার্চুয়াল ব্যালেন্স ক্রেডিট হবে। বন্দিরা এই কার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করে ক্যান্টিন থেকে খাবার ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। জামিনে মুক্তির পর যদি বন্দির অ্যাকাউন্টে কোনো টাকা অবশিষ্ট থাকে, তবে তা অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং (বিকাশ/রকেট/নগদ ইত্যাদি) এজেন্টের মাধ্যমে বন্দিকে ফেরত দেওয়া হবে।

এনায়েত উল্ল্যাহ আরো বলেন, জেলা কারাগারকে প্রযুক্তিতে এগিয়ে নিতে এবং মানবিক ও আধুনিক ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ক্যাশলেস কারাগার হিসেবে গড়ে তোলা হয়েছে। এটি কারাগারের ভেতরে সম্পূর্ণ নিরাপদ লেনদেন, স্বচ্ছ হিসাব ও আধুনিক সেবা নিশ্চিত করবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও এই মডেল বাস্তবায়ন করা হতে পারে।

কুমিল্লায় অটোরিকশার লোভে চালককে হত্যা, গ্রেপ্তার ২

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় অটোরিকশার লোভে চালককে হত্যা, গ্রেপ্তার ২
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার মুরাদনগরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মাহবুব আলম ওরফে মাসুমকে হত্যা করার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডের পর ছিনিয়ে নেওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

রবিবার (২১ জুন) বিকেলে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ জানায়, গত শনিবার বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকার একটি ঝোপ থেকে মাহবুব আলমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি গকুলনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুই যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মাহবুব। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে।

হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্তে নামলে দাউদকান্দি উপজেলার দক্ষিণ টিলি গ্রামের নাঈম ইসলামকে (২৩) গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরমান সরকার (২০) নামের আরো এক যুবককে আটক করা হয়। একই সঙ্গে ছিনিয়ে নেওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মাহবুব আলমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।