বরিশালে গ্রেপ্তারের ভয়ে পালাতে গিয়ে সড়কের পাশে দেয়ালে আঘাত পেয়ে রাশেদ খান মেনন নামের এক কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় বরিশাল নগরীর ১ নং ওয়ার্ডের কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ খান মেনন কাউনিয়া এলাকার হেমায়েত হোসেন খানের ছেলে ও বরিশাল মহানগর এর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জানান, বিকেল ৩টার দিকে রাশেদ খানের বাসা পুলিশ ঘেরাও করে। তখন তিনি বাসার পেছনে কবরস্থানে পালায়। পুলিশ সেখানে গিয়ে গেলে তিনি দেয়াল টপকিয়ে পাশের এক বাসায় অবস্থান নেন। ওই বাসা ও পুলিশ ঘেরাও করলে তখন তিনি সেখান থেকে দৌড়ে পালাতে গিয়ে রাস্তার ওপর পড়ে যান। এ সময় পাশের দেয়ালে মাথায় আঘাত খেয়ে তার মৃত্যু হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ কালের কণ্ঠকে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের ভয়ে পালাতে গিয়ে তার মৃত্যু হয়।’




