• ই-পেপার

কন্যাশিশুকে ধর্ষণের মামলার পর বাড়ি ছাড়া ভুক্তভোগী পরিবার

আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন : বিরোধীদলীয় নেতা

খুলনা অফিস
আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন : বিরোধীদলীয় নেতা
ছবি: কালের কণ্ঠ

যুবসমাজের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আপনারা ফ্যাসিবাদকে বিদায় করেছেন। এখন নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে প্রয়োজন হলে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন।

শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সংসদে এ বিষয়ে সমাধান না হলে দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের কাছে গিয়ে আমাদের অবস্থান তুলে ধরব। যেখানে কথা বলতে স্পিকারের অনুমতি প্রয়োজন হয় না, সেখানে আমরা জনগণের সঙ্গে কথা বলব। 

বিরোধীদলীয় এই নেতা বলেন, দেশের মানুষ বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশায় পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু জনগণের সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। তিনি অভিযোগ করেন, অতীতে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ ও দুর্বল করার মাধ্যমে জনগণের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।

ড. শফিকুর রহমান বলেন, আমরা দেশে কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও আধিপত্যবাদের কাছে মাথা নত করব না।

সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রশ্নে দেশের জনগণ ও আইন-শৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করবে। কোনো বিদেশি আধিপত্য বা আগ্রাসনের সামনে বাংলাদেশ মাথা নত করবে না। 

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্নেল (অব.) ড. অলি আহমদ এবং মাওলানা মামুনুল হক।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটে জনগণ যে সংস্কার প্রস্তাবের পক্ষে মত দিয়েছে, সরকার তা বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর সরকার তা থেকে সরে এসেছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সংসদ এবং রাজপথ-উভয় জায়গায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন চলবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত ১১ দলীয় জোট কর্মসূচি অব্যাহত রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে অলি আহমদ বলেন, ১১ দলীয় ঐক্যের লক্ষ্য বৈষম্য, দারিদ্র্য, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তোলা। তিনি অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের পথে নানা রাজনৈতিক বাধা সৃষ্টি করা হচ্ছে।

মাওলানা মামুনুল হক বলেন, জুলাই সনদ ও গণভোটের প্রশ্নে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তার দাবি, গণভোটে ‘না’ ভোটের পক্ষে বিএনপি প্রচারণা চালিয়েছে। তিনি বলেন, জনগণের ভোটে প্রদত্ত সংস্কারমুখী ম্যান্ডেট বাস্তবায়ন করা রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়িত্ব।

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই—রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা’র সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন, বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোবারক হোসাইন, জামায়াতের খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি এবং মাওলানা আবুল কালাম আজাদ এমপি।

ছাতকে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা
ছবি : কালের কণ্ঠ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইন-শৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) কলিম উদ্দিন আহমেদ মিলন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, বিএনপি নেতা ও ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডা. আফসার উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর আতাউর রহমান সজিব এবং উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিন উদ্দিন পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী গীতা পাঠ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ‘মাদকের ভয়াবহতা এবং এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।’

তিনি আরো বলেন, ‘সকলের সহযোগিতায় ছাতক শহর, গোবিন্দগঞ্জ বাজার, জাউয়াবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও প্রচারণা কর্মসূচি পরিচালনা করা হবে। প্রথম পর্যায়ে এ কর্মসূচি ছাতক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে শুরু করা হবে।’

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার ফজলুল করিম বকুল, উপজেলা খাদ্য কর্মকর্তা বিনয় কুমার দেব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রহিছ উদ্দিন, উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন, জয়দেব চন্দ্র দেবনাথসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় জহুরুল আনোয়ার নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকালে ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া এলাকার নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জহুরুল আনোয়ার  (৭৫) ওই এলাকার মৃত ফজল করিমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমাতে যান জহুরুল আনোয়ার। রাতের কোনো এক সময় তিনি ঘরের সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেন। সকালে পরিবারের লোকজন সিঁড়ির রেলিংয়ের সঙ্গে তার নিথর দেহ ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এসে থানায় খবর দিলে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান,  প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

৫৪ বছরের মধ্যে এবার সবচেয়ে ভালো বাজেট দিয়েছে সরকার : হুইপ দুলু

নাটোর প্রতিনিধি
৫৪ বছরের মধ্যে এবার সবচেয়ে ভালো বাজেট দিয়েছে সরকার : হুইপ দুলু
ছবি: কালের কণ্ঠ

বিএনপি যখনই ক্ষমতায় এসেছে শিক্ষাবান্ধব বাজেট দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরের মধ্যে এবার সবচেয়ে ভালো বাজেট দিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এই বাজেট দেশের কৃষক-শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণের বাজেট। 

শনিবার (২০ জুন) বিকেলে নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত গুণীজন সংবর্ধনা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার পর থেকেই দেশের শিক্ষক, জ্ঞানীগুণী ও বুদ্ধিজীবী শ্রেণিকে সম্মানিত করেছে।

বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, সাবেক প্রশাসক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, গুণীজন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শফীউল হাসান তিতু, সদস্যসচিব রাশিদুল ইসলাম ও মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও প্রাচ্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুস সাত্তারকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। 

এ সময় নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, বিএনপি নেতা দেওয়ান শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।