ফরিদপুরের চরভদ্রাসনে বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মিন্টু পাট্টাদার (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু পাট্টাদার গাজিরটেক ইউনিয়নের পাট্টাদার গ্রামের জামিল পাট্টাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কের বাবলাতলা এলাকায় একটি মাদরাসার পাশে বালু ফেলে যাওয়ার সময় রেজিস্ট্রেশনবিহীন একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মিন্টু পাট্টাদারের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ঢালে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে চরভদ্রাসন থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
ঘটনার পর ট্রাকচালক আবির হোসেনকে (২১) আটক করেছে পুলিশ। তিনি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার বড় মাধবপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। দুর্ঘটনায় জড়িত বালুবাহী ডাম্প ট্রাকটিও জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ট্রাকচালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




