• ই-পেপার

‘ব্রাজিলের গায়ে গন্ধ, তাই দুধ দিয়ে গোসল করে তা ধুয়ে ফেলেছি’

ব্রাজিলের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে প্রাণ গেল সমর্থকের

ভোলা প্রতিনিধি
ব্রাজিলের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে প্রাণ গেল সমর্থকের

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিলের শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামের এক সমর্থক নিহত হয়েছেন। 

আজ শনিবার (১৩ জুন) বিকেল সোয়া ৫টার দিকে বোনহানউদ্দিন উপজেলার দৌলতখান রাস্তার মাথায় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সবুজ নামের আরেক পধচারী আহত হয়েছেন। নিহত ইসমাইল উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামের চকিদারবাড়ির মো. মাকসুদের ছেলে।

স্থানীয় সূত্র জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে বিকেল ৪টার দিকে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ নিতে কাচিয়া ইউনিয়নের চকঢোষ থেকে মোটরসাইকেলে বোরহানউদ্দিনের দিকে রওনা করেন ইসমাইল। এ সময় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান রাস্তার মাথা এলাকায় এলে বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সবুজ নামের এক পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত সবুজকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শোভাযাত্রাটি সাময়িক স্থগিত করেছে আয়োজকরা।

বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর জানান, খবর পেয়ে তারা হাসপাতাল গিয়েছেন। তবে নিহতের মরদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। খোঁজখবর নিয়ে পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম
ছবি : কালের কণ্ঠ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তিনটি গ্রাম আকস্মিক পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। গতকাল শুক্রবার (১২ জুন) রাত থেকে শুরু হওয়া ঢলে ভান্ডারুয়া, জামালপুর ও এক্তিয়ারপুর গ্রামের শত শত পরিবার চরম দুর্ভোগে পড়েছে। 

সরেজমিন দেখা যায়, ওই তিন গ্রামের রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাতারাতি পরিস্থিতির অবনতি ঘটে। তিনটি গ্রামের বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় যোগাযোগব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং নিরাপদ স্থানে সরে যেতেও পারছে না।

পাহাড়ি ঢলের পানিতে কয়েক শ একর আউশ ধান, মৌসুমি শাক-সবজি এবং গবাদি পশুর খাদ্যও নষ্ট হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি কাঁচা ও মাটির তৈরি বসতঘর সম্পূর্ণভাবে ভেঙে ভূমিধস হয়েছে। 

এক্তিয়ারপুর গ্রামের কৃষক সুন্দর আলী বলেন, ‘আমার ঘরে পানি উঠেছে। রাস্তায় হাঁটুর ওপরে পানি। ফলে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ এমনকি তিনিসহ স্থানীয় কৃষকদের বিভিন্ন ফসলও পানিতে তলিয়ে গেছে বলে জানান তিনি।

জামালপুর গ্রামের বাসিন্দা হুমায়ূন কবীর বলেন, ‘আকস্মিক এই বন্যায় সারা গ্রামে পানি এসেছে। আমরা সবাই ঘরবন্দি হয়ে পড়েছি। গবাদিপ শুসহ আমাদের ফসল নষ্ট হয়েছে।’

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করে স্থানীয় সংসদ সদস্য এস এম ফয়সলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘অতি তাড়াতাড়ি যেন তাদের গ্রাম পরিদর্শন করে ত্রাণ দেওয়া হয়।’

শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ চৌধুরী শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত সরকারি উদ্যোগ প্রয়োজন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ত্রাণ বা উদ্ধার কার্যক্রম শুরু হয়নি। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।’

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, ‘আমি ইতিমধ্যে বিষয়টির খোঁজখবর নিয়েছি। আসলে ভারি বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে বাড়িঘরে পানি উঠেছে। যদি কারো মানবিক সহায়তা প্রয়োজন হয়, তাহলে আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দ্রুত তাদের কাছে পৌঁছে দেব। ইতিমধ্যে পিআইও এবং উপজেলা প্রশাসন ওই এলাকাগুলো পরিদর্শন করেছেন। তবে বর্তমানে ওই এলাকাগুলো থেকে ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে।’

গোয়ালঘরে মিলল ১০ লাখ শলাকা ‘নকল’ ডারবি সিগারেট, অতঃপর...

বাগেরহাট প্রতিনিধি
গোয়ালঘরে মিলল ১০ লাখ শলাকা ‘নকল’ ডারবি সিগারেট, অতঃপর...

বাগেরহাটের মোরেলগঞ্জে গোয়ালঘর থেকে প্রায় ১০ লাখ ‘নকল’ ডারবি সিগারেট ও বিভিন্ন ধরনের চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামে অবস্থিত ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ সংলগ্ন একটি গোয়ালঘরে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বাগেরহাট জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, অভিযানে প্রায় ১০ লাখ শলাকা নকল ডারবি সিগারেট এবং সিগারেট তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল উদ্ধার করা হয়েছে। একই সময়ে সিগারেট তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ ও চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়।

গ্রীন বাংলা টোবাকোর মালিক সোমনাথ দে বলেন, গত বছরের আগস্টের পর বাগেরহাটের বাধাল এলাকায় অবস্থিত আমার কারখানা থেকে কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি ও সিগারেট তৈরির বিভিন্ন মালামাল চুরি হয়ে যায়। পুলিশের অভিযানে সেই চোরাই মালামালের কিছু অংশ উদ্ধার হয়েছে। আরো মালামাল উদ্ধারের আশা প্রকাশ করেন তিনি।   

ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর বিক্রয় এজেন্ট মাসুদ করিম টিটু অভিযোগ করেন, ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের মালিক বদরুল আলম ভদ্দর দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর ডারবি ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি ও বাজারজাত করে আসছেন। অভিযানে উদ্ধার হওয়া সিগারেটগুলোও নকল ডারবি বলে দাবি করেন তিনি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গ্রীন বাংলা টোবাকোর মালিক সোমনাথ দের কারখানা থেকে কয়েক মাস আগে সিগারেট তৈরির মেশিনসহ বিপুল পরিমাণ মালামাল চুরি হয়। এ ঘটনায় তিনি বাগেরহাট আদালতে মামলা করলে আদালত চোরাই মালামাল উদ্ধারের নির্দেশ দেন। সেই নির্দেশনার ভিত্তিতে শনিবার ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ক্রাউন টোব্যাকোর মালিক বদরুল আলম ভদ্দর কিংবা প্রতিষ্ঠানের কোনো কর্মচারীকে পাওয়া যায়নি। কারখানায় তালা ঝুলিয়ে সবাই সরে যায় এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নারায়ণগঞ্জে লেকে গোসল করতে নেমে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে লেকে গোসল করতে নেমে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।

নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে মো. রাশেদুজ্জামান (২২), নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকার বাসিন্দা আকরামের ছেলে মো. গালিব (১৮) এবং তার মেয়ে মোসা. সুরাইয়া (১২)। তারা বর্তমানে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় অ্যাডভোকেট জালালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।

জানা গেছে, বিকেল ৪টার দিকে তারা তিন জন ডিএনডি লেকে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার স্টেশনের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে বিকেল ৫টার দিকে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গালিব তার বাবা আকরামের সঙ্গে ভ্যানে করে এলাকায় সবজি বিক্রি করত। রাশেদুজ্জামান ছিল আকরামের মেয়ের স্বামী। তিনি কর্মসংস্থানের খোঁজে সম্প্রতি সিদ্ধিরগঞ্জে এসেছিলেন।

আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, ডিএনডি লেকে ৩ জন নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করি। প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযান শেষে তিনজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।